আকাশে তারার চেয়ে স্যাটেলাইটই বেশি, উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা
বর্তমানে মহাকাশে ২০ হাজারেরও বেশি সক্রিয় স্যাটেলাইট রয়েছে, যেখানে এক দশক আগেও এই সংখ্যা ছিল কেবল এক হাজারের কিছু বেশি।
যুক্তরাজ্যের অধিকাংশ শহরের রাতের আকাশে এখন খালি চোখে দৃশ্যমান তারার চেয়ে স্যাটেলাইটের সংখ্যাই বেশি বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
এই বিশ্লেষণটি চালিয়েছে প্রকৌশল যন্ত্রাংশ সরবরাহকারী কোম্পানি ‘অ্যাকু কম্পোনেন্টস’।
এতে অক্টোবরে টানা সাত রাত ধরে পৃথিবীর দুই হাজার কিলোমিটার উচ্চতার কক্ষপথের নিচে প্রদক্ষিণরত ১৫ হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
গবেষণায় দেখা গেছে, রাতের যে কোনো মুহূর্তে আকাশের বুক চিরে ৭০০টিরও বেশি স্যাটেলাইট অতিক্রম করছে, যা মাঝারি মাত্রার আলোক দূষণযুক্ত এলাকায় খালি চোখে যতগুলো তারা দেখা যায়, তার চেয়েও বেশি।
অ্যাকু কম্পোনেন্টসের প্রতিবেদন বলছে, “যুক্তরাজ্যের রাতের আকাশ গত ৬০ বছরে যতটা বদলেছে, তার চেয়ে বেশি বদলেছে গত সাত বছরে।
“আরও বড় বড় স্যাটেলাইট নেটওয়ার্ক বা মেগা-কনস্টেলেশন মহাকাশে পাঠানোর পরিকল্পনা থাকায়, প্রতি রাতে অতিক্রম করা স্যাটেলাইটের সংখ্যা কেবল বাড়তেই থাকবে।”
সাম্প্রতিক বছরগুলোতে স্যাটেলাইট নেটওয়ার্কের দ্রুত বিস্তারের হিসেবে, পুরো এক রাতে যুক্তরাজ্যের গড়পড়তা একটি শহরের ওপর দিয়ে প্রায় ১৩ হাজার ভিন্ন ভিন্ন স্যাটেলাইট অতিক্রম করে।
এ ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ইলন মাস্কের মহাকাশভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক ‘স্টারলিংক’।
পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা মোট সক্রিয় স্যাটেলাইটের দুই-তৃতীয়াংশেরও বেশি স্পেসএক্সের অধীনে।
বর্তমানে মহাকাশে ২০ হাজারেরও বেশি সক্রিয় স্যাটেলাইট রয়েছে, যেখানে এক দশক আগেও এই সংখ্যা ছিল কেবল এক হাজারের কিছু বেশি। গেল বছরই রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫১০টি বস্তু মহাকাশে হয়েছে।
সেই রেকর্ডও এ বছর ভেঙে যাওয়ার পথে। কারণ মহাকাশভিত্তিক এআই ডেটা সেন্টার গড়ে তোলার লক্ষ্যে আগামী বছরগুলোতে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আবেদন করেছেন স্পেসএক্স প্রধান মাস্ক।
স্যাটেলাইটের ক্রমাগত বেড়ে চলা এই সংখ্যা জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা সতর্ক করে বলেছেন, এগুলো রাতের আকাশ পর্যবেক্ষণে বিঘ্ন ঘটাচ্ছে।
ভূপৃষ্ঠে বসানো টেলিস্কোপ দিয়ে তোলা ছবিতে স্যাটেলাইটের আলোর রেখা চলে আসায় তারা, ছায়াপথ ও অন্যান্য মহাজাগতিক বস্তু আড়াল হয়ে যেতে পারে।
এ বিষয়ে একটি পিটিশনে স্বাক্ষর করার আহ্বান জানিয়ে ‘প্রিন্সটন ইউনিভার্সিটি’র অ্যাস্ট্রোফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক গ্যাসপার বাকোস নিজের ওয়েবসাইটে লিখেছেন, “পৃথিবীর চারপাশে থাকা স্যাটেলাইটগুলো এক নতুন ধরনের আলোক দূষণ।
“পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো অনেক উজ্জ্বল হতে পারে। কোম্পানিগুলো এ ধরনের হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে, যার ফলে রাতের আকাশ, তারামণ্ডলী ও মিল্কি ওয়ে ছায়াপথের দৃশ্য আমাদের চোখের আড়ালে পুরোপুরি হারিয়ে যেতে পারে।”
এ বছর ‘ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি’ বা ইএসও-এর আলাদা এক গবেষণায় উঠে এসেছে, বড় স্যাটেলাইট নেটওয়ার্ক বা মেগাকনস্টেলেশন উৎক্ষেপণের পরিকল্পনা জ্যোতির্বিজ্ঞানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।
ইএসও গবেষকরা বলছন, কক্ষপথে মোট স্যাটেলাইটের সংখ্যা প্রায় এক লাখের মধ্যে সীমিত রাখা উচিত।
