০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট উৎক্ষেপণ পিছিয়ে ২০২৭ সালে

মেরামত প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে ধীরগতির হওয়ার পেছনে বৈরী আবহাওয়াকে দায়ী করেছেন কোম্পানিটির সিইও ডেভ লিম্প।

ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট উৎক্ষেপণ পিছিয়ে ২০২৭ সালে

উৎক্ষেপণের চূড়ান্ত অনুমতি পেলেই মহাকাশে নিজেদের প্রভাব বাড়াতে প্রস্তুত জেফ বেজোসের এই কোম্পানি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 10:09 AM

Updated : 07 Nov 2026, 10:09 AM

ব্লু অরিজিনের পরবর্তী রকেট উৎক্ষেপণ এখন ২০২৭ সালের জানুয়ারির আগে আশা করা যাচ্ছে না।

যদিও এ বছরের মে মাসে উৎক্ষেপণ প্যাডে পরীক্ষার সময় নিউ গ্লেন রকেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটলে কোম্পানির প্রধান নির্বাহী দাবি করেছিলেন, খুব দ্রুতই মেরামতের কাজ শেষ হবে ও এই বছরের শেষ হওয়ার আগেই পরবর্তী রকেট উৎক্ষেপণ সম্ভব হবে।

Image

এ বিস্ফোরণের ফলে ফ্লোরিডায় অবস্থিত ব্লু অরিজিনের উৎক্ষেপণ প্যাডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি: রয়টার্স

ওই বিস্ফোরণে ফ্লোরিডায় ব্লু অরিজিনের মূল অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি ও পরবর্তী তাদের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে পড়েছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

সিইও ডেভ লিম্পের পাঠানো সাম্প্রতিক এক অভ্যন্তরীণ নোটের তথ্য অনুসারে, মেরামত সম্পন্ন হওয়ার সময়সীমা আবারও পিছিয়েছে।

অভ্যন্তরীণ সেই স্মারকে ইঙ্গিত দেওয়া হয়েছে, উৎক্ষেপণ প্যাডের ‘ভেহিকল অ্যাক্সেস টাওয়ার’ মেরামত করে পুনরায় বসানো হয়েছে ও ‘লঞ্চ ব্রিজ’-এর কাজও শেষ হয়েছে।

মেরামত প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে ধীরগতির হওয়ার পেছনে বৈরী আবহাওয়াকে দায়ী করেছেন লিম্প।

কর্মী ও প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “পুনরায় উৎক্ষেপণের লক্ষ্যে আপনাদের সম্মিলিত কাজ সত্যিই প্রশংসনীয়, যা শেষ করতে অনেকের মতে কয়েক বছর লেগে যাওয়ার কথা ছিল, টিম ব্লু কেবল ছয় মাসের মধ্যে তা করে দেখিয়েছে।”

উৎক্ষেপণের জন্য চূড়ান্ত অনুমতি পেলেই মহাকাশ খাতে নিজেদের প্রভাব বাড়াতে প্রস্তুত জেফ বেজোসের মালিকানাধীন এই কোম্পানি।

মঙ্গল গ্রহের জন্য বিশেষ এক টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছ থেকে একটি চুক্তি পেয়েছে ব্লু অরিজিন।

পাশাপাশি, ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ‘লিও’ স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবাকে সহায়তার জন্য কক্ষপথে আরও বেশি যন্ত্রপাতি ও সরঞ্জাম পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে ব্লু অরিজিনের শক্তিশালী ‘নিউ গ্লেন’ রকেট।