২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্কের ১০ লাখ স্যাটেলাইট প্রকল্পে রাতের আকাশ নষ্ট হওয়ার শঙ্কা

স্পেসএক্সকে ১০ লাখ স্টারমাইন্ড স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে এফসিসি। এ সংখ্যা বর্তমানে পৃথিবীর কক্ষপথে সক্রিয় থাকা মোট স্যাটেলাইটের প্রায় ৬০ গুণ।

মাস্কের ১০ লাখ স্যাটেলাইট প্রকল্পে রাতের আকাশ নষ্ট হওয়ার শঙ্কা

এত বড় আকারের স্যাটেলাইট নেটওয়ার্কের ক্ষেত্রে সংঘর্ষের ঝুঁকি ও মহাকাশ বর্জ্য নিয়ে উদ্বেগ তৈরি হবে। ছবি: নাসা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 04:07 PM

Updated : 28 Nov 2026, 04:07 PM

পৃথিবীর কক্ষপথে সক্রিয় থাকা স্যাটেলাইটের দুই-তৃতীয়াংশই ইলন মাস্কের নিয়ন্ত্রণে। এবার মার্কিন নিয়ন্ত্রক সংস্থা স্পেসএক্স’কে আরও ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দেওয়ায় মহাকাশে তার একচ্ছত্র আধিপত্য আকাশচুম্বী হতে চলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, ‘স্টারমাইন্ড’ নামের প্রকল্পটিকে ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার সামনে স্পেসএক্সের বর্তমান ১১ হাজার স্যাটেলাইটের ‘স্টারলিংক’ নেটওয়ার্কও নিতান্তই ক্ষুদ্র।

প্রকল্পটিকে ‘সেন্টিয়েন্ট সান’ হিসেবে বর্ণনা করেছেন মাস্ক, যা সূর্যের আলো ব্যবহার করে কক্ষপথে থাকা ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ সরবরাহ করবে ও এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রসেসিং সক্ষমতা জোগাবে।

বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি স্পেসএক্সকে ১০ লাখ স্টারমাইন্ড স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে। এই সংখ্যা বর্তমানে পৃথিবীর কক্ষপথে সক্রিয় থাকা মোট স্যাটেলাইটের প্রায় ৬০ গুণ।

এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার ‘স্টারমাইন্ড’কে কম্পিউটিং অবকাঠামোর জন্য ‘সাহসী নতুন দিগন্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

তবে প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যামাজন এটাকে ‘বাস্তবসম্মত পরিকল্পনার চেয়ে আকাশকুসুম উচ্চাকাঙ্ক্ষা’ বলে মন্তব্য করেছে।

অনুমোদনের ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাস্ক বলেছেন, এ প্রকল্প ‘যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বড় সম্পদ’ হয়ে উঠবে।

নিয়ন্ত্রক সংস্থার এই অনুমোদন মাস্ক ও স্পেসএক্সের জন্য বড় বিজয় হলেও প্রকল্পটির সামনে বিশাল প্রকৌশলগত, আর্থিক ও পরিবেশগত বাধা রয়েছে।

পাশাপাশি, মহাকাশ অবকাঠামোর ওপর একজন ব্যক্তির ঠিক কতটুকু নিয়ন্ত্রণ থাকা উচিত সেই প্রশ্নও সামনে এসেছে।

মাস্কের দাবি, কেবল ভূপৃষ্ঠে অবস্থিত ডেটা সেন্টারগুলোর মাধ্যমে এআইয়ের বড় কম্পিউটিং চাহিদা মেটানো সম্ভব নয়।

কম্পিউটার ব্যবস্থা কক্ষপথে স্থানান্তরের মাধ্যমে পৃথিবীর জ্বালানি সীমাবদ্ধতা সমাধানের এই উচ্চাকাঙ্ক্ষায় মাস্ক একা নন।

এনভিডিয়া সমর্থিত ‘স্টারক্লাউড’, জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’, গুগলের ‘প্রজেক্ট সানক্যাচার’ ও চীনা প্রযুক্তি জায়ান্ট ‘বাইডু’ সবাই কক্ষপথে ডেটা সেন্টার স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে।

এফসিসি নির্ধারিত ২০৪০ সালের সময়সীমার মধ্যে স্টারমাইন্ড যদি এর অনুমোদিত পূর্ণ সক্ষমতায় পৌঁছায় এবং প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানিও তাদের লক্ষ্য অর্জন করে তবে মহাকাশের মোট স্যাটেলাইটের ৮০ শতাংশের বেশি থাকবে স্পেসএক্সের নিয়ন্ত্রণে।

স্পেসএক্সের বর্তমান উৎক্ষেপণ সক্ষমতা ‘ফ্যালকন ৯’ রকেটের ওপর নির্ভরশীল, যা ব্যবহার করে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ লাখ স্যাটেলাইট কক্ষপথে পাঠানো আর্থিকভাবে ও বাস্তবিকভাবে অসম্ভব।

সাম্প্রতিক বছরগুলোতে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের হারের ক্ষেত্রে সব রেকর্ড ভেঙে দিয়ে কোম্পানিটির সক্ষমতা প্রমাণ করেছে।

