তৌফিক ইমরোজ খালিদী: সংবাদ, সম্পাদনা ও সময়ের বাঁকবদল
বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক সূচনা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আধুনিকায়ন এবং তৌফিক ইমরোজ খালিদীর সম্পাদকীয় উত্তরাধিকার নিয়ে লিখেছেন রাজীব নন্দী।
“অ্যান এডিটর ইজ আ পারসন এমপ্লয়েড অন আ নিউজপেপার, হুজ বিজনেস ইট ইজ টু সেপারেট দ্য হুইট ফ্রম দ্য চ্যাফ, অ্যান্ড টু সি দ্যাট দ্য চ্যাফ ইজ প্রিন্টেড।”— এলবার্ট হাবার্ড
সম্পাদককে নিয়ে এলবার্ট হাবার্ডের পুরোনো এই ব্যঙ্গাত্মক সংজ্ঞাটি বেশ নির্মম, আবার একই সঙ্গে অদ্ভুতভাবে প্রাসঙ্গিক। গমের দানা থেকে তুষ আলাদা করা, তারপর শেষ পর্যন্ত তুষটাই ছাপিয়ে দেওয়া, সম্পাদনার সংকটকে এর চেয়ে সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণভাবে প্রকাশ করা কঠিন। তথ্যের এই অতিবন্যার যুগে কোনটি জরুরি, কোনটি অপ্রয়োজনীয়; কোনটি সংবাদ, কোনটি নিছক শব্দের কোলাহল, এই বাছাইয়ের ক্ষমতাই একজন সম্পাদকের আসল পরীক্ষা। কারণ সংবাদ প্রকাশ করা আর সংবাদকে পাঠযোগ্য, নির্ভরযোগ্য ও অর্থবহ করে তোলা এক জিনিস নয়। দ্বিতীয় কাজটিই সম্পাদনার শিল্প, আর প্রথম কাজটির ভিড়ে দ্বিতীয়টি হারিয়ে যাওয়াই সাংবাদিকতার অন্যতম সংকট।
তৌফিক ভাইকে নিয়ে লিখতে বসে কথাটি মনে পড়ছে বারবার। তার মৃত্যুর পর শোকের অভিঘাত কাটিয়ে উঠে তাকে নিয়ে স্মৃতিচারণ করতে আমার কিছুটা সময় লেগেছে। অনেকে লিখেছেন তাকে কাছ থেকে দেখা, একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে। আমার অবস্থান আলাদা। তাকে কখনো সামনাসামনি দেখিনি, তার সঙ্গে কাজও করা হয়নি। পেশাজীবনের পুরোটাই চট্টগ্রামে বসে একজন পাঠক হিসেবে অনুসরণ করেছি তার সম্পাদিত সংবাদ, টকশোর বক্তব্য আর সংবাদ উপস্থাপনার ধরন। এখন কর্মসূত্রে কলকাতায় বসে করছি এই স্মৃতিচারণ।
যোগাযোগ ও সাংবাদিকতার প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষক হিসেবে এই লেখায় তাই ব্যক্তিগত স্মৃতির বদলে ফিরে দেখতে চাই একজন সম্পাদককে, দূর থেকে, তার কাজের মধ্য দিয়ে; বাংলাদেশের অনলাইন সাংবাদিকতায় তার ভূমিকা, পেশাগত স্মার্টনেস এবং রেখে যাওয়া সম্পাদকীয় উত্তরাধিকারের আলো-ছায়ায়।
একজন মানুষ, যিনি একটি সময়ের ভাষা বদলাতে চেয়েছিলেন
বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে কিছু মানুষ আছেন, যাদের মূল্যায়ন করতে গেলে তাদের ব্যক্তিগত অর্জনের তালিকার বাইরে গিয়ে সময়টিকেও বুঝতে হয়। তৌফিক ইমরোজ খালিদী তাদের একজন। তার সম্পাদনা ও নেতৃত্বের তাৎপর্য বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হয় এমন এক সময়ে, যখন সংবাদপত্রের কাগজের পাতা থেকে সংবাদ ক্রমে সরে আসছিল কম্পিউটারের পর্দায়, পরে হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে।
