স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ
করোনাকালে ১০০ সেকেন্ডের শেষ কথোপকথন, ‘চারুলতা’র শেষ দৃশ্য নিয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে সৃজনশীল মতবিনিময় এবং প্রামাণ্যচিত্র ‘কৃষ্ণকলি’ নির্মাণের নেপথ্য গল্প—সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মাতা মাসুদ করিমের অন্তরঙ্গ স্মৃতিচারণা।
বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতির ইতিহাসে কিছু মানুষ আছেন, যারা কেবল অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করেননি; বরং নিজেদের সৃষ্টিশীলতা, মনন, ব্যক্তিত্ব ও জীবনদর্শনের মধ্য দিয়ে একটি সময়কে ধারণ করেছেন। সময়ের সীমানা অতিক্রম করে তারা হয়ে ওঠেছেন একটি জাতির সাংস্কৃতিক উত্তরাধিকার। সৌমিত্র চট্টোপাধ্যায় তেমনই একজন অসামান্য শিল্পী।
২০২০ সালের ১৫ নভেম্বর উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা আমাদের ছেড়ে চলে যান। দেখতে দেখতে তার প্রয়াণের ছয় বছর অতিক্রান্ত হলো। কিন্তু সময়ের এই দীর্ঘ পরিক্রমায়ও বাঙালির মনন, আবেগ ও সাংস্কৃতিক চেতনায় তিনি এতটুকু ম্লান হননি। বরং প্রতিটি স্মৃতিচারণা, প্রতিটি চলচ্চিত্রের পুনঃপ্রদর্শন এবং তার কণ্ঠে উচ্চারিত কবিতার প্রতিটি পঙ্ক্তি তাকে নতুন করে আমাদের কাছে ফিরিয়ে আনে।
একজন প্রকৃত শিল্পীর মৃত্যু হয় না। তার শরীরের অবসান ঘটে, কিন্তু শিল্পের নয়। সৃষ্টি, দর্শন, কণ্ঠস্বর ও শিল্পবোধের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৯১ বছর।
সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি অপু, ফেলুদা কিংবা ‘চারুলতা’র অমল। কিন্তু তাকে কেবল কয়েকটি কালজয়ী চরিত্রের মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। চলচ্চিত্র, মঞ্চ, আবৃত্তি, সাহিত্যচর্চা, কবিতা ও সাংস্কৃতিক আন্দোলন—প্রতিটি ক্ষেত্রেই ছিল তার স্বতন্ত্র ও দীপ্ত উপস্থিতি।
তার অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সংযম। চোখের ভাষা, সংলাপের বিরতি, মুখের সূক্ষ্ম অভিব্যক্তি কিংবা শরীরী ভাষার সামান্য পরিবর্তনেও তিনি চরিত্রের গভীরতাকে প্রকাশ করতে পারতেন। তার অভিনয়ে ছিল বুদ্ধিবৃত্তিক সৌন্দর্য, জীবনবোধ ও এক অসাধারণ স্বাভাবিকতা। তিনি দর্শককে শুধু মুগ্ধ করতেন না, ভাবতে শেখাতেন।
শেষ কথোপকথন: যে স্মৃতি আজও তাড়া করে ফেরে
কিছু স্মৃতি সময়ের সঙ্গে পুরোনো হয় না। বরং সময় যত এগিয়ে যায়, সেসব স্মৃতি তত বেশি গভীর হয়ে হৃদয়ে ফিরে আসে।
২০২০ সালের ২৯ জুন। সকাল ১১টা। ঢাকা থেকে কলকাতায় ফোন করেছিলাম সৌমিত্রদাকে। কথা হয়েছিল মাত্র ১০০ সেকেন্ড। তখনো কি জানতাম, সেটিই হবে তার সঙ্গে আমার শেষ কথোপকথন! জানলে হয়তো ফোনের সংযোগ বিচ্ছিন্ন হতে দিতাম না। কথা বলতাম যতক্ষণ সম্ভব।
সেদিন তাকে বলেছিলাম, করোনাকালের পরিস্থিতি মোটেই ভালো নয়। এই সময়ে সুস্থ থাকাটাই সবচেয়ে জরুরি। তাই তাকে অনুরোধ করেছিলাম, আপাতত যেন শুটিংয়ে না যান। বারবার সতর্ক করেছিলাম। কিন্তু বয়সে ছোটদের সতর্কবাণী অনেক সময় বড়রা খুব একটা গুরুত্ব দিতে চান না। হয়তো সেদিনও আমার কথাগুলো তার কাছে তেমনই মনে হয়েছিল।
