সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশানা আরা ফের রিমান্ডে
পল্লবী ও বনানীর বাসা থেকে গত ১১ অক্টোবর রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকার পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস মঙ্গলবার তাদের রিমান্ডের আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ইন্সপেক্টর শেখ বশির আহমেদ গত ৫ নভেম্বর তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রেখেছিলেন ১০ নভেম্বর। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।
এসআই আবু বকর ছিদ্দিক বলেন, “রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত দুই আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেন।”
এর আগে গত ১২ অক্টোবর এ দুজনের চার দিনের রিমান্ড আদেশ দিয়েছিল আদালত। রিমান্ড শেষে ১৬ অক্টোবর তাদের কারাগারে পাঠানো হয়। এরপর গত ৫ নভেম্বর তাদের আবারও রিমান্ড আবেদন করা হয়।
ওই আবেদনে বলা হয়, চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে নিষিদ্ধঘেষিত ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন সংগঠনকে ‘সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামিরা’। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও আলামত পর্যালোচনা করে নিষিদ্ধ সংগঠনের নেতাদের পাশাপাশি কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং প্রতিবেশী দেশের কিছু ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, আসামিরা সহযোগীদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ পরিচালনা করে ‘সরকারবিরোধী প্রচার-প্রচারণায় জড়িত ছিলেন’। এসব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ মামলায় অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা আলামত যাচাইয়ে ‘কিছু অসংগতি ও রহস্যজনক তথ্য’ পাওয়া গেছে। এসব বিষয়ে দুই আসামিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ১১ অক্টোবর রাতে পল্লবীর নিজ বাসা থেকে কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে বনানীর বাসা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা’ এবং ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামে সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের যুক্ত থেকে তহবিল সংগ্রহ ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক প্লাটফর্মে প্রচার করেন। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ প্লাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে আওয়ামী লীগের পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী সংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত।
মামলায় বলা হয়, ‘কালআজকাল ডটকম’ নামে পেজ তৈরি করে সহিংসতা ও অস্থিতিশীলতা উস্কে দেওয়ার মতো কনটেন্ট তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং ফেইসবুক আইডি ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রচার ও পরিচালনা করেন আসামিরা।
আরও বলা হয়, কাজী গুলশান আরা ২০১৮ সালের ২৭ নভেম্বর দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে গণভবনে গিয়ে সেসময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে একাত্মতা ও আনুগত্য প্রকাশ করেন। সহযোগীদের নিয়ে ‘সেনা পরিষদ’ নামে একটি কমিটি করেন, যার কাজ দেশের বিভিন্ন শ্রেণীর ভেতরে বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা, দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের প্রতি ঘৃণা ও অবজ্ঞা প্রকাশ করে বিদ্বেষ সৃষ্টি করা।