২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনলাইন সংবাদমাধ্যম হিসেবে যাত্রা বাংলাদেশের সাংবাদিকতায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। সেই সময় তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিনামূল্যে পাঠযোগ্য, ২৪ ঘণ্টার অনলাইন সংবাদমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করে। এই দুই পর্যায়কে পাশাপাশি রাখলে বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার ইতিহাসে উদ্যোগের সূচনা এবং তাকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠার পৃথক অথচ পরস্পর-সম্পর্কিত ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে।
সংবাদমাধ্যমের ডিজিটাল রূপান্তর কেবল প্রযুক্তির পরিবর্তন নয়। ওয়েবসাইট তৈরি করলেই অনলাইন সাংবাদিকতা প্রতিষ্ঠিত হয় না। এর জন্য প্রয়োজন নতুন সম্পাদনা-পদ্ধতি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তথ্য যাচাইয়ের শৃঙ্খলা, সংবাদ উপস্থাপনার নতুন ভাষা এবং পাঠকের বদলে যাওয়া অভ্যাস সম্পর্কে স্পষ্ট ধারণা। তৌফিক খালিদীর নেতৃত্বে বিডিনিউজের যাত্রাকে আমি এই বৃহত্তর পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই দেখতে চাই।
তার কৃতিত্ব কেবল একটি অনলাইন সংবাদমাধ্যমের নেতৃত্বে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তিনি এমন একটি পেশাগত পরিসর নির্মাণে ভূমিকা রেখেছিলেন, যেখানে সংবাদকে কাগজের সংস্করণের অনুলিপি হিসেবে না দেখে স্বতন্ত্র একটি ডিজিটাল পণ্য ও সাংবাদিকতার নিজস্ব পরিসর হিসেবে বিবেচনা করা সম্ভব হয়েছিল।
এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। কারণ প্রযুক্তি সংবাদ পৌঁছে দেয়, কিন্তু সম্পাদনা ঠিক করে দেয় সংবাদটি কীভাবে পৌঁছাবে, কোন তথ্যটি আগে আসবে, কোন বক্তব্যটি প্রাসঙ্গিক হবে এবং পাঠক ঘটনাটিকে কীভাবে বুঝতে পারবেন।
বিডিনিউজের ভাষা: কম শব্দে বেশি সাংবাদিকতা
একজন শিক্ষক হিসেবে সংবাদমাধ্যমের হাউজ স্টাইল আমাকে বিশেষভাবে আকর্ষণ করে। কারণ একটি সংবাদমাধ্যমের পরিচয় শুধু তার লোগো বা শিরোনামে নয়, প্রতিদিনের সম্পাদনাগত সিদ্ধান্তেও তৈরি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংবাদপাঠে আমার কাছে লক্ষণীয় ছিল সংক্ষিপ্ততা ও সরাসরি বক্তব্যে পৌঁছানোর প্রবণতা। ইন্ট্রোর পর দীর্ঘ বর্ণনায় না গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির উদ্ধৃতি সামনে আনা, এই রীতি সংবাদকে গতিশীল করেছে বলে আমার মনে হয়েছে।
এখানে কোটেশন মার্কের ব্যবহার নিছক যতিচিহ্ন নয়; কে কী বলেছেন, তা তার নিজের ভাষায় পাঠকের সামনে তুলে ধরার কৌশল। এতে প্রতিবেদকের বয়ান ও সূত্রের বক্তব্যের পার্থক্য স্পষ্ট হয়। অবশ্য উদ্ধৃতি থাকলেই বক্তব্য সত্য হয়ে যায় না; প্রয়োজন তথ্য যাচাই, যথাযথ প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া। ভারসাম্যও মানে সব পক্ষকে যান্ত্রিকভাবে সমান জায়গা দেওয়া নয়, বরং প্রমাণ ও জনস্বার্থের ভিত্তিতে বিষয়টি উপস্থাপন করা।
যোগাযোগ ও সাংবাদিকতা পড়ানোর সময় শিক্ষার্থীদের বলি, ভালো সংবাদ শুধু তথ্যের সমাবেশ নয়, তথ্যের সুশৃঙ্খল বিন্যাসও। বিডিনিউজের এই সম্পাদনাগত বৈশিষ্ট্য আমার কাছে ওই শিক্ষারই একটি ব্যবহারিক উদাহরণ।
সম্পাদক হিসেবে স্মার্টনেস: দ্রুততা, সংযম ও সিদ্ধান্ত
