ককটেল বিস্ফোরণ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ৩ দিনের রিমান্ড
তাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দিন এ তথ্য দিয়েছেন।
রিমান্ডে যাওয়া শিক্ষার্থী হলেন ২৪ বছর বয়সি মো. রেজওয়ান আহম্মেদ।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ নাজমুল আলম টুটুল এদিন শিক্ষার্থীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে রেজওয়ানকে নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে তুলে ধরা হয়েছে।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বলেন, “ছাত্রলীগ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। দেশকে অস্থিতিশীল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ছাত্রলীগকে উজ্জীবিত করার জন্য কর্মসূচি দিয়ে আসছে।
“এ আসামিকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”
আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান।
তিনি বলেন, “ঘটনা কথা বলা হয়েছে সন্ধ্যা ৭টা আর ককটেল উদ্ধারের কথা বলা হয়েছে রাত ১১টায়। তাহলে এই চার ঘন্টা আসামি কোথায় ছিলেন। এ আসামি পরীক্ষা দেন ওইদিন। পরে তাকে মব করে মারধর করা হয় এবং পুলিশে দেওয়া হয়।”
তিনি বলেন, “তাহলে কী এই আসামি চার ঘণ্টা ককটেল পকেটে নিয়ে ঘুরছিলেন? মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চলছে। তাকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে। এ অবস্থায় ওই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে রেজওয়ানকে মব করে পুলিশে দেন সুমনসহ ছাত্রদল নেতারা।”
শুনানি নিয়ে আদালত রেজওয়ানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়।
রেজওয়ানকে আটকের পর সোমবার রাতে কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসাইন মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, সে দিন রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন।
মামলায় দাবি করা হয়, জিজ্ঞাসাবাদে রেজওয়ান ‘স্বীকার করেছেন’ এজাহারে নাম থাকা ও অজ্ঞাতনামা অন্য আসামিরা ‘দেশকে অস্থিতিশীল করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন’।
