১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামাজনের ৪০ স্যাটেলাইট নিয়ে বিধ্বস্ত বোয়িং-লকহিডের রকেট

এই ব্যর্থতার পর দীর্ঘ সময় ধরে প্রযুক্তিগত তদন্ত চালাতে হতে পারে। ফলে কয়েক মাসের জন্য রকেটটির উৎক্ষেপণ কার্যক্রম বন্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যামাজনের ৪০ স্যাটেলাইট নিয়ে বিধ্বস্ত বোয়িং-লকহিডের রকেট

উৎক্ষেপণের ১০ মিনিটের মাথায় ব্যর্থ হয়েছে ভলকান রকেট। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 02:04 PM

Updated : 16 Nov 2026, 02:14 PM

মহাকাশে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় মাঝপথে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। এতে অ্যামাজনের ইন্টারনেট সেবা নেটওয়ার্ক লিওর ৪০টি স্যাটেলাইট ধ্বংস হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রোববার রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে ঠিক কী কারণে এটি ব্যর্থ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে গড়ে ওঠা ইউএলএর ইতিহাসে এটিই প্রথম উৎক্ষেপণ ব্যর্থতার ঘটনা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ব্যর্থতা কোম্পানিটির নতুন প্রধান রকেট ভলকানের জন্য বড় ধাক্কা। অ্যামাজনের দ্রুত সম্প্রসারণশীল স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের জন্য নিয়মিত রকেট উৎক্ষেপণ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল ইউএলএ।

বিবৃতিতে ইউএলএ বলেছে, তাদের উৎক্ষেপণ পরিচালকের কাছে আসা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪১ থেকে উৎক্ষেপণের ১০ মিনিটের মাথায় ভলকান রকেটে ত্রুটি দেখা দেয়। ফলে অ্যামাজনের স্যাটেলাইটগুলোকে কক্ষপথে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।

কোম্পানিটি আরও বলেছে, প্রতিটি উৎক্ষেপণ থেকেই তথ্য পাওয়া যায় এবং প্রতিটি অভিযান নতুন কিছু শেখায়। তবে ত্রুটিটি মাত্র ঘটেছে বলে কী কারণে এমন হয়েছে, তা বোঝার মতো সুনির্দিষ্ট তথ্য এখনো তাদের হাতে নেই।

এই ব্যর্থতার পর দীর্ঘ সময় ধরে প্রযুক্তিগত তদন্ত চালাতে হতে পারে। ফলে কয়েক মাসের জন্য রকেটটির উৎক্ষেপণ কার্যক্রম বন্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে যুক্তরাষ্ট্রের মহাকাশযান উৎক্ষেপণ খাতে চাপ আরও বাড়তে পারে। বিভিন্ন রকেটের দুর্ঘটনা, শিল্প খাতের নানা চ্যালেঞ্জ এবং বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত রকেট স্পেসএক্সের ফ্যালকন নাইন-এর সম্ভাব্য অবসরের কারণে এমনিতেই উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে। ফ্যালকন নাইন দিয়ে নতুন উৎক্ষেপণের বুকিং নেওয়াও বন্ধ রেখেছে স্পেসএক্স।

অ্যামাজন এক বিবৃতিতে বলেছে, যে কোনো উৎক্ষেপণেই ঝুঁকি থাকে, বিশেষ করে এলভি-০১-এর মতো প্রথম দিকের অভিযানে। ইউএলএ অ্যামাজনের বিশ্বস্ত সহযোগী। এই অভিযান থেকে কোম্পানিটি শিক্ষা নিয়ে ভলকান রকেট নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে বলে তারা বিশ্বাস করে।

২০২৪ সালে যাত্রা শুরুর পর এটি ছিল ভলকানের পঞ্চম উৎক্ষেপণ। এর আগে গত ফেব্রুয়ারিতে সর্বশেষ উৎক্ষেপণ করেছিল রকেটটি। সলিড ফিউয়েলচালিত পার্শ্বীয় বুস্টার এবং মূল বিই-৪ ইঞ্জিন নিয়ে পৃথক প্রযুক্তিগত তদন্তের কারণে এর উৎক্ষেপণ কার্যক্রম দীর্ঘ বিরতিতে পড়েছিল।

বিই-৪ ইঞ্জিন সরবরাহ করে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন। রোববারের ব্যর্থতার কারণ অনুসন্ধানে ইউএলএর সঙ্গে কাজ করছে ব্লু অরিজিন। বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তবে পরিচয় প্রকাশ না করার শর্ত দিয়েছেন তিনি।

