দুমড়ে-মুচড়ে গেল ঋতুপর্ণার গাড়ি
ম্যাটাডোর চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না।
দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি। ঘটনাটি ঘটেছে অভিনেত্রীর বাড়ির সামনে।
সংবাদমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে বৃহস্পতিবার ঋতুপর্ণার বাড়ির নীচেই দাঁড় করানো ছিল তার গাড়িটি। আচমকাই সেই গাড়িটিতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। তাতেই ঘটে দুর্ঘটনা।
ঋতুপর্ণার গাড়ি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু জায়গা দুমড়ে মুচড়েও গিয়েছে। সেই সময়ে বাড়িতেই ছিলেন অভিনেত্রী।
ঋতুপর্ণা বলেন, “আমি বাড়ির ভেতরেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে আমি ও আমার বাড়ির কর্মীরা বাইরে ছুটে আসি। দেখি একটি ম্যাটাডোর আমার পার্ক করে রাখা গাড়িটিকে সজোরে ধাক্কা মেরেছে। আমার গাড়ির পিছনের বাম দিকের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সেখানে কোনো মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।”
ম্যাটাডোর চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি ওই গাড়ির অনুমোদিত চালক নন, পেশায় ক্যাটারিং সার্ভিসের একজন কর্মী।
ঋতুপর্ণার কথায়, “এই দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। চালক নিজেই স্বীকার করেছেন যে, কোনো অনুমতি ছাড়াই গাড়িটি চালাচ্ছিল।”
