২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিসি উত্তরণের পর বাজার হারানোর ‘ঝুঁকি’ নিয়ে সতর্কতা, দ্রুত বাণিজ্য চুক্তির তাগিদ

“যুদ্ধের ময়দানে না নামা পর্যন্ত প্রস্তুতি না নেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”

এলডিসি উত্তরণের পর বাজার হারানোর ‘ঝুঁকি’ নিয়ে সতর্কতা, দ্রুত বাণিজ্য চুক্তির তাগিদ

রাজধানীর গুলশানে আয়োজিত একটি কর্মশালায় বক্তব্য দেন নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 07:53 PM

Updated : 21 Nov 2026, 07:53 PM

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারানোর ‘ঝুঁকিতে’ পড়তে পারে, এমন সতর্কতা এসেছে একটি কর্মশালা থেকে।

এ পরিস্থিতিতে রপ্তানি বাজার ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম।

শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় আলোচনার বিষয় ছিল ‘বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’।

বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য: সম্ভবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের রপ্তানির প্রায় ৭৩ শতাংশ বর্তমানে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজারসুবিধার আওতায় রয়েছে। এলডিসি উত্তরণের পর এসব সুবিধা হারালে বিভিন্ন বাজারে নতুন করে গড়ে প্রায় ৯ শতাংশ শুল্কের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে।

গোলাম মোয়াজ্জেম বলেন, “বাংলাদেশকে এখন আর স্বাভাবিকভাবে বাজারসুবিধা পাওয়ার প্রত্যাশায় বসে থাকলে চলবে না। অন্য দেশের সঙ্গে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে বাজারসুবিধা আদায় করতে হবে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির শর্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গোলাম মোয়াজ্জেম।

তার মতে, চুক্তির নন-মার্কেট ক্লজ ভবিষ্যতে চীন, রাশিয়া ও ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ-আরসিইপি’ভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য আলোচনায় বাধা তৈরি করতে পারে।

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি তুলে ধরে গোলাম মোয়াজ্জেম বলেন, “যুদ্ধের ময়দানে না নামা পর্যন্ত প্রস্তুতি না নেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”

তিনি বলেন, শুধু দেশীয় শিল্প সুরক্ষা ও রাজস্ব হারানোর আশঙ্কায় বাণিজ্য আলোচনায় পিছিয়ে থাকলে বড় রপ্তানি বাজার হারানোর ঝুঁকি তৈরি হবে। রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি চুক্তিতে সেবা, বিনিয়োগ ও ডিজিটাল বাণিজ্য অন্তর্ভুক্ত করা এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ে দক্ষ আলোচক দল গঠন করতে হবে।

প্রাণ গ্রুপ আয়োজিত এ কর্মশালায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ সম্পর্কে গণমাধ্যমের ইতিবাচক ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”