স্টারশিপের নানা চড়াই-উতরাই: কতবার ব্যর্থ হল স্পেসএক্স?
২০২৫ সালে বিশ্বের মোট মহাকাশযানের ৮৫ শতাংশই উৎক্ষেপণ করেছে স্পেসএক্স, যার মধ্যে অর্ধেকেরও বেশি কক্ষপথীয় উৎক্ষেপণ রয়েছে।
মহাকাশ জয়ের উচ্চাভিলাষী স্বপ্ন নিয়ে এগিয়ে চলা স্পেসএক্সের স্টারশিপ রকেট প্রকল্প যেমন একের পর এক নতুন মাইলফলক ছুঁয়েছে তেমনিই এর শুরুর দিকের উৎক্ষেপণগুলোতে ঘটেছে নানা বিপত্তি ও ব্যর্থতা।
২০২৬ সালের সেপ্টেম্বরের শেষদিকে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রবেশ করে প্রথমবারের মতো ২৬টি স্টারলিংক স্যাটেলাইট বসানোর কথা ছিল স্পেসএক্সের স্টারশিপ রকেটের, যা কোম্পানিটির মহাকাশ জয়ের উচ্চাকাঙ্ক্ষায় বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছিল।
তবে একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় কক্ষপথে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অভিযানটি শেষ করতে বাধ্য হয় কোম্পানিটি। ফলে সেই উদযাপন দীর্ঘস্থায়ী হয়নি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবোদের সাইট এনগ্যাজেট।
এই যান্ত্রিক ত্রুটির কারণে রকেটির পৃথিবীর কক্ষপথ ছয়বার প্রদক্ষিণের যে পরিকল্পনা ছিল তা-ও ভেস্তে যায় ও অভিযানটি নির্ধারিত ১০ ঘণ্টার লক্ষ্যের অনেক আগেই শেষ হয়েছে।
স্টারশিপের ক্ষেত্রে এমন ফলাফল অবশ্য নতুন কিছু নয়। কোম্পানির ‘যত আগে ব্যর্থ হবে, তত দ্রুত শিখবে’ নীতির কারণে এই ব্যর্থতাগুলোকেও উন্নতির সুযোগ হিসেবে দেখা হয়।
উদার বা কঠোর যেভাবেই হিসাব করা হোক না কেন এ পর্যন্ত মোট ১৪টি উৎক্ষেপণের মধ্যে চার থেকে ১১টিই ব্যর্থ হয়েছে। ২০২৩ সালের এপ্রিলে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ থেকেই এমনটা ঘটে আসছে।
ওই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে নির্ধারিত উচ্চতায় পৌঁছানোর ১০৫ কিলোমিটার আগেই রকেটটি বিস্ফোরিত হয়েছিল।
সেই অগ্নিগর্ভ পরীক্ষার পর ইলন মাস্ক টুইটে লিখেছিলেন, “স্টারশিপের রোমাঞ্চকর পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য স্পেসএক্স দলকে অভিনন্দন! পরবর্তী পরীক্ষার জন্য অনেক কিছু শেখা গেল।”
তবে এ পর্যন্ত স্পেসএক্সের সাফল্যের খতিয়ান দেখলে তাদের এই যুক্তির বিরোধিতা করা কঠিন।
বিশ্লেষণী কোম্পানি ‘ব্রাইসটেক’-এর তথ্য অনুসারে, ২০২৫ সালে বিশ্বের মোট মহাকাশযানের ৮৫ শতাংশই উৎক্ষেপণ করেছে স্পেসএক্স, যার মধ্যে অর্ধেকেরও বেশি কক্ষপথীয় উৎক্ষেপণ রয়েছে।
এ ছাড়া, স্যাটেলাইট পর্যবেক্ষক ‘অরবিটাল রেডার’-এর তথ্যমতে, স্টারলিংকের ৯ হাজার ৮০০টি সক্রিয় স্যাটেলাইট বহর মানে হচ্ছে এটি বর্তমান বিশ্বের মোট স্যাটেলাইট সংখ্যার অর্ধেকেরও বেশি।
এ যাবৎকালের নির্মিত সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপের পণ্য বহন সক্ষমতা স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের তুলনায় পাঁচ গুণ বেশি।
এই সক্ষমতাই স্পেসএক্সের বৃহত্তর পরিকল্পনা, যেমন ১০ লাখ স্যাটেলাইটের নেটওয়ার্ক তৈরি, নাসার চন্দ্রাভিযান ও মঙ্গল গ্রহে বসতি গড়ার বিষয়ে মাস্কের স্বপ্ন পূরণের জন্য রকেটটিকে অপরিহার্য করে তুলেছে।
আগামী ১৩ নভেম্বর পরবর্তী উৎক্ষেপণের তারিখ নির্ধারিত রয়েছে। সেপ্টেম্বরের অভিযানটি আদতে কোনো অগ্রগতি ছিল নাকি স্পেসএক্সের ক্রমাগত হতাশার তালিকায় আরও একটি ব্যর্থতা হিসাবে যোগ হতে যাচ্ছে শিগগিরই তা দেখা যাবে।
