ধানমন্ডিতে শিল্প ও আলোকচিত্র প্রদর্শনী
সাপ্তাহিক ছুটির দিনের বিকেল সন্ধ্যাটা কাটিয়ে দেওয়া যাবে নানান প্রদর্শনী দেখে।
শুক্রবারের ছুটিতে ঢাকার ধানমন্ডিতে শিল্প-সংস্কৃতির নানান আয়োজন ঘুরে দেখার সুযোগ রয়েছে।
কোথাও তরুণ আলোকচিত্রীদের চোখে ধরা পড়েছে শহর ও মানুষের প্রতিদিনের গল্প, কোথাও শিল্প ও স্থাপত্যের মেলবন্ধন তুলে ধরেছেন একজন স্থপতি।
আবার সংগীত-প্রেমীদের জন্য রয়েছে একসঙ্গে গান শোনা ও গাওয়ার আয়োজন।
পথিকৃতের প্রতিকৃতি: প্রদর্শনী
শিল্পী শামীম আকন্দের ‘পথিকৃতের প্রতিকৃতি’ শিরোনামের চিত্রপ্রদর্শনীর আয়োজন থাকছে ২০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ধানমন্ডির সাফিউদ্দীন শিল্পালয়ে।
বিকেল ৫ টায় চিত্রপ্রদর্শনীটির উদ্বোধন করা হবে। পাশাপাশি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ পর্যন্ত শিল্পপ্রেমীরা প্রদর্শনীটি ঘুরে দেখতে পারবেন।
ধানমন্ডির ৪ নং সড়ক, বাড়ি ২১এ,-তে অবস্থিত সাফিউদ্দীন শিল্পালয়।
প্রথম জাতীয় স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল
শহরের চেনা রাস্তা, ব্যস্ত মানুষের চলাচল, জীবনের ছোট ছোট মুহূর্ত- এসবই আলোকচিত্রের বিষয় হয়ে উঠেছে প্রথম জাতীয় স্ট্রিট ফটো ফেস্টিভ্যালে।
২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলবে এই আয়োজন।
আলোকচিত্রীদের সংগঠন অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্সের উদ্যোগে আয়োজিত উৎসবটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৭২১টি ছবি জমা পড়ে।
বিচারকদের মূল্যায়নের পর সেখান থেকে ৪৩টি ছবি ছাপচিত্র প্রদর্শনীর জন্য এবং আরও ৫০টি ছবি ডিজিটাল প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
অর্থাৎ গ্যালারিতে সরাসরি ছবি দেখার পাশাপাশি পর্দায়ও থাকবে আলোকচিত্র উপভোগের সুযোগ।
আলোকচিত্রের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে উৎসবে ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁর কাজ ও অবদানকেও স্মরণ করা হবে।
তার ‘নির্ণায়ক মুহূর্ত’ ধারণা আধুনিক স্ট্রিট ফটোগ্রাফির বিকাশে প্রভাব রেখেছে। এছাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত আলোকচিত্রীদের পুরস্কারপ্রাপ্তির ঘোষণাও দেওয়া হবে।
আলাদাধর্মী এই প্রদর্শনীর স্থান আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ২৬ মিরপুর রোড, ধানমন্ডি। আর এটি উদ্বোধন হবে ২০ নভেম্বর, বিকেল সাড়ে ৫টায়।
প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঘুরে দেখা যাবে।
থ্রেশহোল্ড: শিল্প ও স্থাপত্যের কথোপকথন
স্থাপত্যের নকশা, ভবনের গড়ন বা নির্মাণের কাঠামোর বাইরেও, জড়িয়ে থাকে মানুষের জীবন, স্মৃতি ও প্রকৃতি। এই ভাবনাকে শিল্পের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছেন স্থপতি রফিক আজম।
বেঙ্গল শিল্পালয়ে তার একক প্রদর্শনী ‘থ্রেশহোল্ড: আর্ট অ্যান্ড আর্কিটেকচার’ চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
প্রদর্শনীতে শিল্প ও স্থাপত্যের সৃজনশীল সম্পর্ক তুলে ধরা হয়েছে। উদ্বোধন হয়েছে ৬ নভেম্বর।
