আপসহীন সাংবাদিকতা, শুদ্ধতার চর্চায় পথ দেখাবেন তৌফিক খালিদী
‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’ প্রতিপাদ্যে আয়োজিত স্মরণসভায় নির্ভীক এই সম্পাদকের বস্তুনিষ্ঠতার চর্চা ও তারুণ্যের গল্প যেমন উঠে এসেছে; তেমনি তার গড়া মানদণ্ড ধরে রেখে সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার তাগিদও এসেছে।
ব্যক্তিত্বে চঞ্চল আর একরোখা চরিত্রের অধিকারী ছিলেন তৌফিক ইমরোজ খালিদী; তার প্রভাব দেখা গেছে সাংবাদিকতার চর্চাতেও, আমৃত্যু আপসহীন থেকেছেন, চলেছেন বস্তুনিষ্ঠতার মন্ত্র নিয়ে।
ক্ষমতার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা থেকেও কখনও ক্ষান্ত হননি– বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে এখাবেই স্মরণ করলেন তার বন্ধু, সহকর্মী আর বিভিন্ন অঙ্গনের মানুষেরা। তুলে ধরলেন এমনই এক নির্ভীক সাংবাদিকের জীবন ও কাজের গল্প।
বৃহস্পতিবার ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার।
এ আয়োজনে রাজনীতিকরা শোনালেন, আপসহীন এক সাংবাদিকের সঙ্গে তাদের অভিজ্ঞতার কথা। তার বন্ধুদের কথায় উঠে এল ‘ক্যাড়া’, ‘অস্থিরচিত্ত’ আর ‘সর্বাঙ্গে কথা বলা’ একজন তৌফিক খালিদীর তারুণ্যের গল্প।
আর তৌফিক ইমরোজ খালিদীর দেখানো ‘নির্ভুল সাংবাদিকতার’ চর্চাকে সামনের দিনে জারি রাখার পরামর্শ এল জ্যেষ্ঠ সাংবাদিক, তার পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের কথায়।
স্মরণসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপস করে নিজস্ব সমস্যা সমাধানের সুযোগ থাকলেও তৌফিক ইমরোজ খালিদী সেটা কখনও গ্রহণ করতেন না।
সাংবাদিকতার সূত্রে খালিদীর সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ও ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, “তার মতো লোক চলে যাওয়া এখানে (সাংবাদিকতায়) তো স্বাভাবিকভাবেই কিছুটা শূন্যতার সৃষ্টি হবে, কারণ তার সাংবাদিকতা ছিল আলাদা। মানে এটা স্বাভাবিক, সে একটা ভিন্ন ব্যক্তিত্বের মানুষ ছিল বিধায় তার সাংবাদিকতায় সেটার প্রতিফলন ঘটত।
“তিনি ‘ভেরি ডিফারেন্ট পার্সোনালিটির’ একটা লোক। একেবারে ‘ডে টু ডে’ সাংবাদিকতার মতো নয়। তার মধ্যে অনেক কিছু কাজ করত। তার চিন্তাভাবনা, দর্শন, সবকিছু, তার অনেক অনেক দিক ছিল। এবং সে কিন্তু খুব ‘কম্প্রোমাইজিং’ ছিল না।”
অর্থমন্ত্রী বলেন, “আরেকটা জিনিস হলো, যেখানে মনে করতো কম্প্রোমাইজ করলে তার প্রবলেমটা সলভ হয়ে যায়, সে কিন্তু একেবারেই ছিল না। ভেরি ফোর্থরাইট, স্ট্রেট ফরোয়ার্ড।"
ব্যক্তিগত সম্পর্ক থাকার পরও সাংবাদিকতার প্রশ্নে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত সম্পাদকের কাছ থেকে কোনো ধরনের ‘পক্ষপাত’ না পাওয়ার কথা বলেন আমির খসরু।
তিনি বলেন, “আমার ব্যাপারেও সে কোনো সময় তার এত সম্পর্ক থাকা সত্ত্বেও কোনো রকমের বায়াসড কোনো রিপোর্ট সে করেনি।
