এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়েছে। এটি কি কেবলই স্বস্তির খবর, নাকি অর্থনৈতিক সংস্কার ও প্রস্তুতির শেষ সুযোগ?
২৪ নভেম্বর ২০২৬ তারিখটি কয়েক বছর ধরে ব্যবসায়ী মহল, নীতিনির্ধারক আর গবেষকদের আলোচনায় ঘড়ির কাঁটার মতো ঘুরছিল। আজ তার নয় দিন আগে দাঁড়িয়ে দেখছি, দিনটা আর উত্তরণের দিন নয়। অক্টোবরের শেষে জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়েছে। নতুন তারিখ ২০২৯ সালের ২৪ নভেম্বর। ঘড়ির কাঁটা থামেনি, শুধু পিছিয়েছে। প্রশ্ন হলো, এই পিছিয়ে যাওয়া সময়ে আমরা কী করব।
আগে পটভূমিটা মনে করা দরকার। বাংলাদেশ ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের তালিকায় আছে। ২০১৮ ও ২০২১ সালের পর্যালোচনায় তিনটি মানদণ্ডেই উত্তীর্ণ হওয়ায় জাতিসংঘের কমিটি উত্তরণের সুপারিশ করেছিল। এমন সাফল্য খুব কম দেশেরই আছে। উত্তরণের কথা ছিল ২০২৪ সালে, করোনার কারণে তা দুই বছর পিছিয়ে ২০২৬ সালে ঠেকে। এটি আমাদের দ্বিতীয় দফা বাড়তি সময়। প্রথমবার সময় পেয়েছিলাম মহামারির কারণে। এবার পেলাম নতুন সরকারের আবেদনে, সামষ্টিক অর্থনৈতিক চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা আর বৈশ্বিক অনিশ্চয়তার যুক্তিতে।
জাতিসংঘের কমিটি স্পষ্ট বলেছে, বাংলাদেশ তিনটি মানদণ্ডেই নির্ধারিত সীমা বড় ব্যবধানে পেরিয়েছে এবং পিছিয়ে পড়ার ঝুঁকি কম। অর্থাৎ আমাদের সক্ষমতা নিয়ে কারও সন্দেহ নেই। একই সঙ্গে কমিটি হুঁশিয়ার করেছে, বাড়তি সময়কে যেন প্রস্তুতি এড়ানোর অজুহাত না বানানো হয়। এই দ্বিতীয় বাক্যটিই আমাদের জন্য বেশি জরুরি।
তাহলে অস্বস্তিকর প্রশ্নটা সামনে রাখি। উত্তরণ পেছানো কি সুসংবাদ, নাকি স্বীকারোক্তি যে আমরা তৈরি নই? উত্তর দুটোই। সুসংবাদ, কারণ তৈরি না থেকে ঝাঁপ দিলে যে ধাক্কা লাগত, তা এড়ানো গেছে। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের এক সাম্প্রতিক মূল্যায়নে অনুমান করা হয়েছে, উত্তরণের পর আমরা বছরে সাড়ে সতেরো বিলিয়ন ডলারেরও বেশি রপ্তানি হারাতে পারি। এত বড় ঝুঁকি নিয়ে অপ্রস্তুত অবস্থায় বেরোনো বুদ্ধিমানের কাজ হতো না। আবার এটি স্বীকারোক্তিও, কারণ ২০১৮ থেকে আট বছরে যতটা প্রস্তুতি দরকার ছিল, ততটা আমরা নিতে পারিনি। যে দেশ সব মানদণ্ড পূরণ করেও বাড়তি সময় চায়, তার সামনে দুটো পথ থাকে। হয় সে সময়কে সংস্কারের হাতিয়ার বানায়, নয়তো স্বস্তির বিছানা। পরের পথে হাঁটলে তৃতীয়বার সময় চাওয়ার নৈতিক জোর আর থাকবে না।