আয়োজনটি উদ্বোধন করেছিলেন শিল্পী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস ও স্থপতি জালাল আহমেদ।
প্রদর্শনীটির কিউরেটর হিসেবে রয়েছেন দৃশ্যশিল্পী তৈয়েবা বেগম লিপি ও মাহবুবুর রহমান।
প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য খোলা।
আয়োজনের স্থান কামরুল হাসান প্রদর্শনী হল, বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি। শিল্প ও স্থাপত্যের সম্পর্ক নিয়ে আগ্রহ থাকলে প্রদর্শনীটি ঘুরে দেখা যেতে পারে।
ফিউশন অব স্ট্রোকস: তিন শিল্পীর চিত্রপ্রদর্শনী
লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হচ্ছে তিন শিল্পীর দলীয় চিত্রপ্রদর্শনী ‘ফিউশন অব স্ট্রোকস’। অ্যাস্থেটিকার আয়োজনে ২০ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় ৬টায় প্রদর্শনীর উদ্বোধন।
শিল্পীরা হলে শামা শাইওম, নাজমা বেগম ও আনামিকা শবনম।
তিন শিল্পীর আলাদা শিল্পভাবনা ও তুলির টানে তৈরি কাজগুলো একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকেরা। প্রদর্শনীর প্রচারপত্রে থাকা ছবিগুলোতে ফুল, পাখি, প্রকৃতি ও রংয়ের নানান বিন্যাস চোখে পড়বে।
২৮ নভেম্বর পর্যন্ত চলা প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর স্থান: ভূমি গ্যালারি, বাড়ি ৬/৪, ব্লক ডি, লালমাটিয়া।
লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে শুরু হচ্ছে তিন দিনের ব্যতিক্রমী আয়োজন ‘বিউটিফুলি বিজার’
স্বাধীন ও সৃজনশীল নির্মাতা, ব্যতিক্রমী শিল্পকর্ম এবং পুরানো পণ্যকে নতুন রূপে সাজিয়ে তোলা উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত ‘দ্বীপ গ্যালারি’তে তিন দিনের প্রদর্শনী ও মার্কেটপ্লেস ‘বিউটিফুলি বিজার’।
আয়োজকদের মতে, সচরাচর চোখে পড়া সাধারণ পণ্যের বাইরে যেসব জিনিসের পেছনে আলাদা কোনও গল্প, সূক্ষ্ম কারুকাজ বা অনন্য বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে দর্শকদের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
তিন দিনের এই প্রদর্শনীতে স্বাধীন পোশাক ব্র্যান্ড, ভিনটেজ ও ‘আপসাইকেলড’ সামগ্রী, হাতে তৈরি গয়না, প্রিন্টমেকিং, ইলাস্ট্রেশন, ক্ষুদ্র ভাস্কর্য, মৌলিক চিত্রকর্ম এবং নানাবিধ হস্তশিল্পের সমাহার থাকছে।
শুক্রবার (২০ নভেম্বর): আয়োজনের প্রথম দিন থাকছে ‘গ্যাগজ’ (Gagz)-এর পরিচালনায় ট্যারট কার্ড ও জ্যোতিষশাস্ত্র পাঠের আয়োজন।
শনিবার (২১ নভেম্বর): দ্বিতীয় দিনে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন তাৎক্ষণিক ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র আঁকার আয়োজন।
রোববার (২২ নভেম্বর): সমাপনী দিনে থাকছে সরাসরি সংগীত পরিবেশনা এবং সবার জন্য উন্মুক্ত ‘ওপেন মাইক’ আসর।
সময়সূচি ও ঠিকানা
২০ থেকে ২২ নভেম্বর প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে (নিচতলা, বাড়ি ১/১, ব্লক ডি, লালমাটিয়া, ঢাকা) এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
ছবি: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট থেকে।