২০২০ সালের অগাস্টে কলকাতার একটি বাংলা পত্রিকায় সৌমিত্রদার শুটিং-সংক্রান্ত সাক্ষাৎকারভিত্তিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি পড়ে আমি উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। আমার মনে হয়েছিল, করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যেও তাকে শুটিংয়ে ফিরতে হয়েছে। প্রযোজকদের চাহিদা এবং চলচ্চিত্র নির্মাণের বাস্তবতার মধ্যে তার ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকির বিষয়টি যথাযথ গুরুত্ব পেয়েছিল কি না, সে প্রশ্নও মনে জেগেছিল। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের সম্পৃক্ততার কথাও তখন আমার মনে এসেছিল।
আজও ভাবি, আরও কিছুদিন যদি তিনি নিজের মতো করে সময় কাটাতে পারতেন! আরও কিছুদিন যদি আমরা তার সান্নিধ্য পেতাম!
কলকাতার আকাশে সেদিন যে শূন্যতা নেমে এসেছিল
সৌমিত্রদার প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়ার পর মনে হয়েছিল, শহর কলকাতার প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে যেন কেউ ডুকরে কাঁদছে। সেই কান্নার প্রতিধ্বনি কলকাতার সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছিল ভারত ও বাংলাদেশের প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে।
অপুর বয়স হয়েছিল, জীবনের দীর্ঘ পথ তিনি পাড়ি দিয়েছিলেন। কিন্তু এমন একজন মানুষের প্রস্থান কি এত সহজে মেনে নেওয়া যায়?
সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীরভাবে দায়বদ্ধ একজন মানুষ। বাণিজ্যিক সম্ভাবনার হাতছানি থাকলেও নিজের ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি তার ভালোবাসা ছিল প্রশ্নাতীত। মুম্বাইয়ের চলচ্চিত্রজগতে কাজ করার সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক অটুট ছিল। বাংলা ভাষায় অভিনয়, বাংলা কবিতা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যই ছিল তার আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।
তার প্রয়াণে আমরা শুধু একজন অভিনেতাকে হারাইনি; হারিয়েছি একজন মননশীল, আত্মমর্যাদাসম্পন্ন ও প্রকৃত বাঙালি সাংস্কৃতিক ব্যক্তিত্বকে।
সত্যজিৎ রায় ও সৌমিত্র: দুই সৃষ্টিশীল সত্তার অনন্য বন্ধন
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শিল্পীজীবন নিয়ে আলোচনা করতে গেলে সত্যজিৎ রায়ের প্রসঙ্গ অবধারিতভাবেই চলে আসে। সত্যজিৎ রায়ের চৌদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সৌমিত্র। তাদের সৃজনশীল সম্পর্ক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়।
তবে এই সম্পর্ককে কেবল পরিচালক ও অভিনেতার সম্পর্ক হিসেবে দেখলে ভুল হবে। দুজনের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা, শিল্পবোধের আদান-প্রদান এবং একে অন্যের সৃজনশীলতাকে সমৃদ্ধ করার অসাধারণ ক্ষমতা।