ভলকানের আগের দুটি অভিযানেও পার্শ্বীয় বুস্টার নিয়ে সমস্যা দেখা দেওয়ায় সেগুলোও তদন্তের আওতায় ছিল। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের জন্য একটি অভিযান পরিচালনা করেছিল রকেটটি। দুটি অভিযানেই রকেটটি সফলভাবে স্যাটেলাইটসহ অন্যান্য পেলোড কক্ষপথে পৌঁছে দিয়েছে।

তবে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট পেলোড বহনের জন্য ভলকানকে পরে আর অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। অ্যামাজনের স্যাটেলাইট নিয়ে রোববারের অভিযানে রকেটটির পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিল পেন্টাগন।

এর আগে গত মে মাসে ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেট উৎক্ষেপণ মঞ্চে বিস্ফোরিত হয়। ওই ঘটনার তদন্তে বিই-৪ ইঞ্জিনকে দায়ী করে কোম্পানিটি। এরপর ইউএলএর জন্য সরবরাহ করা ইঞ্জিনগুলোতে পরিবর্তন আনা হয় বলে গত অগাস্টে রয়টার্সকে জানান ইউএলএর মুখপাত্র জেসিকা রাই।

তবে রোববারের ব্যর্থতায় বিই-৪ ইঞ্জিনের কোনো ভূমিকা ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, ভলকানের প্রথম ধাপের বুস্টার থেকে দ্বিতীয় ধাপ আলাদা হওয়ার পরই সমস্যাটি ঘটে। দ্বিতীয় ধাপেই অ্যামাজনের স্যাটেলাইটগুলো বহন করা হচ্ছিল।

২০০৬ সালে বোয়িংয়ের ডেল্টা রকেট কর্মসূচি ও লকহিড মার্টিনের অ্যাটলাস রকেট কর্মসূচি একীভূত করে ইউএলএ গঠন করা হয়। এরপর থেকে কোম্পানিটি প্রতিটি অভিযান সফলভাবে সম্পন্ন করার রেকর্ড ধরে রেখেছিল। একীভূত হওয়ার আগের কয়েক দশকেও ডেল্টা ও অ্যাটলাস রকেটে হাতে গোনা কয়েকটি ব্যর্থতার ঘটনা ঘটেছিল।

মহাকাশে স্যাটেলাইট পাঠাতে অ্যামাজনের বাধা

ভলকান রকেটের ব্যর্থতা অ্যামাজনের জন্যও আরেকটি বড় ধাক্কা। নিজেদের স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলতে কোম্পানিটি তৃতীয় পক্ষের উৎক্ষেপণ সেবার ওপর নির্ভর করছে। কিন্তু এসব সেবাদাতা কোম্পানির অনেককেই বিভিন্ন সময়ে উৎক্ষেপণ স্থগিত ও ব্যর্থতার মুখে পড়তে হয়েছে।

গত মে মাসে ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেট বিস্ফোরণের ঘটনাও অ্যামাজনের লিও স্যাটেলাইট উৎক্ষেপণের কয়েক দিন আগে ঘটেছিল।

এসব ব্যর্থতা স্পেসএক্সের বিশাল স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে প্রতিযোগিতায় অ্যামাজনের অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করছে। স্টারলিংকের কক্ষপথে ১১ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে এবং বিশ্বজুড়ে এর গ্রাহকসংখ্যা কয়েক কোটি।

স্যাটেলাইট ইন্টারনেটের প্রতিযোগীদের তুলনায় স্পেসএক্স অনেক এগিয়ে থাকার অন্যতম কারণ নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণে নিজস্ব রকেট ব্যবহারের সুযোগ। অন্য কোম্পানিগুলোকে স্যাটেলাইট মহাকাশে পাঠাতে বাইরের সেবাদাতাদের পেছনে বিপুল অর্থ ব্যয় করতে হয়।

২০২৫ সাল থেকে এ পর্যন্ত ১৪টি উৎক্ষেপণের মাধ্যমে অ্যামাজন লিওর ৩৯৮টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে। বিশ্বজুড়ে সেবা দিতে কোম্পানিটির প্রয়োজন ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট। লক্ষ্যমাত্রার প্রায় ১২ শতাংশ স্যাটেলাইট এখন কক্ষপথে রয়েছে।

চলতি বছরই প্রাথমিকভাবে ইন্টারনেট সেবা চালু করার পরিকল্পনা ছিল অ্যামাজনের। তবে একের পর এক রকেটের ব্যর্থতা সেই পরিকল্পনা বাস্তবায়নকে আরও কঠিন করে তুলছে।