সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী ধরে পুলিশে সোপর্দ করলেন যুবদলের নয়ন
পল্টন থানায় নেওয়ার পর এক ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, "ওসি সাহেব আপনাদের জন্য মেহমান নিয়ে এলাম।"
ঢকার শান্তিনগর এলাকা থেকে মহিউদ্দিন আহমেদ রুদ্র নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশে দিয়েছেন আলোচিত যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।
শুক্রবার রাত ১১টার দিকে নয়নের নেতৃত্বে একদল নেতাকর্মী তাকে আটক করে পল্টন থানায় সোপর্দ করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মহিউদ্দিন আহমেদ রুদ্র। একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি; পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী।
তাকে আটক করা থেকে থানায় নিয়ে যাওয়ার পুরো সময় বিভিন্ন ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
পল্টন থানায় নেওয়ার পর একটি ভিডিওতে রবিউল ইসলাম নয়নকে বলতে শোনা যায়, "ওসি সাহেব, আপনাদের জন্য মেহমান নিয়ে এলাম। মেহমানের হাত থেকে ফোনটা নেন।"
নয়ন বলেন, "আমরা তারে ওসি সাহেবের হাতে দিয়ে গেলাম। বাকিটা উনারা বুঝবেন। আমাদের রুদ্র ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলেন, এখন তিনি আইন সহায়ক পরিষদের নেতা। এই যে যারা বোম-টোম মারে, বাস পোড়ায়, তাদের তিনি কোর্ট-কাচারি থেকে জামিন করান। এখন আমি দেখতে চাই উনি নিজে কত দিনে বের হন।"
এ বিষয়ে রাত ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পল্টন থানার ওসি বলেন, "তাকে তারা থানায় দিয়ে গেছেন।"
মহিউদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না বা তার বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই প্রশ্নে ওসি বলেন, "মহিউদ্দিন সাহেবের বিষয়টি আমরা এখনো ভেরিফাই করছি।"
এদিকে মোহাম্মদপুর থানার এসআই জাহেদুল ইসলাম কবির বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিএনপির কিছু নেতাকর্মী এস এম বাবু নামে একজনকে ধরে থানায় দিয়ে যায়।
এই বাবু আওয়ামী লীগের একজন নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাবুর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তাও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এসআই জাহেদুল।
