দুই গ্যালারিতে টিকেট ছাড়াই দেখা যাবে মিরপুর টেস্ট
বিনা মূল্যে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে দর্শকদের জন্য বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকেট ছাড়াই উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
টেস্টের পাঁচ দিনই থাকবে এই সুবিধা। তবে গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি বা হসপিটালিটি এলাকায় বসে খেলা দেখতে চাইলে টিকেট লাগবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।
