১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সরকারি ও বেসরকারি খাতে স্বচ্ছতা এলে জনগণের আস্থা বাড়বে: বাণিজ্যমন্ত্রী

“সুশাসন ও জবাবদিহি ছাড়া কেবল আর্থিক সাফল্য কোনো প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে পারে না।”

সরকারি ও বেসরকারি খাতে স্বচ্ছতা এলে জনগণের আস্থা বাড়বে: বাণিজ্যমন্ত্রী

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-আইসিএসবি ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 11:51 PM

Updated : 12 Nov 2026, 11:50 PM

সুশাসনের চর্চা কেবল বেসরকারি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে সরকারি প্রতিষ্ঠান ও সেবার ক্ষেত্রে এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

সরকারি ও বেসরকারি-উভয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হলে জনগণের আস্থা বাড়বে বলে মনে করেন তিনি। 

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখছিলেন। 

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-আইসিএসবি ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। 

বাণিজ্যমন্ত্রী বলেন, “সুশাসনের চর্চা কেবল বেসরকারি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখলে চলবে না; সরকারি প্রতিষ্ঠান ও সেবা ব্যবস্থায়ও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। 

“সরকারি-বেসরকারি উভয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হলে জনগণের আস্থা বাড়বে এবং বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে।” 

তিনি টেকসই অর্থনৈতিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে করপোরেট সুশাসনকে অপরিহার্য ভিত্তি হিসেবে অভিহিত করেন। 

খন্দকার মুক্তাদির বলেন, করপোরেট গভর্ন্যান্স এখন আর কেবল আইনগত বাধ্যবাধকতা কিংবা বিধিবিধান প্রতিপালনের বিষয় নয়; বরং এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, বিনিয়োগকারীদের আস্থা এবং দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার অন্যতম প্রধান শর্ত।

“সুশাসন ও জবাবদিহি ছাড়া কেবল আর্থিক সাফল্য কোনো প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে পারে না।” 

কার্যকর করপোরেট সুশাসন শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, পাওনাদার, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি তুলে ধরেন। 

দেশের ব্যাংক খাতে করপোরেট সুশাসনের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সীমিত করা এবং একই পরিবারের সদস্যদের প্রতিনিধিত্ব নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল।

কিন্তু পরবর্তী সময়ে এসব নীতির পরিবর্তন ও শিথিলতার ফলে ব্যাংক খাতে সুশাসনের দুর্বলতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বেশ কিছু ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার ওপর, বলেন তিনি। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, আইসিএসবির সভাপতি মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।