১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আইনজীবী রুদ্র হত্যাচেষ্টা মামলায় কারাগারে

রুদ্রকে এ দিন আদালতে হাজির করা হলে প্রিজন ভ্যান থেকে নামার সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 06:43 PM

Updated : 14 Nov 2026, 06:43 PM

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের ধরিয়ে দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ও ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দিন আহমেদ রুদ্রকে পল্টন মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শনিবার শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান।

ঢাকার শান্তিনগর এলাকা থেকে মহিউদ্দিন আহমেদ রুদ্রকে শুক্রবার রাত ১১টার দিকে নয়নের নেতৃত্বে যুবদলের একদল নেতাকর্মী আটক করে পল্টন থানায় সোপর্দ করে। তাকে আটক করা থেকে থানায় নিয়ে যাওয়ার পুরো সময় বিভিন্ন ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

পল্টন থানায় নেওয়ার পর একটি ভিডিওতে রবিউল ইসলাম নয়নকে বলতে শোনা যায়, “ওসি সাহেব, আপনাদের জন্য মেহমান নিয়ে এলাম। মেহমানের হাত থেকে ফোনটা নেন।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মহিউদ্দিন আহমেদ রুদ্র। একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতিরও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে পেশায় তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।

শনিবার সকালে রুদ্রকে স্বেচ্ছাসেবক দল নেতা মো. বেলালকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পল্টন মডেল থানার এসআই নাজমুল ইসলাম।

আবেদনে বলা হয়, বেলাল হত্যাচেষ্টা মামলায় মহিউদ্দিন আহম্মেদ রুদ্রসহ এজাহারনামীয় আসামি। তিনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। রুদ্র দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ (মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবি সদস্য), মেসেঞ্জার গ্রুপ (বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ) ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যোগাযোগ করে নাশকতার সঙ্গে জড়িত মর্মে প্রাথমিক তদন্তে স্বাক্ষ্য প্রমান পাওয়া যাচ্ছে।

আওয়ামীলীগ ঘোষিত ‘লকডাউন কর্মসূচি, হরতালে’ ককটেল বিস্ফোরণ ঘটানো, পেট্রোল বোমা নিক্ষেপ, গণপরিবহনে আগুন লাগানোসহ বিভিন্ন দেশবিরোধী কর্মসূচিতেও রুদ্র জড়িত বলে সাক্ষ্য প্রমান পাওয়া যাচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি যাচাই করে এসব তথ্যাদি পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

এ দিন শুনানিকালে রুদ্রকে আদালতে তোলা হয়। সে সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পড়ানো ছিল। প্রিজন ভ্যান থেকে নামানো হলে আদালত চত্বরেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

রুদ্রের পক্ষে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগ, ওবায়দুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণে বলা হয়, শেখ হাসিনা সরকারের গুম-খুন, নিপীড়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি ও এর শরিক দলগুলো। ওই সমাবেশে অংশ নেন বেলাল। পুলিশ মহাসমাবেশে নির্বিচারে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়ে বেলাল মাটিতে পড়ে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে কুপিয়ে জখম করে।

এরপর এক পুলিশ কর্মকর্তার নির্দেশে আরেক পুলিশ সদস্য বেলালের কপালে রাবার বুলেট ছোড়েন। এতে অচেতন হয়ে পড়ে গেলে তাকে মৃত ভেবে একটি গাড়ির নিচে ফেলে রাখা হয়। পরে অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যান। তবে সেখানে তাকে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়। পরে তিনি বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে দীর্ঘ সময় চিকিৎসা নেন। সুস্থ হয়ে ২০২৫ সালের ৮ মে পল্টন মডেল থানায় তিনি হত্যাচেষ্টা মামলা করেন।

পুরনো খবর:

সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী ধরে পুলিশে সোপর্দ করলেন যুবদলের নয়ন