তৌফিক ভাইয়ের ব্যক্তিত্ব সম্পর্কে আমার ধারণা তৈরি হয়েছে তার প্রকাশ্য উপস্থিতি থেকে, বিশেষত টকশো ও বিডিনিউজের ভিডিও আলোচনায়। বক্তব্য গুছিয়ে বলা, প্রশ্নের কেন্দ্রে পৌঁছানো এবং অল্প সময়ে নিজের বিশ্লেষণ তুলে ধরার ভঙ্গি আমাকে আকৃষ্ট করত। তার স্মার্টনেসকে তাই শুধু ব্যক্তিগত উপস্থিতি বা সাবলীল কথন হিসেবে দেখি না; বরং চিন্তার স্বচ্ছতা ও বক্তব্য নির্মাণের দক্ষতা হিসেবেও দেখি।
চার বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ হয়নি। ফলে তার অন্তর্জগত বা নিউজরুমের অভিজ্ঞতা নিয়ে কোনো চূড়ান্ত দাবি করার সুযোগ নেই। তবে বাজেট প্রণয়নের পর তার ভিডিও বিশ্লেষণগুলো আমাকে বিশেষভাবে মনোযোগী করেছিল। জটিল অর্থনৈতিক বিষয়কে বৃহত্তর প্রেক্ষাপটে বোঝার এই প্রয়াস একজন সম্পাদক হিসেবে তার প্রকাশ্য বৌদ্ধিক উপস্থিতিকে আমার কাছে আরও অর্থবহ করে তোলে।
একজন সম্পাদকের কাজ শুধু সংবাদ নির্বাচন নয়; কোন তথ্যটি গুরুত্বপূর্ণ, কোন বক্তব্যটি প্রাসঙ্গিক এবং কোন প্রশ্নটি পাঠকের সামনে আনা দরকার, তা নির্ধারণ করাও তার দায়িত্ব। তৌফিক খালিদীর প্রকাশ্য উপস্থিতি ও বিডিনিউজের সংবাদ উপস্থাপনার মধ্যে আমি সংক্ষিপ্ততা, দ্রুততা এবং তথ্যকে সামনে রাখার একটি সামঞ্জস্য খুঁজে পেয়েছি। দূর থেকে তাকে অনুসরণ করেও একজন সম্পাদক সম্পর্কে আমার আগ্রহ তৈরি হওয়ার কারণ সম্ভবত এটিই।
গ্লোবাল সাউথের সম্পাদক হিসেবে তৌফিক খালিদী
তৌফিক ইমরোজ খালিদীকে বুঝতে হলে তাকে শুধু বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক হিসেবে দেখলে চলবে না; দেখতে হবে গ্লোবাল সাউথের সাংবাদিকতার বৃহত্তর বাস্তবতায়ও। এই অঞ্চলের সংবাদমাধ্যমকে একদিকে স্থানীয় সমাজের জটিল বাস্তবতা তুলে ধরতে হয়, অন্যদিকে আন্তর্জাতিক সংবাদপ্রবাহে নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির জায়গা তৈরি করতে হয়। বৈশ্বিক সংবাদব্যবস্থায় ক্ষমতা, প্রযুক্তি ও সম্পদের অসম বণ্টনের মধ্যে এই কাজ সহজ নয়।
বিবিসি ছেড়ে আসা তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিকাশ এবং দ্য নিউ ইয়র্ক টাইমস নিউজ সার্ভিস অ্যান্ড সিন্ডিকেট-এর সঙ্গে ‘টার্নিং পয়েন্টস’ প্রকাশের উদ্যোগ এই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের পাঠককে বৃহত্তর বৈশ্বিক আলোচনার সঙ্গে যুক্ত করার পাশাপাশি স্থানীয় সাংবাদিকতার জন্যও নতুন পরিসর তৈরির চেষ্টা ছিল এতে। একজন সম্পাদক হিসেবে তার এই উদ্যোগের গুরুত্ব দেখি আন্তর্জাতিক সংযোগকে কেবল বিদেশি কনটেন্টের প্রবেশপথ না রেখে স্থানীয় সাংবাদিকতার সম্ভাবনা প্রসারের সুযোগ হিসেবে বিবেচনা করার মধ্যে।
এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের অনলাইন সাংবাদিকতার একটি অংশের সঙ্গে তুলনা প্রাসঙ্গিক। বিপুল সম্ভাবনা ও সমৃদ্ধ সাহিত্য-সাংবাদিকতার ঐতিহ্য থাকা সত্ত্বেও কিছু সংবাদমাধ্যমে গভীর অনুসন্ধান ও তথ্যনির্ভর বিশ্লেষণের বদলে উচ্চকণ্ঠ স্টুডিও-বিতর্ক, অতিনাটকীয় উপস্থাপনা এবং উত্তেজনানির্ভর সংবাদ পরিবেশনা বেশি দৃশ্যমান। কোথাও কোথাও যাচাইহীন তথ্য ও রাজনৈতিক প্রচারের সঙ্গে সাংবাদিকতার সীমারেখাও অস্পষ্ট হয়ে পড়ে। অবশ্য এই প্রবণতা দিয়ে পশ্চিমবঙ্গের গোটা সংবাদমাধ্যমকে বিচার করা যাবে না; সেখানেও দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত রয়েছে।
