সাভারে বন্ধ থাকা ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে, বলেন তিনি।
সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার।
তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ না দেওয়ার কথা বলেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখছিলেন বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।
খন্দকার মুক্তাদির বলেন, “সরকার এখন এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে। সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত হওয়ার পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।”
একই সঙ্গে চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি তুলে ধরেন।
শিল্পমন্ত্রী বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান অনুসরণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি তুলে ধরেন।
চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ‘বিপুল’ সম্ভাবনা থাকার কথা তুলে ধরে খন্দকার মুক্তাদির বলেন, গত বছর দেশ থেকে লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। পাশাপাশি প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে।
এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন মন্ত্রী।
বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পমন্ত্রী।
নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজের (সিবিআই) ম্যানেজিং ডিরেক্টর জুডিথ আরেন্ডস অনুষ্ঠানে ব্ক্তব্য রাখেন।