সত্যজিৎ রায় একবার সৌমিত্র সম্পর্কে বলেছিলেন, তার প্রতি নির্ভরশীলতা শিল্পীজীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। এই নির্ভরশীলতার পেছনে ছিল সৌমিত্রর অভিনয়ক্ষমতা, বুদ্ধিমত্তা, চরিত্র অনুধাবনের অসাধারণ শক্তি এবং পরিচালকের ভাবনাকে যথাযথভাবে আত্মস্থ করার দক্ষতা।
কিন্তু এটাও সত্য, সৌমিত্র চট্টোপাধ্যায় তার অভিনয়ের মধ্য দিয়ে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের চরিত্রগুলোকে এক বিশেষ মাত্রায় পৌঁছে দিয়েছিলেন। অপু, অমল, ফেলুদা কিংবা অন্যান্য চরিত্রের মধ্য দিয়ে তিনি পরিচালকের ভাবনাকে দর্শকের কাছে জীবন্ত করে তুলেছিলেন। তাই তাদের সম্পর্ক ছিল পারস্পরিক সৃষ্টিশীলতার এক অসাধারণ দৃষ্টান্ত।
‘চারুলতা’র শেষ দৃশ্য: শিল্পীর আপত্তি, পরিচালকের নতুন উপলব্ধি
২০১৪ সালের ২৫ জুলাই। কলকাতার কলেজ স্ট্রিটের লাহা বাড়িতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন ও কর্মভিত্তিক আমার নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘কৃষ্ণকলি’র জন্য তার একটি দীর্ঘ সাক্ষাৎকার ধারণ করছিলাম। সেদিনের সেই কথোপকথনে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার নানা স্মৃতি তুলে ধরেছিলেন। তার মধ্যে ‘চারুলতা’ চলচ্চিত্রের শেষ দৃশ্য নিয়ে তার অভিজ্ঞতাটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
সৌমিত্রদার বর্ণনায় জানা যায়, ‘চারুলতা’র শেষ দৃশ্যটি নিয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছিল।
তিনি বলছিলেন, ছবির শেষ দৃশ্যে চারু ও ভূপতি একে অন্যের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু সেই দৃশ্যের উপস্থাপন নিয়ে তার মনে প্রশ্ন ছিল।
সৌমিত্রদা সত্যজিৎ রায়কে, যাকে আরও অনেকের মতো তিনিও ভালোবেসে ‘মানিকদা’ বলে ডাকতেন, বলেছিলেন, দৃশ্যটি তার একেবারেই পছন্দ হয়নি।
তার যুক্তি ছিল, ভূপতি যখন বুঝতে পারেন তার স্ত্রী চারুর সঙ্গে অমলের একটি আবেগঘন সম্পর্ক তৈরি হয়েছে, তখন তিনি বাড়ি ছেড়ে চলে যান। পরবর্তী সময়ে ফিরে এলে চারু তাকে ঘরে আসার আমন্ত্রণ জানায়। তখন ভূপতির প্রশ্ন, ‘এ ঘর কি আর সে ঘর আছে?’ এরপর চারু তাকে ঘরে আসতে বলে।
কিন্তু সৌমিত্রর মনে হয়েছিল, এই দৃশ্যের মধ্য দিয়ে চারু ও ভূপতির সম্পর্কের গভীর বেদনা এবং বিচ্ছিন্নতার অনুভূতিটি যথাযথভাবে প্রকাশ পাচ্ছে না।
তিনি আরও বলেছিলেন, চারুর মুখে ‘না থাক’—এই কথাটুকু যেন এক গভীর মর্মবেদনার প্রকাশ। এর মধ্যে রয়েছে দুঃখ, বেদনা, যন্ত্রণা এবং এক অসহায় আত্মসমর্পণ।
সৌমিত্রদার আপত্তি শুনে সত্যজিৎ রায় তাকে প্রশ্ন করেছিলেন, এর বাইরে আর কী হতে পারে? কারণ সেই সময়ের সামাজিক বাস্তবতায় তাদের একসঙ্গে বসবাস করতেই হতো।
সৌমিত্রদা অবশ্য মনে করেছিলেন, বিষয়টির আরও একটি শিল্পিত ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা থাকতে পারে।
সেদিন শুটিং শেষে তিনি বাড়ি ফিরে যান।
পরদিন সকালে শুটিংয়ে এসে দেখেন, মানিকদা যেন শিশুর মতো উৎসাহ নিয়ে তাকে বলছেন, ‘শোনো, কাল রাতে আমি ওটা পাল্টিয়েছি।’
সৌমিত্রদা জানতে চাইলেন, ‘কী করেছেন মানিকদা?’