"যেটা যতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ হিসেবে যাওয়ার সেটাই সে করেছে। তার বাইরে কিন্তু আমাকে খুশি করার জন্য বা আমার সঙ্গে তার সম্পর্ক আছে, কোনো সময় করেনি। এবং আমি অ্যাপ্রিশিয়েট করেছি এটা। এটাই তো হওয়া উচিত ছিল।”
বিকাল সাড়ে ৪টায় তৌফিক ইমরোজ খালিদীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কবি কাজী নজরুল ইসলামের ‘শূন্য এ-বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়’ গান গেয়ে শোনান শিল্পী সুজিত মুস্তাফা।
তৌফিক ইমরোজ খালিদীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিচারণ এবং তার কর্ম মূল্যায়নের পর্ব।
এরপর একে একে বক্তব্য দেন খালিদীর বন্ধু ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরী, বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, খালিদীর বন্ধু ও হাই কোর্ট বিভাগের বিচারপতি এটিএম সাইফুর রহমান, সাবেক রাষ্ট্রদূত শাহেদ আখতার, জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু ও অর্থমন্ত্রী আমির খসরু।
মঞ্চে অতিথিদের বক্তব্যের ফাঁকে দেখানো ভিডিওবার্তা; যেখানে খালিদীকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সাবেক সহকর্মীরা।
খালিদীর একমাত্র সন্তান ও বিডিনিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদীর বক্তব্যে শেষ হয় বক্তৃতা পর্ব। একদল শিল্পীর ‘সমুখে শান্তি পারাবার’ এবং ‘আমি মারের সাগর পাড়ি দেব’ গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় স্মরণসভা।
‘আপসহীন’ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী
একসময় মুদ্রিত সংবাদপত্রে কাজ করতে এসে যিনি তার কাছ থেকে শিখতে চেয়েছিলেন, পেশাগত জীবনের নানা অভিজ্ঞতায় সেই তৌফিক ইমরোজ খালিদীকেই এখন নিজের শিক্ষক মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু।
সাংবাদিকতার প্রতি অঙ্গীকার, বস্তুনিষ্ঠতা ও দায়িত্ববোধের পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতেও পেশাগত নীতিতে অটল থাকার যে দৃষ্টান্ত তৌফিক ইমরোজ খালিদী রেখে গেছেন, তা থেকে নতুন প্রজন্মের সাংবাদিকদের শেখার আহ্বান জানিয়েছেন তিনি।
বয়সের অনেক ব্যবধান থাকার পরও খালিদীর সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব গড়ে ওঠার স্মৃতি তুলে ধরে মোজাম্মেল হোসেন বলেন, তিনি যখন প্রথম আলোর বার্তা বিভাগের দায়িত্বে ছিলেন, তখন তৌফিক ইমরোজ খালিদী মুদ্রিত সংবাদপত্রে সাংবাদিকতা শুরু করেন।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং পরে বিবিসিতে পাঁচ বছর খালিদীর কাজ করার কথাও স্মরণ করেন তিনি।
তৌফিক ইমরোজ খালিদীর অকালমৃত্যুতে সাংবাদিকতা পেশায় বড় একটি অভাব তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “এই অকালমৃত্যু আমাদের পেশার ক্ষেত্রে একটা বড় অভাব তৈরি করে গেল। তখন দেখছি যে সে আমার শিক্ষক।
"তৌফিক সাংবাদিকতাটা বুঝতো বলে আমি মনে করি। এটার পেশাগত দিক, এটার বস্তুনিষ্ঠতা, এটার অঙ্গীকার, এটার দায়িত্ববোধ, এই জিনিসগুলো সে বুঝত।”
