২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বাজারে সনির নতুন দুটি ওয়্যারলেস হেডফোন

কথা বলার সময় স্পষ্ট শব্দ নিশ্চিত করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর নয়েজ রিডাকশন প্রযুক্তি যুক্ত করেছে সনি।

দেশের বাজারে সনির নতুন দুটি ওয়্যারলেস হেডফোন

ব্লুটুথ মাল্টিপয়েন্ট সুবিধার মাধ্যমে একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত রাখা যাবে এই হেডফোন। ছবি: গ্যাজেট অ্যান্ড গিয়ার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 12:06 PM

Updated : 20 Nov 2026, 12:06 PM

দেশের বাজারে নতুন দুটি ওয়্যারলেস হেডফোন এনেছে জাপানের প্রযুক্তি কোম্পানি সনি।

বৃহস্পতিবার ‘ডব্লিউএইচ-সিএইচ৫৩০’ ও ‘ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন’ নামের হেডফোন দুটি ঢাকার বনানীতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

লাইফস্টাইল ডিভাইস বিক্রেতা ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’-এর বানানী শাখায় যৌথভাবে পণ্য দুটি উন্মোচন করেছে সনি ও গ্যাজেট অ্যান্ড গিয়ার।

নতুন দুটি মডেলের মধ্যে ‘ডব্লিউএইচ-সিএইচ৫৩০’ দৈনন্দিন ব্যবহারের উপযোগী হালকা গড়নের ওভার-দ্য-ইয়ার হেডফোন। প্রায় ১৫০ গ্রাম ভরের এই হেডফোন একবার পূর্ণ চার্জে ৫৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

কথা বলার সময় স্পষ্ট শব্দ নিশ্চিত করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর নয়েজ রিডাকশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এ ছাড়া ব্লুটুথ মাল্টিপয়েন্ট সুবিধার মাধ্যমে এটা একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত রাখা যাবে।

অন্যদিকে, ‘ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন’ মডেলটিতে রয়েছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা ও ফোল্ডএবল বা ভাঁজ করে রাখার ব্যবস্থা।

আশপাশের অনাকাঙ্ক্ষিত শব্দ কমাতে এতে সনির ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। পাশাপাশি হেডফোন কানে থাকা অবস্থায় বাইরের শব্দ শোনার জন্য এতে ‘অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড’ রয়েছে।

নয়েজ ক্যানসেলেশন চালু রেখে একবার চার্জে এটা ৫০ ঘণ্টা পর্যন্ত চলবে ও কেবল তিন মিনিট চার্জ দিলে এক ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

উদ্বোধনী অফার হিসেবে ৭৯৯৯ টাকা মূল্যের ‘ডব্লিউএইচ-সিএইচ৫৩০’ মডেলটি ৫০০ টাকা ছাড় বা ছয় মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধা পাওয়া যাবে।

আর ১৮৯৯৯ টাকার ‘ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন’ মডেলে মিলবে ২ হাজার টাকা ছাড় বা ১২ মাস পর্যন্ত বিনা সুদে কিস্তি সুবিধা। উভয় মডেলের সঙ্গেই ১২ মাসের ওয়ারেন্টি থাকবে।

বাংলাদেশে সনির অডিও পণ্যের অনুমোদিত বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব আউটলেট ও ওয়েবসাইটে হেডফোন দুটি পাওয়া যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ কান্ট্রি হেড জশোয়া কোয়েক ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অফ মার্কেটিং তাসরিফ খালেদসহ উভয় কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।