১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিমানবন্দর সড়কে বাইকে গাড়ির ধাক্কা, নিহত ২

দুর্ঘটনার জন্য দায়ি গাড়িটিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 06:58 PM

Updated : 13 Nov 2026, 06:58 PM

রাজধানীর বিমানবন্দর সড়কে স্কলাস্টিকা স্কুলের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে স্কলাস্টিকা স্কুলের সামনে ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোবারক হোসেন রাজু (২৪) এবং গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর এলাকার শহিদুল ইসলাম সরদারের ছেলে ফরিদুল ইসলাম সরদার (৪০)। এর মধ্যে রাজু পেশায় একটি আবাসন প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার এবং ফরিদুল সেখানকার শ্রমিক।

দুর্ঘটনার জন্য দায়ি গাড়িটিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

বিমানবন্দর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, “দুপুর ২টার দিকে উত্তরা যাওয়ার পথে বিমানবন্দর এলাকার স্কলাস্টিকা স্কুলের সামনে ফ্লাইওভারের নিচে একটি পাজেরো গাড়ির ধাক্কায় তারা গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বিকাল পৌনে ৪ টার দিকে দুজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“ময়নাতদন্তের জন্য তাদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”