সাংবাদিকতার এসব গুণই খালিদী তার কাজের মধ্য দিয়ে রেখে গেছেন বলে মনে করেন মোজাম্মেল হোসেন। আগামী প্রজন্মের সাংবাদিকদেরও এসব গুণ ধারণ করার কথা বলেন তিনি।
তৌফিক ইমরোজ খালিদীর সাংবাদিকতাবিষয়ক কয়েকটি লেখার কথা তুলে ধরে মোজাম্মেল হোসেন বলেন, দেশের সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে পেশাগত নীতি ও অঙ্গীকারে অটল থাকার কারণে খালিদীকে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উন্নয়নে ৫০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা এবং দীর্ঘ পাঁচ বছর ধরে সেই মামলা মোকাবিলার কথাও উঠে আসে তার স্মৃতিচারণায়।
দীর্ঘ পাঁচ বছর কষ্টের মধ্য দিয়ে খালিদীকে আইনি লড়াই চালিয়ে যেতে হলেও পেশাগত অবস্থান থেকে তাকে সরে না আসতে দেখার কথা বলেন বিভিন্ন সংবাদপত্রে সম্পাদকের দায়িত্ব পালন করা বর্ষীয়ান সাংবাদিক মোজাম্মেল হোসেন।
তিনি বলেন, “কোথাও কোনো আপস করতে যান নাই, কোথাও কারো কাছে কোনো অনুকম্পা চান নাই।”
খালিদীর বিরুদ্ধে ওই মামলাকে হয়রানিমূলক অভিহিত করে তিনি বলেন, পাঁচ বছরেও দুদক মামলাটি প্রমাণ করতে পারেনি।
‘অনলি জার্নালিজম’ শিরোনামে খালিদীর একটি লেখার কথাও স্মরণ করেন তিনি। শুধু সাংবাদিকতা করতে গিয়েও একজন সাংবাদিক কীভাবে আক্রমণের শিকার হতে পারেন, সেই অভিজ্ঞতা খালিদী তার লেখায় তুলে ধরেছিলেন বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় জীবন থেকে ভয়ভীতির উর্ধ্বে থেকে নির্ভীকভাবে কোনো বিষয়কে পর্যবেক্ষণ করার ক্ষমতা খালিদীর মধ্যে দেখার কথা বলেন তার বন্ধু, হাই কোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।
তিনি বলেন, “অন্যের চিন্তায় প্রভাবিত না হয়ে নিজের মতো স্বাধীন চিন্তা করার অসম্ভব ক্ষমতাও ছিল তৌফিকের। সে নিরপেক্ষভাবে (ইমপারশিয়াল ইনভেস্টিগেটর) অনেক ঘটনা নিজের মতো তদন্ত করতো। কী ঘটেছিল বা কীভাবে ঘটেছে এসব নিজের মতো করেই করত। এসব কাজে কোনো বায়াসনেস ছিল না। এসব গুণ তার মধ্যে অনেক আগে থেকেই দেখেছিলাম। এই গুণগুলোই একজন আদর্শ সাংবাদিকের মধ্যে খুঁজলে পাওয়া যাবে।”
বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতার পথ দেখানোর পাশাপাশি শুদ্ধ সাংবাদিকতার যে চর্চা করে গেছেন খালিদী তা বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতার শিক্ষাক্রমে যুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি।
তিনি বলেন, “অনলাইন সাংবাদিকতায় তিনি যে কাজ করে গেছেন এবং সাংবাদিকতায় শুদ্ধতার যে চর্চা করে গেছেন, সেটা যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আসল কাজটি হবে। তিনিও বেঁচে থাকবেন আমাদের মাঝে। একই সঙ্গে আমাদের সাংবাদিকতাও আরও অনন্য উচ্চতায় এগিয়ে যাবে।”
বিগত সরকারের সময়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট কিছুদিন বন্ধ থাকা এবং খালিদীকে আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হওয়ার কথাও উঠে আসে মুস্তাফিজ শফির স্মৃতিচারণায়।