তখন সত্যজিৎ রায় তাকে নতুন সমাপ্তির ভাবনাটি শোনান। দুটি হাত একে অন্যের দিকে এগিয়ে আসছে। চারপাশের সবকিছু যেন পাথরের মতো স্থির। পৃথিবীতে আর কিছুই নড়ছে না। বাড়ির চাকরটি বাতি নিয়ে আসছে, অথচ সেই মুহূর্তে সময় যেন থমকে গেছে। দুটি মানুষের হাত পরস্পরের দিকে এগিয়ে এলেও তাদের মধ্যে থেকে যাচ্ছে এক অনতিক্রম্য দূরত্ব। সেই দূরত্ব আর কোনো দিন ঘুচবে না। কী অসাধারণ এক শিল্পভাবনা!
এই দৃশ্যের মধ্য দিয়ে সত্যজিৎ রায় কোনো সরল সমাধান দেননি। বরং সম্পর্কের জটিলতা, মানসিক বিচ্ছিন্নতা এবং অনিবার্য দূরত্বকে এমনভাবে প্রকাশ করেছেন, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী এক বেদনাবোধ তৈরি করে।
আমার কাছে সৌমিত্রদার এই স্মৃতিচারণা ছিল এক অসাধারণ শিল্পপাঠ। একজন অভিনেতা যে কেবল পরিচালকের নির্দেশ পালন করেন না, বরং চরিত্রের মনস্তত্ত্ব ও শিল্পের গভীরতা নিয়ে পরিচালকের সঙ্গে সৃজনশীল বিতর্কেও অংশ নেন—এই ঘটনা তারই প্রমাণ।
‘কৃষ্ণকলি’: একজন কিংবদন্তিকে কাছ থেকে জানার প্রয়াস
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন, শিল্পচর্চা, অভিনয়জগৎ এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরার প্রত্যয় নিয়ে আমি নির্মাণ করি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘কৃষ্ণকলি’।
বাংলাদেশের একজন নির্মাতা হিসেবে ভারতীয় উপমহাদেশের এমন একজন কিংবদন্তি শিল্পীর জীবন ও কর্ম নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা আমার কাছে ছিল একই সঙ্গে ভালোবাসা, দায়িত্ব ও গভীর আবেগের বিষয়।
এই চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে কাছ থেকে জানার এবং তার জীবনদর্শন উপলব্ধি করার এক বিরল সুযোগ পেয়েছিলাম। তার শৈশব, বেড়ে ওঠা, অভিনয়জীবনের সূচনা, সত্যজিৎ রায়ের সঙ্গে সৃজনশীল সম্পর্ক, চলচ্চিত্র ও মঞ্চে তার অবদান—সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি এই প্রামাণ্যচিত্রে।
২০১৫ সালের ২৮ এপ্রিল কলকাতায় ‘কৃষ্ণকলি’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় স্বয়ং উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। আমার আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, বরেণ্য নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত।
পরবর্তীকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন আয়োজনে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
চলচ্চিত্রটি নির্মাণের জন্য সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেও আমাকে অভিনন্দিত করেছিলেন। তার জীবন ও কর্ম নিয়ে আমার এই প্রচেষ্টার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। একজন নির্মাতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!
