১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা এ গণির মৃত্যুবার্ষিকী স্মরণে নানা আয়োজন

কুমিল্লা সেনানিবাসে বুধবার সকালে সাবেক এ সেনা কর্মকর্তার সমাধিতে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:54 AM

Updated : 11 Nov 2026, 12:54 AM

সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এ গণির ৬৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে সেনাবাহিনী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পরিবারের তরফে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

জার্মানির বার্লিনে ১৯৫৭ সালের ১১ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবেক এ সেনা কর্মকর্তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে কুমিল্লা সেনানিবাসে তার সমাধিতে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হবে।

এছাড়া সেনাবাহিনীর প্রতিটি ইউনিটে তার আত্মার মাগফেরাত ও পরিবারের কল্যাণ কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ রাওয়া ক্লাবে তাদের তরফে দোয়া মাহফিলের আয়োজন করেছে।

মেজর গণির বড় ছেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাজুল ইসলাম গণি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

মেজর গণি ১৯১৯ সালের ১ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে জন্মগ্রহণ করেন। খুলনা থেকে মাধ্যমিক শেষ করে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন। ১৯৩৯ সালের সেপ্টেম্বরে পড়াশোনা ছেড়ে বেঙ্গল ফায়ার সার্ভিসে যোগ দেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪২ সালের ৮ জানুয়ারি তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কমিশন সার্ভিসে যোগ দেন। একই বছরের ৮ অগাস্ট পদাতিক বাহিনীতে কমিশন পেয়ে ইন্ডিয়ান পাইওনিয়ার কোরে নিয়োজিত হন। ব্রিটিশ বাহিনীর বার্মা অভিযানের সময় তার অধীনে যুদ্ধ করা বাঙালি মুসলমান সেনাদের সাহস ও দক্ষতা ব্রিটিশ সেনা কর্তৃপক্ষের নজর কাড়ে।

যুদ্ধ শেষে পাইওনিয়ার কোরের অভিজ্ঞ সেনাদের নিয়ে নিয়মিত বাহিনী গঠনের প্রস্তাব দেন তৎকালীন ক্যাপ্টেন গনি। ভারত ভাগের পর ১৯৪৭ সালের ১৭ সেপ্টেম্বর দুটি কোম্পানি নিয়ে তিনি ট্রেনে ঢাকার ফুলবাড়িয়ায় পৌঁছান। পরে কুর্মিটোলায় সেনাছাউনি গড়ার নির্দেশ আসে। ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি কুর্মিটোলায় আনুষ্ঠানিকভাবে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়।

১৯৫৩ সালের ৬ নভেম্বর শারীরিক কারণে মেজর গণি সেনাবাহিনী থেকে অব্যাহতি নেওয়ার পর ১৯৫৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থীকে হারিয়ে জয়ী হন।

১৯৫৭ সালের ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বার্লিনে বিশ্ব ভেটেরান্স সম্মেলনে অংশ নিতে তিনি জার্মানি যান। সেখানেই তিনি মারা যান। ১৭ নভেম্বর কুমিল্লা সেনানিবাসে তাকে দাফন করা হয়।