মূল প্রশ্নটি হলো, অনলাইন সাংবাদিকতার সাফল্য কি শুধু দ্রুত সংবাদ প্রকাশ, পাঠকের মনোযোগ আকর্ষণ কিংবা উচ্চকণ্ঠে মতামত দেওয়ার মধ্যে সীমাবদ্ধ? নাকি এর প্রকৃত শক্তি নিহিত রয়েছে তথ্য যাচাই, সম্পাদনার মান, জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা এবং স্থানীয় বাস্তবতাকে বৈশ্বিক আলোচনার সঙ্গে যুক্ত করার ক্ষমতায়? তৌফিক খালিদীর কাজের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এই বৃহত্তর সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া।
সংবাদে ভারসাম্য, কিন্তু ভারসাম্যের নামে নয়
বিডিনিউজের সংবাদপাঠে আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে উদ্ধৃতির ব্যবহার, দ্রুত মূল বক্তব্যে পৌঁছানো এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য সামনে আনার প্রবণতা। এতে কে কী বলছেন, কোনটি প্রতিবেদকের ভাষ্য আর কোনটি সংবাদসূত্রের বক্তব্য, পাঠক তা সহজে বুঝতে পারেন। একজন শিক্ষক হিসেবে সংবাদ সম্পাদনার এই শৃঙ্খলাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি।
তবে নিরপেক্ষতা মানে সব পক্ষকে যান্ত্রিকভাবে সমান জায়গা দেওয়া নয়। প্রমাণহীন দাবিকে প্রতিষ্ঠিত তথ্যের সমান মর্যাদা দেওয়া কিংবা ক্ষমতাবান ও ক্ষমতাহীন পক্ষের বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে পাশাপাশি রাখাও দায়িত্বশীল সাংবাদিকতা নয়। প্রকৃত সম্পাদনার কাজ হলো তথ্য যাচাই, প্রাসঙ্গিক ব্যাখ্যা, ন্যায্য জবাবের সুযোগ এবং জনস্বার্থের প্রশ্নে দৃঢ়তা বজায় রাখা।
এখানে প্রশংসার পাশাপাশি সমালোচনার জায়গাও আছে। কোনো সংবাদমাধ্যমের স্বতন্ত্র হাউজ স্টাইল তার প্রতিটি সিদ্ধান্তের যথার্থতার নিশ্চয়তা দেয় না। বিডিনিউজের ক্ষেত্রেও তথ্য যাচাই, ভুল সংশোধন, সম্পাদকীয় জবাবদিহি এবং নেতৃত্বের উত্তরাধিকার একইভাবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বও নিজে থেকে সম্পাদকীয় স্বাধীনতা বা স্থানীয় সাংবাদিকতার উৎকর্ষ নিশ্চিত করে না; তার সাফল্য নির্ভর করে স্থানীয় সাংবাদিকতার সক্ষমতা কতটা বাড়ল, তার ওপর।
তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ সম্পাদকীয় পর্বের মূল্যায়নে তাই একটি প্রাতিষ্ঠানিক প্রশ্নও জরুরি, তার নেতৃত্বে গড়ে ওঠা পেশাগত সংস্কৃতি কতটা ব্যক্তিনির্ভর ছিল, আর কতটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থায় পরিণত হয়েছিল? একজন সম্পাদকের উত্তরাধিকার কেবল তার ব্যক্তিগত দক্ষতায় নয়, তার অনুপস্থিতিতেও প্রতিষ্ঠান কতটা পেশাদারভাবে কাজ চালিয়ে যেতে পারে, সেখানেও পরীক্ষিত হয়। তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণের এক মাসেরও বেশি সময় পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত ও অবিচল পথচলা দেখে এটুকু বলা যায়—প্রতিষ্ঠানটিকে তিনি সেই কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত রেখেই বিদায় নিয়েছেন।