তিনি বলেন, “আমরা জানি, তাকে আইনগতভাবে মোকাবেলা করতে হয়েছে, দুদককে মোকাবেলা করতে হয়েছে। এবং সর্বশেষ তিনি কিন্তু ঋজুতার সঙ্গে, মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে, তিনি কিন্তু সেগুলো মোকাবেলা করেছেন এবং সেখান থেকে ছাড় পেয়েছেন।”
মুক্ত সাংবাদিকতার লড়াইয়ে খালিদী আরও বহুদিন বেঁচে থাকবেন বলে স্মৃতিচারণায় মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন।
সাংবাদিকতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদকের আপসহীন ও বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “মুক্ত সাংবাদিকতায় বাধা আসবেই। পাওয়ারের চরিত্রই হচ্ছে মুক্ত সাংবাদিকতা, মুক্তমনাকে বাধা সৃষ্টি করা।”
তার সৎ ও সাহসী সাংবাদিকতার এই লড়াইকে অব্যাহত রাখার তাগিদ দিয়ে মুশতাক হোসেন বলেন, “তৌফিক যা আমাদেরকে শিখিয়ে গেছে, যে কর্মীবাহিনী তৈরি করে গেছে, ভক্ত-অনুরাগী তৈরি করে গেছে, সেটা যদি আমরা বজায় রাখতে পারি, নিশ্চয়ই তৌফিক আমাদের মাঝে আরও বহুদিন বেঁচে থাকবে। তৌফিকের জন্য ভালোবাসা আমাদের সবারই হৃদয়ে থাকবে।”
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “সংবাদমাধ্যম অনেক সময় দিনকে রাত বানায়, দিনকে রাত বানায়; হিরোকে জিরো বানায়, জিরোকে হিরো বানায়। একটা পোস্ট-ট্রুথের যুগে যখন আমাদের বসবাস। এবং প্রতিদিন আমরা যেসব জিনিস দেখি, কোনটা তথ্য, কোনটা তথ্য নয়, কোনটা সংবাদ, কোনটা অপসংবাদ–এটার পার্থক্য অনেক সময় করা সম্ভব হয় না।
“তৌফিক আমাদের জন্য এদিক থেকে ছিলেন উদাহরণ। আমরা বিডিনিউজের আশ্রয় নিয়েছি বস্তুনিষ্ঠতার ক্ষেত্রে, তথ্য জানার জন্য এবং যখন ঘটনা তখনই সংবাদ জানার জন্য।”
তৌফিক খালিদীকে ‘খুবই স্পষ্টভাষী মানুষ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “আমরা যতটুকু জানি, তৌফিকের রাজনৈতিক মতাদর্শ ছিল, পক্ষপাত ছিল, সন্দেহ নাই। কিন্তু পেশাদারিত্বের ক্ষেত্রে, তিনি যে সাংবাদিকতা বেছে নিয়েছেন, পেশাদারত্ব, বস্তুনিষ্ঠতা- এটা অনেকের জন্য অনুকরণীয় ভূমিকা।”
মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জুলিয়ান ফ্রান্সিস বলেন, “১৯৭১ সালের গণহত্যার ভয়াবহ অভিজ্ঞতাগুলোকে আমি অনেক বছরই নিজের মধ্যে বোতলবন্দি করে রেখেছিলাম। তৌফিক ভাই আমাকে আমার গল্পগুলো বলতে সহায়তা করেন। ১৯৭১ এ আমি যে ভয়াবহতা দেখেছি সেগুলো বিস্তারিত লিখতে তিনি আমাকে উৎসাহ দেন।”
সাবেক সচিব ও মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরী বলেন, “তার মধ্যে আগে থেকেই অনেক ম্যাচুরিটি ছিল। মোটামুটি সে ভবিষ্যৎ বুঝতে পারতো, বর্তমানকে বিশ্লেষণ করতে পারতো। এটা হয়তো সাংবাদিকদের অনেকেই পারেন। কিন্তু সেটা (নিজের বিশ্লেষণ) প্রকাশ করার তার যে ক্ষমতা তা অনেক বিরল।”
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, “তৌফিক ইমরোজ খালিদী ভাই স্পষ্টবাদী ছিলেন, সত্যের পক্ষে ছিলেন, সত্য কথা বলতেন। কিন্তু আমরা তো এখন এই প্রশ্নটা করতেই পারি–যদি তিনি সত্য কথা বলতেন, তবে তার সেই সত্য প্রকাশে বাধা সৃষ্টি করতে পারে, এমন কোনো সময় কি আমাদের এই বাংলাদেশে এসেছিল?”