নজরকাড়া ইতিহাস
স্টারশিপ প্রকল্পের সাফল্য পরিমাপ করা বেশ কঠিন। কিছু মিশনকে সরাসরি সফল বা ব্যর্থ এই দুই ভাগে ভাগ করা গেলেও অধিকাংশ অভিযানের ফলাফল এর মাঝামাঝি কোথাও রয়েছে।
‘মঙ্গল গ্রহ ও এর বাইরে’ যাওয়ার উপযোগী সম্পূর্ণ পুনরায় ব্যবহারযোগ্য রকেট তৈরিতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও এই অগ্রগতি যে ধাপে ধাপে আসবে সেটাই স্বাভাবিক। ফলে প্রতিটি মিশনকে নিজস্ব মানদণ্ডের আলোকেই মূল্যায়ন করা উচিত।
স্টারশিপের যাত্রা ছিল বেশ অস্থির। প্রথম পরীক্ষামূলক উক্ষেপণটি কয়েক মিনিটের মধ্যে বিস্ফোরিত হওয়ার পর এর দ্বিতীয় ফ্লাইটে প্রথম-পর্যায়ের বুস্টার আলাদা হলেও শেষ পর্যন্ত বুস্টার ও মূল মহাকাশযান উভয়ই ধ্বংস হয়ে যায়।
এর পাঁচ মাস পর স্টারশিপের তৃতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণটি ১৪৫ মাইল উচ্চতায় পৌঁছার মাধ্যমে অনেকগুলো লক্ষ্যে টিক মার্ক দিতে পারলেও ফেরার পথে বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর স্পেসএক্সের পরপর দুটি উৎক্ষেপণ সফল হয়, যার চূড়ান্ত পরিণতি হিসেবে লঞ্চ টাওয়ার সফলভাবে স্টারশিপের প্রথম-পর্যায়ের বুস্টারটি ধরে ফেলে।
এর পরেই আরেকটি অস্বস্তিকর সময় পার করতে হয় স্পেসএক্স। ষষ্ঠ পরীক্ষায় স্পেসএক্স তাদের প্রশংসিত যান্ত্রিক বাহুর ব্যবহার বাতিল করে এবং সুপার হেভি বুস্টারটি মেক্সিকো উপসাগরে আছড়ে পড়ে।
এর দুই মাস পর উৎক্ষেপণের কেবল আট মিনিট পর বাহামার আকাশে বিস্ফোরিত হয় স্টারশিপ ৭, যার ফলে ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ এবং ‘টার্কস ও কেইকোস’ দ্বীপের সরকার উভয়েই তদন্ত শুরু করে।
আট নম্বর স্টারশিপের পরীক্ষামূলক বিস্ফোরণের পরও এফএএ আরেকটি তদন্ত শুরু করে, যার জেরে ফ্লোরিডার আকাশে প্লেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল।
স্টারশিপ ৯ সামান্য কিছু উন্নতি পেলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। ফলে ৮টি মক স্যাটেলাইট মহাকাশে ছাড়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় স্পেসএক্স।
এই বিপর্যয়কর ধারার পর স্টারশিপ পরপর দুটি সফল পরীক্ষা পরিচালনা করে। ২০২৫ সালের অগাস্টে স্টারশিপ প্রথমবারের মতো স্টারলিংক স্যাটেলাইটের চালান সফলভাবে মহাকাশে পাঠায়।
এর দুই মাস পর, স্পেসএক্স তাদের ১১তম স্টারশিপ রকেট সফলভাবে উৎক্ষেপণ ও অবতরণ করায়, যা সবকটি প্রধান লক্ষ্য পূরণ করতে পেরেছে।
স্টারশিপের দ্বাদশ পরীক্ষায় এর উন্নত সংস্করণের ‘স্টারশিপ ভি৩’ রকেট উৎক্ষেপিত হয়। এটা বেশ কিছু লক্ষ্যে পৌঁছালেও ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে উপসাগরে গিয়ে আছড়ে পড়ে, যা আরও এক এফএএ তদন্তের সূত্রপাত ঘটায়।
২০২৬ সালের জুলাইয়ে স্টারশিপ ১৩ স্টারলিংকের ২০টি নতুন শক্তিশালী স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে বসালেও এর প্রথম-পর্যায়ের বুস্টারটি সুচারুভাবে অবতরণ করতে ব্যর্থ হয়েছে।
এসব এলোমেলো বা বৈচিত্র্যময় ইতিহাস পর্যালোচনা করলে স্টারশিপ ১৪-এর আংশিক সফল যাত্রাও কোম্পানিটির স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ হিসেবে বিবেচনা করা যায়।
তারার দিকে ব্যর্থতার অভিযাত্রা?
