২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচয় বদলে আত্মগোপনে থাকা ‘নব্য জেএমবির বোমারু মামুনের’ ৭ দিনের রিমান্ড

একই মামলায় জাহেদুল ইসলাম জাবেদ নামে আরেক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 08:42 PM

Updated : 23 Nov 2026, 08:42 PM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ককটেল ফাটিয়ে এক বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

একই মামলায় জাহেদুল ইসলাম জাবেদ নামে আরেক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী।

তিন বলেন, মামুনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় জাবেদের চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে এক বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন মামুন। এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করলে তিনি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটকের পর নিজের পরিচয় গোপন করে তিনি সাইফুল ইসলাম সুজন নামে পরিচয় দেন। নিজেকে ভোলা সদর উপজেলার বাসিন্দা বলেও জানান। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তার প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন মামুন। আটকের পর ৯ নভেম্বর ওই বাড়ির ঘর থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন একই বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে ১১টি আইইডি বোমা উদ্ধার করা হয়।

১১ নভেম্বর রাতে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাগুলো পরীক্ষা করে পরে নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় বিস্ফোরক আইনে করা আলাদা দুটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে।

এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

তখন পুলিশ জানিয়েছিল, তিনি নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য। ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামুনের পরিচয় গোপন করে রায়পুরে থাকার বিষয়টি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে।

আদালতের জারিকারক মো. মাসুদ জানান, এর আগে মামুনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। সেই রিমান্ড শেষে পুলিশ আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন-

পরিচয় বদলে আত্মগোপনে থাকা নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুন’ গ্রেপ্তার

৫ অগাস্টের পর মুক্তি পাওয়া ‘নব্য জেএমবির বোমারু মামুনকে’ নাটের গুরু বলছে পুলিশ