এখন আসল বিশ্লেষণ। উত্তরণ মানে কী হারাব? স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা ইউরোপীয় ইউনিয়নসহ বড় বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাই। উত্তরণের পর সেই সুবিধা ধাপে ধাপে কমে। সুবিধা কমলে পণ্যের দাম বাড়ে না, ক্রেতার হাতে বিকল্প বাড়ে। বিকল্প থাকলে ক্রেতা সবচেয়ে সস্তা আর সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারীর দিকে যায়, যা আমাদের জন্য বড় পরীক্ষা। রপ্তানির বড় অংশ এখনো তৈরি পোশাকের ওপর দাঁড়িয়ে আছে। এই খাত আমাদের সবচেয়ে বড় অর্জন, কিন্তু এক পায়ে দাঁড়ানো অর্থনীতি ধাক্কা সামলাতে পারে না। সরকার রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর কথা বলছে, যা সঠিক উদ্যোগ। তবে শুধু তালিকায় নতুন পণ্যের নাম যোগ করলেই হবে না। এর জন্য দরকার নতুন শিল্প, দক্ষতা, বিনিয়োগ ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা। চামড়া, হালকা প্রকৌশল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি ও ওষুধশিল্পকে বিশ্ববাজারে প্রতিষ্ঠা করতে সময় লাগবে। তবে উদ্যোগ শুরু হলে এই তিন বছরেই শক্ত ভিত গড়া সম্ভব।
সরকার ২০২৬-২০২৯ মেয়াদে সামষ্টিক স্থিতিশীলতা, আর্থিক খাতের সুশাসন, রাজস্ব সংস্কার, ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা তৈরির কথা জানিয়েছে। তবে পরিকল্পনার সাফল্য নির্ভর করবে দায়িত্ব বণ্টন, সময়সীমা নির্ধারণ ও অগ্রগতি মূল্যায়নের ওপর। এগুলো নিশ্চিত না হলে পরিকল্পনা ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে।
মুক্ত বাণিজ্য ও অংশীদারত্ব চুক্তি নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে। তবে চুক্তি করাই যথেষ্ট নয়, এর সুফল পেতে হলে কোন শিল্প সুরক্ষা পাবে, কোনটি প্রতিযোগিতার মুখে পড়বে এবং উৎপত্তির শর্ত কতটা পূরণ করা সম্ভব, তা আগে বুঝতে হবে। এ জন্য প্রশিক্ষিত বাণিজ্য আলোচক ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলা জরুরি। আলোচনার টেবিলে বসে হিসাব শুরু করলে দর-কষাকষিতে পিছিয়ে পড়তে হবে।
শিল্পায়নের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অপরিহার্য। কিন্তু দেশীয় গ্যাসের মজুত কমায় আমদানিনির্ভরতা বাড়ছে। তাই জ্বালানির উৎস ও অবকাঠামো সম্প্রসারণ জরুরি। পাশাপাশি রাজশাহী ও রংপুরের মতো অঞ্চলে গ্যাস ও নির্ভরযোগ্য বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। শিল্প কয়েকটি অঞ্চলে কেন্দ্রীভূত থাকলে যানজট, জমির দাম ও আবাসন সংকট বাড়বে, আঞ্চলিক বৈষম্যও বাড়বে। তাই জ্বালানি অবকাঠামো শুধু শিল্পায়ন নয়, আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠারও শর্ত।
সবচেয়ে বড় বাধা ব্যাংকিং খাতে। ব্যাংকার হিসেবে বলছি, ব্যাংক অর্থনীতির রক্তসঞ্চালন ব্যবস্থা। খেলাপি ঋণ বাড়লে নতুন ঋণ বিতরণ বাধাগ্রস্ত হয়, সুদের হার বাড়ে এবং বিনিয়োগ নিরুৎসাহিত হয়। সরকারও ব্যাংকিং ও পুঁজিবাজারের সুশাসনের দুর্বলতা স্বীকার করেছে। তবে আস্থা ঘোষণায় ফেরে না, ফেরে কার্যকর সংস্কারে। ঋণ আদায়ে স্বচ্ছতা, ব্যাংক পরিচালনায় যোগ্যতা ও স্বাধীনতা এবং আমানতকারীর অর্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এসব ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি ছাড়া উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না।