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বাইরে থাকাকালীন তিনি দেখেছেন তিন-চার দিন বিডিনিউজ বন্ধ (ডাউন) রাখা হয়েছিল, পাঠকরা পড়তে পারেননি। এমনকি পুনরায় চালু হওয়ার পরও কেন ওয়েবসাইটটি বন্ধ ছিল, সেই কারণটি পাঠকদের জানাতে পারেননি খালিদী।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল। উনার সঙ্গে আমার প্রথম যেদিন সাক্ষাৎ হয়েছিল, উনাকে বলেছিলাম, আমিতো আপনাকে খুব বেশি পছন্দ করতাম না। উনি বলেছিলেন, আপনার সম্পর্কে আমার খারাপ ধারণা ছিল, ভালো ধারণা ছিল না। তবে, কোনো একভাবে আমি অনেকের কাছ থেকে আপনার কথা শুনেছি।
“তৌফিক ভাই খুবই স্মার্ট মানুষ ছিলেন। উনার সঙ্গে পরিচয় বিডিনিউজের মাধ্যমে। সঠিক খবরের জন্য, বানানের জন্য আমরা বিডিনিউজ পড়তাম, দেখতাম। এমন একটি সংবাদমাধ্যম যিনি প্রতিষ্ঠা করতে পারেন, চালাতে পারেন, তিনি আমার চিন্তার পার্থক্যের মানুষ হলেও তিনি এই সমাজের একজন অনন্য মানুষ।”
‘একরোখা, চঞ্চল আর অনুসন্ধিৎসু’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক খালিদী রাজনীতিতে না এলেও বিভিন্ন সময়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার কথা বলেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বন্ধুত্বপূর্ণ ও স্পষ্টভাষী স্বভাবের কারণে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই খালিদীর সঙ্গে তার গভীর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল বলেও স্মৃতিচারণ করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, ১৯৮৪ সালে খালিদী ও তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরের বছর (১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে) তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, আইন বিভাগ ও ক্যাম্পাস চত্বরের নিয়মিত আড্ডার মাধ্যমে তাদের সেই বন্ধুত্ব আরও দৃঢ় হয়।
খালিদীর চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, “আমার দেখামতে, সে খুব বিনয়ী (পোলাইট) ছিল এবং তার কথাবার্তার মধ্যে খুব স্পষ্টতা ছিল। আমি মাঝেমধ্যে তাকে রাজনৈতিক অঙ্গনে আরও বেশি আসার জন্য অনুরোধ করতাম। কিন্তু সে কখনোই আমাদের মতো সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়নি। তবে তার পরামর্শ সব সময় ছিল।”
খালিদীর বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে তার ব্ন্ধু বিচারপতি সাইফুর রহমান বলেন, আইন অনুষদে খালিদীর কয়েক বন্ধুর সূত্রে বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের। একসময় বন্ধুত্ব এমন স্তরে পৌঁছাল যে, সেটা চিরদিন অম্লান হয়ে থাকবে।
“এই বন্ধুটাকে দেখেছি, একটা ম্যান অফ অ্যাকশন অলওয়েজ। তাকে কখনো স্থির থাকতে দেখি নাই। সারাক্ষণ যেন মনে হচ্ছে ড্যান্সিং করছে। সারাক্ষণ আসছে যে, এই কথা বলছে হাত পা চোখ নাড়িয়ে কথা বলে। সমস্ত অঙ্গপতঙ্গ যেন কথা বলে।”
কারও বিপদে বা প্রয়োজনে অগ্রপশ্চাৎ না ভেবে খালিদীর এগিয়ে আসার কথা বলেন তার এই বন্ধু। ইংল্যান্ডে দুজনের একটি ঘটনার স্মরণ করতে গিয়ে গলা ধরে আসে তার।
