ইইউর নতুন নীতিমালার সঙ্গে মিল রেখে পোশাক কারখানার সক্ষমতা লাগবে: বাণিজ্যমন্ত্রী
“কমপ্লায়েন্সকে বাণিজ্য কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।”
তৈরি পোশাক খাতের রপ্তানি ধরে রাখতে ও প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ এর নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোর সক্ষমতা অর্জনের কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এজন্য কমপ্লায়েন্স নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের কথাও বলেছেন তিনি।
রোববার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা প্রত্যাশা করে।
“বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ এর নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। কমপ্লায়েন্সকে বাণিজ্য কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।”
তিনি বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। এ খাত লাখ লাখ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রীর মতে, “এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়।
“একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।”
তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারের বিদ্যমান সুবিধা ধরে রাখা এবং নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (এসসিএআইপি) প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় ও এসসিএআইপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগী ছিল ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ প্রকল্প।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট।
