‘নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়?’ কারণ খুঁজতে সংলাপ চট্টগ্রামে
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিক, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
নারী ও তরুণ নেতৃত্বের বাধার কারণ খুঁজতে চট্টগ্রামে সেন্টর ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে সংলাপ হয়েছে।
রোববার হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত সংলাপ ও কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিক, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালাটি সিজিএসের ‘রাজনীতিতে নারী ও তরুণদের ক্ষমতায়ন’ শীর্ষক চলমান প্রকল্পের অংশ, যা বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত হচ্ছে বলে জানান আয়োজকরা।
সংলাপে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন বলেন, “শিক্ষাই একটি সমৃদ্ধ জাতির প্রকৃত ভিত্তি। বেগম খালেদা জিয়া তীব্র সমালোচনা ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া সত্ত্বেও তার পথচলা এবং আরও অসংখ্য নারীর সাফল্য প্রমাণ করে যে, সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিজিএসের জিল্লুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা বক্তব্য রাখেন।