যে উত্তরাধিকার একজন পাঠকও অনুভব করেন
তৌফিক ভাইকে ব্যক্তিগতভাবে চিনতাম না। তার সঙ্গে কাজ করার কিংবা আড্ডা দেওয়ার স্মৃতিও নেই। চট্টগ্রামে বসে বিডিনিউজ পড়েছি; বর্তমানে কর্মসূত্রে কলকাতায় থেকেও গুগল ক্রোমের ব্রাউজারে ওই সংবাদমাধ্যম খুলে দেখি। এই দূরত্ব আমাকে একটি বিষয় বুঝিয়েছে, একজন সম্পাদকের প্রভাব শুধু তার নিউজরুমে সীমাবদ্ধ থাকে না। তার সম্পাদিত সংবাদও পাঠককে শেখায় কীভাবে তথ্য পড়তে হয়, বক্তব্য ও প্রমাণের পার্থক্য বুঝতে হয় এবং সাংবাদিকতার মানদণ্ড সম্পর্কে প্রশ্ন তুলতে হয়।
তবে দূর থেকে দেখা এই অভিজ্ঞতা অসম্পূর্ণ, এ কথা স্বীকার করেই তার কাজের মূল্যায়ন করতে চাই। তার ব্যক্তিগত জীবন বা নিউজরুমের অভ্যন্তরীণ বাস্তবতা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান না থাকলেও, তার সম্পাদিত সংবাদ ও প্রকাশ্য কাজ থেকে পেশাগত প্রভাবের একটি ছবি পাওয়া সম্ভব।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। কিন্তু তার কাজের মূল্যায়ন প্রশংসাসূচক বিশেষণে শেষ হওয়া উচিত নয়। বরং দেখতে হবে, সংবাদ সম্পাদনার শৃঙ্খলা, দ্রুততার সঙ্গে নির্ভুলতার সমন্বয় এবং স্থানীয় সাংবাদিকতাকে আন্তর্জাতিক পরিসরের সঙ্গে যুক্ত করার যে প্রচেষ্টা তার কাজে দেখা গেছে, তা ভবিষ্যতে কতটা টিকে থাকে।
তাকে স্মরণ করার আমার নিজস্ব উপায় তাই ব্যক্তিগত স্মৃতির বদলে তার কাজের ভাষাকে ফিরে দেখা। চট্টগ্রাম থেকে কলকাতা, দূরত্ব বদলেছে, কিন্তু পাঠক হিসেবে সেই সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কটি রয়ে গেছে। মানুষটি আর নেই; রয়ে গেছে তার কাজ, তার সম্ভাবনা এবং তার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন করার প্রয়োজন।
একজন সম্পাদকের প্রতি প্রকৃত শ্রদ্ধা হয়তো এটাই, তাকে প্রশ্নের ঊর্ধ্বে তুলে না রেখে, তার কাজ থেকে শেখা এবং ওই কাজের পেশাগত মানদণ্ডকে আরও এগিয়ে নেওয়া।
তৌফিক ভাইকে আমাদের মনে পড়বে
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সাংবাদিকতা নিয়ে কলম্বিয়া জার্নালিজম রিভিউর আলোচনাগুলো মনে করিয়ে দেয়, খবর সবার আগে দেওয়াই সব নয়, খবরটা কতটা ভালোভাবে যাচাই ও সম্পাদনা করা হলো, সেটাও সমান গুরুত্বপূর্ণ। আজকাল ব্রেকিং নিউজ, ক্লিক আর ভিউয়ের দৌড়ে আমরা অনেক সময় খবরের ভেতরের খবরটাই হারিয়ে ফেলি।
এই জায়গায় তৌফিক ভাইকে আমাদের মনে পড়বে। তার কাজের মধ্যে দেখেছি, সংবাদকে কীভাবে সরাসরি, সংক্ষিপ্ত ও পাঠযোগ্য করা যায়, আবার বাংলাদেশের সাংবাদিকতাকে কীভাবে বাইরের দুনিয়ার সঙ্গে যুক্ত করা যায়। তার সব কাজ নিয়ে প্রশ্ন তোলার জায়গা নিশ্চয়ই আছে। কিন্তু কাউকে শ্রদ্ধা করার মানে তাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা নয়; বরং তার কাজ থেকে শেখা, ভুলত্রুটি নিয়ে কথা বলা এবং সাংবাদিকতাকে আরও ভালো করার চেষ্টা করা। তৌফিক ভাই নেই, কিন্তু এই কাজগুলো তো আমাদেরই করে যেতে হবে।
রাজীব নন্দী: সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ইমেইল: rajibnandy@cu.ac.bd