তবে ‘স্টারমাইন্ড’-এর লক্ষ্য পূরণ করতে হলে স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের ‘স্টারশিপ’ রকেটের পূর্ণাঙ্গ উন্নয়ন প্রয়োজন হবে।

আট বছর ধরে সক্রিয় উন্নয়ন কাজ চলার পরও বিশ্বের সবচেয়ে বড় রকেটটি এখন পর্যন্ত মাত্র দুবার কক্ষপথে পৌঁছাতে পেরেছে।

ভূপৃষ্ঠে ডেটা সেন্টার চালানো কোম্পানিগুলোর কেউ কেউ এতটা উচ্চাভিলাষী প্রকল্প আদৌ বাস্তবায়নযোগ্য কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক আইনি পরামর্শক কোম্পানি ‘সিমন্স অ্যান্ড সিমন্স’-এর ‘গ্লোবাল ডেটা সেন্টার্স অ্যান্ড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার’ বিভাগের যৌথ প্রধান ব্যারি গ্রস বলেছেন, “ডিজিটাল অবকাঠামোর বিবর্তনে আমরা এমন এক অসাধারণ পর্যায়ে পৌঁছেছি যে, কক্ষপথে ডেটা সেন্টার উৎক্ষেপণকে গুরুত্ববহ বাণিজ্যিক প্রস্তাব হিসেবে বিবেচনা করা হচ্ছে।

“তবে পৃথিবীর পরিকল্পনাগত ও বিদ্যুৎ সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার মানে এই নয় যে অবকাঠামোর মৌলিক অর্থনীতিকে এড়িয়ে যাওয়া যাবে। মহাকাশে কুলিং, সংযোগ, রক্ষণাবেক্ষণ, নির্ভরযোগ্যতা ও ব্যয় সংক্রান্ত নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে। সেই সঙ্গে সম্পূর্ণ নতুন নিয়ন্ত্রক ও আইনি দায়বদ্ধতার বিষয়গুলো তো আছেই।

“এফসিসির অনুমোদন একটি অনুমান বা হাইপোথিসিস পরীক্ষা করার অনুমতি মাত্র। এটা এই নিশ্চয়তা দেয় না যে প্রযুক্তিটি বা এর অর্থনৈতিক কাঠামো কাজ করবে।”

প্রকল্পটি সফল হলেও এত বড় আকারের স্যাটেলাইট নেটওয়ার্কের ক্ষেত্রে সংঘর্ষের ঝুঁকি ও মহাকাশ বর্জ্য নিয়ে উদ্বেগ তৈরি হবে।

স্পেসএক্সের স্টারমাইন্ড আবেদনের বিরোধিতা করে ‘আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ বা এএএস সতর্ক করে বলেছে, এটা সংঘর্ষ এড়ানোর ব্যবস্থাপনার ওপর নজিরবিহীন চাপ তৈরি করবে।

৭৫ মিটার প্রশস্ত স্টারমাইন্ড স্যাটেলাইটগুলোর কোনো একটির সঙ্গে সংঘর্ষ ঘটলে তা ‘কেসলার সিনড্রোম’ নামে পরিচিত পরিস্থিতির সূচনা করতে পারে, যেখানে একটি সংঘর্ষের ফলে ধারাবাহিকভাবে অন্যান্য স্যাটেলাইটের সঙ্গেও সংঘর্ষ ঘটতে থাকে।

এমন ঘটলে পৃথিবীর নিম্ন কক্ষপথ ঘূর্ণায়মান আবর্জনার ভাগাড়ে পরিণত হবে, যা আগামী কয়েক দশকের জন্য ভবিষ্যতের রকেট উৎক্ষেপণ অসম্ভব করে তুলবে।

জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পর্যবেক্ষণে স্টারমাইন্ডের সম্ভাব্য বিঘ্ন তৈরির বিষয়টিও তুলে ধরেছে এএএস।

মাস্কের স্টারমাইন্ড পরিকল্পনায় এফসিসির অনুমোদনের সিদ্ধান্তে সংগঠনটি ‘হতাশ ও মর্মাহত’ হওয়ার কথা জানিয়ে বলেছে, এটা ‘জ্যোতির্বিজ্ঞানী ও মানুষের রাতের আকাশ উপভোগ ও গবেষণার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে’।

সূক্ষ্ম প্রকৌশল সরঞ্জাম সরবরাহকারী কোম্পানি ‘অ্যাকু কম্পোনেন্টস’-এর সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাজ্যের অধিকাংশ শহরের আকাশে এখন দৃশ্যমান তারার চেয়ে দৃশ্যমান স্যাটেলাইটের সংখ্যাই বেশি।

স্টারমাইন্ডের ১০ লাখ স্যাটেলাইটের ঝাঁক কক্ষপথে পৌঁছালে খালি চোখে তারা দেখা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে।

‘প্রিন্সটন ইউনভিার্সিটি’র অ্যাস্ট্রোফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক গ্যাস্পার বাকোস সতর্ক করে বলেছেন, “রাতের আকাশ, তারাপুঞ্জ ও ছায়াপথ বা মিল্কি ওয়ের দৃশ্য আমরা পুরোপুরি হারিয়ে ফেলতে পারি।”