উত্তরণের পর রপ্তানি সুবিধার পাশাপাশি উন্নয়ন সহযোগীদের স্বল্পসুদে ঋণ ও অনুদানের সুযোগও ধীরে ধীরে কমবে। ফলে নিজস্ব রাজস্বের ওপর নির্ভরতা বাড়াতে হবে। কিন্তু কম কর আদায় ও কর ব্যবস্থার দুর্বলতা রাজস্ব বাড়ানোর পথে বাধা। রাজস্ব ভিত্তি শক্ত না হলে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যয় বাড়ানো কঠিন হবে। তাই আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের শর্ত পূরণের পাশাপাশি নিজস্ব সংস্কার এজেন্ডাকে অগ্রাধিকার দিতে হবে।
সরকারের পরিকল্পনায় পাঁচ পক্ষের অংশীদারত্বের কথা থাকলেও জনগণের অংশগ্রহণ শুধু নামের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। পরিকল্পনা ও অগ্রগতি প্রকাশের পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ জন্য রপ্তানি, জ্বালানি, খেলাপি ঋণ, কর আদায় ও বিনিয়োগের অগ্রগতি নিয়ে প্রতিবছর প্রকাশ্য প্রতিবেদন প্রকাশ করা জরুরি। এতে সংস্কারে জননজরদারি বাড়বে।
উত্তরণ পেছানোর দাবিতে ব্যবসায়ী সমাজ সক্রিয় ছিল। এখন বাড়তি সময় পাওয়ায় তাদের প্রস্তুতির দায়িত্বও বাড়বে। নতুন প্রযুক্তিতে বিনিয়োগ, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে। সরকার নীতি ও অবকাঠামোগত সহায়তা দেবে, আর উদ্যোক্তাদের বিনিয়োগ ও ঝুঁকি নেওয়ার সক্ষমতা দেখাতে হবে।
তিন বছরকে তিন ধাপে ভাবা যায়। প্রথম বছর ভিত্তি তৈরির: ব্যাংকিং সংস্কার, জ্বালানির জোগান নিশ্চিত করা আর বাণিজ্য আলোচনার দক্ষতা গড়ার কাজ এই বছরেই শুরু হতে হবে। দ্বিতীয় বছর বিনিয়োগ ও শিল্প স্থাপনের, যখন আস্থা ফিরলে নতুন কারখানার কাজ চোখে পড়বে। তৃতীয় বছর বাজার ধরার, যখন নতুন পণ্য আর নতুন চুক্তি মিলিয়ে রপ্তানির ঝুড়ি সত্যিই বদলাতে শুরু করবে। এই ক্রম উল্টে গেলে, অর্থাৎ ভিত্তি না গড়ে সরাসরি বাজার ধরতে গেলে, ফল মিলবে না।
তিনটি বড় ঝুঁকি সামনে রয়েছে: রাজনৈতিক ধারাবাহিকতার অভাব, বৈশ্বিক অনিশ্চয়তা ও সংস্কারের ক্লান্তি। সরকার পরিবর্তনে সংস্কার থেমে গেলে সময় নষ্ট হবে। আবার জ্বালানির দাম, পরিবহন ব্যয় ও বৈশ্বিক চাহিদার ওঠানামাও আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই বিকল্প পরিকল্পনা ও ধারাবাহিক নেতৃত্ব জরুরি।
সব মিলিয়ে বাড়তি তিন বছর উপহার নয়, ঋণ। এই ঋণ শোধ করতে হবে সংস্কার ও বাস্তব অগ্রগতির মাধ্যমে। ২০২৯ সালে উত্তরণের সময় বাংলাদেশ কতটা প্রস্তুত থাকবে, তার সিদ্ধান্ত নিতে হবে এখনই।
শোয়েব সাম্য সিদ্দিক: ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক। ইমেইল: shammo4n@gmail.com
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