নির্ধারিত লক্ষ্যগুলোর সঙ্গে স্পেসএক্সের প্রতিটি মিশনের তুলনা করলে দেখা যায় অধিকাংশ স্টারশিপ উৎক্ষেপণই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
তবে স্পেসএক্সের দাবি, নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতাই তাদের প্রকৃত ব্যর্থতার হারকে শূন্যের কাছাকাছি নিয়ে এসেছে।
আসল প্রশ্ন হল, কোম্পানিটি তাদের নিজস্ব আকাশচুম্বী উচ্চাভিলাষের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত যথেষ্ট শিখতে পারছে কি না।
মাস্কের অতীতের ঘোষণাগুলোকে যদি মাপকাঠি হিসেবে ধরা হয় তবে স্টারশিপ কিছুটা হলেও পিছিয়ে রয়েছে।
২০২৫ সালে মাস্ক ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৬ সালে স্টারশিপের মঙ্গল গ্রহে অবতরণের ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে।
প্রতি ২৬ মাস পরপর আসা মঙ্গল গ্রহের উৎক্ষেপণ উইন্ডোটি এ নভেম্বরেই বন্ধ হতে চলায়, স্পেসএক্স আসলে কোন অবস্থানে রয়েছে তা সহজেই অনুমেয়। মাস্ক বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার জন্য পরিচিত, ফলে এটা একরকম নিয়মিত ঘটনা।
এ বছরের শুরুতে নাসা বলেছে, ২০২১ সালে নাসার আর্টেমিস চন্দ্রযানের জন্য স্পেসএক্সের রকেটটি নির্বাচন করার পর থেকে পুরো প্রকল্পটি অন্তত দুই বছর পিছিয়েছে।
দশকের শেষ নাগাদ চাঁদে পৌঁছানোর লক্ষ্য নিয়ে চীন এগিয়ে যাওয়ায় চাপ আরও বাড়ছে। ২০২৮ সালে চাঁদে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে নাসার। আর এটা বাস্তবায়িত করতে হলে ২০২৭ সালের গ্রীষ্মের মধ্যে স্টারশিপকে আর্টেমিস ৩-এর নির্ধারিত সময়সীমা পূরণ করতে হবে।
মঙ্গল গ্রহে পৌঁছানোর মাধ্যম হওয়ার পাশাপাশি, স্পেসএক্সের ব্যয় কমানোর ওপর স্টারশিপের মতো উচ্চাভিলাষী প্রকল্পগুলোর সফলতা নির্ভরশীল।
স্পেসএক্সের প্রস্তাবিত ১০ লাখ স্যাটেলাইট সম্বলিত ডেটা সেন্টার ‘স্টারমাইন্ড’-এর বাস্তবায়ন উচ্চ সক্ষমতাওয়ালা ও পুনরায় ব্যবহারযোগ্য রকেট ছাড়া অসম্ভব।
উচ্চাভিলাষী লক্ষ্যগুলোর কারণে আগামী ১৩ নভেম্বরের পরীক্ষাও স্পেসএক্সের অগ্রগতি মূল্যায়নের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হয়ে দাঁড়াবে।
তৃতীয় প্রান্তিকের এক আয়ের বিবরণী সভায় মাস্ক বলেছিলেন, স্পেসএক্স এবার রকেট ও এর বুস্টার উভয়কেই আকাশে সফলভাবে লুফে নেওয়ার চেষ্টা করবে, যা হবে ‘কক্ষপথীয় উৎক্ষেপণকারী যানের পুরোপুরি পুনরুদ্ধারের ইতিহাসে প্রথম ঘটনা’।
ওই ইভেন্টে মাস্ক বলেছিলেন, মিশনটি সফল হওয়ার সম্ভাবনাই ‘বেশি’। যদিও স্টারশিপের দীর্ঘ ইতিহাস হয়ত অন্য কথাই বলে।
