আইসিএসবি অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএলের ২ প্রতিষ্ঠান
“বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে আমরা স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়ম মেনে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দিই,” বলেন চৌধুরী আতিয়ুর রাসুল।
প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-আইসিএসবি অ্যাওয়ার্ড পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান— এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৫’ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয় বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এবার খাদ্য ও আনুষঙ্গিক খাতে এএমসিএল-প্রাণ এবং প্রকৌশল খাতে আরএফএল এ সম্মাননা পেয়েছে। আগের আসরেও নিজ নিজ খাতে পুরস্কৃত হয়েছিল প্রতিষ্ঠান দুটি।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছ থেকে এএমসিএল-প্রাণের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল।
আরএফএলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানি সচিব আমিনুর রহমান।
এবারের আয়োজনে ২০২৫ সালের সুশাসন চর্চার পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের-বিএসইসি করপোরেট গভর্ন্যান্স কোড ও সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালনের বিষয়টি মূল্যায়ন করা হয়।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে চৌধুরী আতিয়ুর রাসুল বলেন, “একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু ব্যবসার প্রবৃদ্ধিতে নয়, সেটি কীভাবে পরিচালিত হচ্ছে তার ওপরও নির্ভর করে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়ম মেনে সিদ্ধান্ত গ্রহণকে আমরা গুরুত্ব দিই। এ স্বীকৃতি আমাদের সেই দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনে উৎসাহ দেবে।”
