৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ধানমন্ডিতে তিন শিল্প প্রদর্শনী

সুন্দরবনের প্রকৃতি, শিশুদের কল্পনার জগৎ বা বাংলাদেশের শিল্পকলায় রেখার বিবর্তন— শুক্রবার ধানমন্ডির তিনটি গ্যালারিতে থাকছে তিন রকমের শিল্প আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 01:59 PM

Updated : 30 Oct 2026, 01:59 PM

ছুটির দিনে রেস্তোরাঁতে গিয়ে পেটপূজার আগে মনের খিদে মেটাতে নানান গ্যালারিতে ঢুঁ দেওয়া যেতে পারে।

তাই শুক্রবারে রাজধানীর ধানমন্ডিতে চলা তিনটি প্রদর্শনী হতে পারে পছন্দের গন্তব্য।

৩০ অক্টোবর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে হচ্ছে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘অদ্বৈত’। একই দিন সফিউদ্দীন শিল্পালয়ে আছে কিউবিক আর্ট স্কুলের অষ্টম বার্ষিক শিল্প প্রদর্শনী।

আর বেঙ্গল শিল্পালয়ে চলমান ‘অপ্রমেয় রেখা’ প্রদর্শনীর শেষ হচ্ছে ছুটির সন্ধ্যায়।

সুন্দরবনের প্রকৃতি ও লোকবিশ্বাসের গল্প

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুক্রবার সন্ধ্যা ৬টায় উদ্বোধন হবে মণি মাঝির একক প্রদর্শনী ‘অদ্বৈত’। প্রদর্শনী চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকেরা এটি দেখতে পারবেন।

গ্যালারিটি ধানমন্ডির মিরপুর রোডে, ৩ নম্বর সড়কের কাছেই অবস্থিত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

সুন্দরবনের নদী, বন, জোয়ার-ভাটা, লবণাক্ত মাটি, প্রাণী ও লোকবিশ্বাস শিল্পীর কাজের ভাবনায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। সুন্দরবনের মানুষের জীবনযাপন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ক এখানে শিল্পের ভাষায় প্রকাশিত হয়েছে।

বনবিবি ও বনদুর্গার মতো লোকবিশ্বাস এবং স্থানীয় মানুষের পারস্পরিক সহাবস্থানের ধারণাও প্রদর্শনীর ভাবনার অংশ।

প্রকৃতির পরিবর্তন, জলবায়ু সংকট ও মানুষের জীবন থেকে শুরু করে অন্যান্য জীবের আবাস হারানোর বিষয়গুলোও এতে উঠে এসেছে। প্রকৃতিকে কেবল দেখার বস্তু হিসেবে নয়, বরং মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত একটি সত্তা হিসেবে ভাবতে উৎসাহিত করে এই আয়োজন।

শিশুদের শিল্পকর্ম নিয়ে বার্ষিক প্রদর্শনী

শিশুদের আঁকা ছবি দেখতে চাইলে যাওয়া যেতে পারে ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২১-এ নম্বর বাড়ির প্রথম তলায় সফিউদ্দীন শিল্পালয়ে। যেখানে শুক্রবার বিকেল ৫টায় শুরু হবে কিউবিক আর্ট স্কুলের অষ্টম বার্ষিক শিল্প প্রদর্শনী।

আয়োজকরা জানান, প্রদর্শনীটি চলবে ১ নভেম্বর পর্যন্ত।

শিশুদের কাছে ছবি আঁকা শুধু রং ও রেখার ব্যবহার শেখা নয়; এর মধ্য দিয়ে তারা নিজেদের ভাবনা, অনুভূতি ও কল্পনাও প্রকাশ করে। শিক্ষার্থীদের কাজ নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে সেই সৃজনশীলচর্চার পরিচয় পাওয়ার সুযোগ থাকবে।

শিশুদের শিল্পশিক্ষা নিয়ে আগ্রহী অভিভাবক ও দর্শকেরা প্রদর্শনীটি ঘুরে দেখতে পারেন।

‘অপ্রমেয় রেখা’র শেষ দিন

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুক্রবার শেষ হচ্ছে ‘অপ্রমেয় রেখা’ শীর্ষক দলীয় প্রদর্শনী। বেঙ্গল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ৯ অক্টোবর শুরু হওয়া প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখা যাচ্ছে।

ধানমন্ডির ২৭ নম্বর সড়কের বেঙ্গল শিল্পালয়ের প্রথম তলার কামরুল হাসান প্রদর্শনী কক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশের শিল্পকলার সাত দশকের বেশি সময়ের রেখাচিত্র স্থান পেয়েছে।

জয়নুল আবেদিন, কামরুল হাসান ও সফিউদ্দীন আহমদের মতো পথিকৃৎ শিল্পীদের কাজের পাশাপাশি বিভিন্ন প্রজন্মের শিল্পীদের আঁকা রেখাচিত্রও রয়েছে।

মোট ৪২ জন শিল্পীর কাজ নিয়ে সাজানো প্রদর্শনীতে রেখাচিত্রের পরিবর্তন, বৈচিত্র্য এবং শিল্পমাধ্যম হিসেবে এর বিস্তারের চিত্র পাওয়া যায়।

একসময় শিল্পশিক্ষার মৌলিক অনুশীলন ও সামাজিক-রাজনৈতিক বাস্তবতা তুলে ধরার মাধ্যম হিসেবে রেখাচিত্রের ব্যবহার দেখা যেত।

যদিও পরবর্তী সময়ে এটি স্বতন্ত্র শিল্পভাষা হিসেবে বিকশিত হয়েছে। বিভিন্ন সময়ের শিল্পীদের কাজ পাশাপাশি দেখার সুযোগই এ প্রদর্শনীর বিশেষ দিক।

তিনটি প্রদর্শনীর মধ্যে কোনটি আগে দেখবেন, তা নির্ভর করবে দর্শকের আগ্রহের ওপর।

সুন্দরবনের প্রকৃতি ও লোকঐতিহ্য নিয়ে শিল্পকর্ম দেখতে চাইলে লা গ্যালারি, শিশুদের সৃজনশীল কাজ দেখতে সফিউদ্দীন শিল্পালয় এবং বিভিন্ন প্রজন্মের রেখাচিত্র দেখতে চাইলে বেঙ্গল শিল্পালয় বেছে নেওয়া যায়।

তবে বেঙ্গল শিল্পালয়ের প্রদর্শনীটি শুক্রবারই শেষ হচ্ছে। তাই সেটি দেখার পরিকল্পনা থাকলে বিকেল ৪টা থেকে রাত ৮টার সময়সীমার মধ্যে যেতে হবে।

ছবি: সংশ্লিষ্ট গ্যালারির ওয়েবসাইট থেকে সংগ্রহীত।