যার জীবন ও কর্ম নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা ও চলচ্চিত্র নির্মাণের কাজ করেছি, সেই মানুষটির কাছ থেকেই স্বীকৃতি পাওয়া আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।
আমি মনে করি, ‘কৃষ্ণকলি’ কেবল একজন অভিনেতার জীবনীভিত্তিক চলচ্চিত্র নয়; এটি বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ সময়, একটি সাংস্কৃতিক পরিমণ্ডল এবং একজন অসাধারণ শিল্পীর সৃজনশীল অভিযাত্রাকে সংরক্ষণের আন্তরিক প্রয়াস।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন আমাদের শেখায়, শিল্পী হওয়া মানে শুধু জনপ্রিয়তা অর্জন নয়; শিল্পী হওয়া মানে নিজের সময়কে বোঝা, সমাজকে প্রশ্ন করা, মানুষের অনুভূতিকে ধারণ করা এবং আগামী প্রজন্মের জন্য সৃষ্টির মধ্য দিয়ে একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যাওয়া।
আজ নতুন প্রজন্ম যখন বাংলা চলচ্চিত্রের ইতিহাস অনুসন্ধান করবে, তখন সৌমিত্র চট্টোপাধ্যায়কে নতুন করে আবিষ্কার করবে। অপু, ফেলুদা, অমল কিংবা তার অসংখ্য চরিত্র বারবার ফিরে আসবে দর্শকের কাছে। তার কণ্ঠে উচ্চারিত কবিতার পঙ্ক্তি আবারও স্পর্শ করবে মানুষের হৃদয়।
আমার নির্মিত ‘কৃষ্ণকলি’ তাই আমার কাছে নিছক একটি প্রামাণ্যচিত্র নয়। এটি একজন অসাধারণ শিল্পীর প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা ও দায়বদ্ধতার দলিল। তার জীবন ও কর্মের কিছু স্মৃতি, কিছু অভিজ্ঞতা এবং কিছু অজানা অধ্যায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস।
আমি বিশ্বাস করি, ইতিহাসের গুরুত্বপূর্ণ মানুষদের জীবন ও কর্ম সংরক্ষণ করা মানে শুধু অতীতকে স্মরণ করা নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সাংস্কৃতিক ভিত্তি তৈরি করা। সেই দায়বদ্ধতা থেকেই আমি বারবার ইতিহাসের সঙ্গী হতে চাই।
আপনি আছেন, আপনার সৃষ্টির মধ্যে
সৌমিত্রদা, আপনি আজ আমাদের মধ্যে নেই। কিন্তু আপনার অভিনয় আছে, আপনার কবিতা আছে, আপনার আবৃত্তি আছে, আপনার জীবনদর্শন আছে। আছে সত্যজিৎ রায়ের সঙ্গে আপনার সৃষ্টিশীল পথচলার অসংখ্য স্মৃতি। আর আছে অগণিত মানুষের হৃদয়ে আপনার জন্য অফুরন্ত ভালোবাসা। মাঝে মাঝে মনে হয়, ২০২০ সালের ২৯ জুনের সেই ১০০ সেকেন্ডের কথোপকথনটি যদি আরেকটু দীর্ঘ হতো! যদি আরও কিছু কথা বলা যেত! যদি আরেকবার ফোনে আপনার কণ্ঠ শুনতে পেতাম!
কিন্তু জীবনের কিছু মুহূর্ত আর ফিরে আসে না। কিছু মানুষ চলে যাওয়ার পর তাদের অনুপস্থিতিই হয়ে ওঠে সবচেয়ে বড় উপস্থিতি।
আপনার মতো শিল্পীরা কখনো সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেন না। তারা বেঁচে থাকেন তাদের সৃষ্টির মধ্যে, মানুষের স্মৃতিতে, সময়ের প্রবাহে এবং ইতিহাসের অবিনাশী অধ্যায়ে।
বিনম্র শ্রদ্ধা, প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়।
মাসুদ করিম: কবি ও তথ্যচিত্র নির্মাতা। ইমেইল: www.masudkarimfilm.com
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