তিনি বলেন, “পড়াশোনা শেষে আইন পেশায় চলে যাই। ১২ বছর আবার পড়াশোনা করতে ইংল্যান্ড গিয়েছিলাম। এরমধ্যে একদিন রাস্তায় হাঁটছি, পিছন থেকে হঠাৎ একজন জড়িয়ে ধরল। আমি ভাবতেই পারি নাই, এতদিন পর এই ইংল্যান্ডের রাস্তায় আমার বন্ধুকে এভাবে পাব।
“ইংল্যান্ডে তখন সবে লেখাপত্র কম্পিউটারে শুরু হয়েছে। কিন্তু আমাদের সব কিছু ছিল হাতে লেখার, কম্পিউটারে লেখালেখির মতো সেভাবে স্কিল হয়নি আর অভ্যস্তও না। একদিন বন্ধুকে (তৌফিক) বললাম, আমি তো সমস্যায় পড়ে গেলাম। আমার তো কম্পিউটার নাই। আমার অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু তো কম্পিউটারের। তোফিক বলল চিন্তা করিস না, সকালে পেয়ে যাবি। এবং সকালে দেখলাম সে কম্পিউটারটা পাঠিয়ে দিয়েছে। তার নিজের ব্যবহার করা কম্পিউটারটা আমার কাছে দিয়েছে। এই ছিল আমার বন্ধু।"
ব্যক্তি খালিদীর সঙ্গে অনেক স্মৃতি, খুনসুটি আর ঘনিষ্ঠতার গল্প উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের স্মৃতিচারণায়।
তার কাজের মূল্যায়ন করে মনিরুল বলেন, “আমি বলব তিনি বিরাট মনের সাংবাদিক, আর যে কম্প্রোমাইজ করে নাই কারও সঙ্গে। এটা একটা বিরাট লক্ষণীয়। এই লোকটা এভাবে চলে যাবে, আমাদের একটা শূন্য জায়গা, মানে অলওয়েজ ভ্যাকুয়াম একটা প্লেস রয়ে গেল এই সাংবাদিক জগতে।”
তিনি বলেন, “হি ওয়াজ ভেরি স্মার্ট, আধুনিক। যে নিউজ এবং তার অনেক কিছু ছিল ক্রিয়েটিভিটি এদিক-দিকে।"
সম্বোধন বদলের গল্প শোনাতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, “প্রথমে যখন চিনলাম, তখন ‘আপনি’ করে কথা বললাম। তারপর তৌফিক বলল, আপনার বয়স কত? আমি বললাম, ৮৫ এর কাছাকাছি। তারপর বললেন, তাহলে তুমি করে ডাকেন৷”
রসিকতার আরেকটি মুহূর্ত তুলে ধরে তিনি বলেন, “একবার বললাম, তুমি এত শত্রু গজাইছো কেন? বলল, শত্রু আছে বলেই বন্ধু আমার অনেক বেশি। মানে তার সঙ্গে সবার যে বন্ধুত্ব, সেটা অনেক বেশি।”
মনিরুল ইসলামের আঁকা চার-পাঁচটি ছবি আছে তৌফিক ইমরোজ খালিদীর বাসায়।
একটা ছবি বদলানোর গল্প তুলে ধরে তিনি বলেন, “একটা বড় ছবি আছে রাখা তার বাসায়। সাবজেক্টটা একটু বন্দুক, গুলি, গ্রামের লোক, মুক্তিযুদ্ধ–এইসব। ডাইনিং টেবিলের পাশে এত কাছে, আমি বললাম, তৌফিক আমি খাইতে পারি না, এই যে বন্দুক-গুলি এত তীক্ষ্ণ, মানে এত স্ট্রং ছবি, রঙটাও ছিল খুব ব্ল্যাক বেশি। তুমি ছবি বদলাও।”
পরদিনের ঘটনা মনে করে তিনি বলেন, “পরদিন আবার সে ফোন করল, মনি ভাই, আপনি ঠিকই বলছেন। বহুদিন দেখতেছি ছবিটা, ছবিটা একটু অ্যাগ্রেসিভ আমার খাবার টেবিলের সামনে।”
খালিদীর বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান সাকলাইন স্মৃতিচারণ পর্বে বলেন, “তৌফিকের যে দৃঢ়চেতা মনোভাব সেটা আমরা দেখেছি ছাত্রাবস্থাতেই। অন্যায় দেখলে সে মাথা উঁচু করে দাঁড়াতো। পিছু হটতো না। এই বিষয়টাই তার সাংবাদিকতা জীবনে বারবার ফিরে ফিরে এসেছে। খুব একরোখা ছিল। কিন্তু ন্যায়ের পক্ষে অবিচল ছিল।”
বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “ওর দুটো নাম পড়ে ছিল। একটা ছিল ‘ওয়ান্ডারার’। এই নামটা এসেছিল ইংরেজি সাহিত্যের একটা আদি কবিতা ছিল তার একটা ক্যারেকটার থেকে। আরেকটি নাম আমরা দিয়েছিলাম ‘ক্যারা’, কারণ সে ছিল অস্থিরচিত্ত। ১টার মধ্যে আমাদের ক্লাস শেষ হতো। দেড়টা থেকে আড্ডা শুরু হতো, রাত ৯টা-১০টার মধ্যেই যে যার মতো চলে যেতো। তৌফিকের তবুও আড্ডা মারা শেষ হতো না। রাত ১২টার দিকে কখনো হেঁটে, কখনো রিকশায় সোবহানবাগের বাসায় ফিরতো সে।
“একবার আন্দোলনের মধ্যে খবর এল তৌফিক গুলিবিদ্ধ হয়েছে এবং মারা গিয়েছে। আমরা ভীড় ঠেলে গিয়ে দেখলাম তৌফিক না মারা গিয়েছেন আরিফ ভাই, তিনি বাণিজ্য অনুষদের খুব মেধাবী ছাত্র ছিলেন। তবে তৌফিকও সেখানে ছিল। আমরা সেখানে তৌফিককে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে গেলাম।”
আশির দশকে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে কিছুদিনের জন্য খালিদীর ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার কথা স্মরণ করেন ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন।
তিনি বলেন, “তৌফিকের সাথে প্রথম পরিচয় যখন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে আমরা তুমুল সক্রিয়। তৌফিক সক্রিয় রাজনীতি করতো, তবে তাকে পদ দেওয়া যায়নি।
“তৌফিক একেবারেই নিভৃতচারী ছিল, কিন্তু খুবই সিরিয়াসলি সে ফলো করতো। রাজনৈতিক আন্দোলন কী হচ্ছে না হচ্ছে, এটা করে আমরা পারবো কিনা। এবং একটা অনুসন্ধিৎসু মন, একেবারে কাটায় কাটায় বুঝে নেওয়া যে, ঠিক পথে আমরা আছি কিনা। হয়তো এটা তার ছাত্রজীবন থেকে, স্কুল থেকে এভাবে তার গড়ে ওঠা।”
ছেলের চোখে বাবা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ক্ষমতার সামনে দাঁড়িয়ে প্রশ্ন তোলাটাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব হিসেবে দেখতেন বলে মনে করেন তার একমাত্র সন্তান রাদ শারার খালিদী।
বাবাকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, “সাংবাদিকতা তার কাছে কখনোই কেবল একটা পেশা ছিল না। এটা ছিল একটা দায়িত্ববোধ।
“তিনি বিশ্বাস করতেন, ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন তোলা সাংবাদিকতার দায়িত্ব। তথ্য যাচাই করা, যা ঘটছে তা যথাসম্ভব সত্য ও নিরপেক্ষভাবে মানুষের সামনে তুলে ধরা এবং সবচেয়ে বড় কথা, সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা করা। এ বিশ্বাসের জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। চাপ এসেছে, হুমকি এসেছে, খবর সরিয়ে নেওয়ার দাবি এসেছে, মামলা হয়েছে, ওয়েবসাইট বন্ধ হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও একটি বিষয়ে তিনি আপস করেননি। সেটি হল, একটি স্বাধীন সংবাদকক্ষের ধারণা।”
স্মরণসভার শেষ দিকে এভাবেই বাবাকে স্মরণ করে বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের এই পরিচালক বলেন, “আমার কাছে তিনি প্রথমে কোনো সম্পাদক ছিলেন না, কোনো প্রতিষ্ঠানের প্রধান ছিলেন না, এমনকি সুপরিচিত একজন সাংবাদিকও ছিলেন না। আমার কাছে তিনি ছিলেন শুধুই বাবা। আমাদের সম্পর্কের একটি বড় জায়গা জুড়ে ছিল তার কৌতূহল।
“কোনো বিষয়ই তার কাছে খুব ছোট ছিল না। নতুন কিছু দেখলে জানতে চাইতেন, বুঝতে চাইতেন। সেটা রাজনীতি হতে পারে, প্রযুক্তি হতে পারে। নতুন কোনো সিনেমা কিংবা এমন কোনো বিষয়, যার সঙ্গে তার কাজের কোনো সম্পর্ক নেই।
“মাঝেমধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠত আমাদের প্রিয় ফুটবল দল আর্সেনাল। তার সঙ্গে কথা বলতে গেলে অনেক সময় মনে হতো, উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন করতেই বেশি ভালোবাসতেন। আর আমার মনে হয়, কৌতূহলই তাকে এতদিন সাংবাদিকতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রেখেছিল। তিনি জানতে চাইতেন মানুষের কথা, দেশের কথা, পৃথিবীর পরিবর্তনের কথা, প্রযুক্তি কোথায় যাচ্ছে, সাংবাদিকতা কোথায় যাচ্ছে–এসব নিয়ে তার আগ্রহের শেষ ছিল না।”
বাবার অনুপস্থিতি নিয়ে রাদ বলেন, “পরিবারের কথা বলতে গেলে তার অনুপস্থিতি আমাদের জন্য এক বিশাল শূন্যতা। কিছু মানুষ চলে যাওয়ার পর বোঝা যায়, দৈনন্দিন জীবনের কত ছোট ছোট মুহূর্তে তিনি জড়িয়ে ছিলেন। একটা ফোন, একটা প্রশ্ন, কোনো খবর নিয়ে হঠাৎ মন্তব্য, কোনো কিছু দেখে ডেকে বলা, ‘এটা দেখছো’–এসব সাধারণ মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে।”
সাংবাদিক হিসেবে বাবার দায়িত্ববোধ নিয়ে রাদ বলেন, “তাকে শুধু একজন বাবা হিসেবে মনে করলে তার জীবনের একটি বড় অংশ অনুচ্চারিত থেকে যাবে। কারণ তার আরেকটি পরিবার ছিল। সে পরিবারের নাম সাংবাদিকতা। আর সেই পরিবারের সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।”
খালিদীর মানদণ্ড ধরে রাখার সংকল্প
প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর শেখানো মাথা উঁচু করে সাংবাদিকতা চর্চার সংকল্পে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ।
আর খালিদীর ‘বিশ্বাস, সংস্কৃতি আর মানদণ্ড’ বহন করে প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার কথা এল বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদীর কথায়।
স্মরণসভার সূচনা বক্তব্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বলেন, “একসময় বানানো সূত্রের বরাতে উড়ো খবরও সংবাদ হয়ে ছাপা হয়েছে। তৌফিক ভাই সেই পথটা কঠিন করে দিলেন। খবরের উৎস বলতে হবে, প্রমাণ দেখাতে হবে, সব পক্ষের কথা নিতে হবে। আর গতির আগে নির্ভুলতা। ফলে বেনামি সূত্রের দোহাই দিয়ে গুজব ছড়ানো কঠিন হয়ে গেল। তাছাড়া তিনি সংবাদ আর বিজ্ঞাপনের মাঝখানে দেয়াল তুলে দিলেন। সাংবাদিক উপহার নেবেন না। কোনো দলে যোগ দেবেন না। তাকে দেখে দেশের সংবাদ প্রকাশের চর্চাটাই বদলাতে শুরু করেছিল।”
তিনি বলেন, এই মানদণ্ডের জন্যই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার পাঠকেরা সমীহের সঙ্গে পড়েন এবং নির্ভর করেন।
“কারণ এখানে চমক নেই। উত্তেজনা ছড়িয়ে পাঠক টানার চেষ্টা নেই। আছে নির্ভুলতা আর বিশ্বাসযোগ্যতা।
“সাংবাদিকতার অঙ্গনে তিনি পথ দেখাতেন। কিন্তু নিজের কথা কখনো জোর গলায় বলতেন না। বাইরে থেকে তাকে মনে হতো রাশভারী, কঠোর। কিন্তু যারা কাছে ছিলেন, তারা জানেন, তাদের প্রতি ছিল গভীর মমতা। তরুণদের ভুল করার সুযোগ দিতেন। আবার শুধরেও দিতেন। চাপ এলে নিজের সামনে দাঁড়িয়ে সহকর্মীদের আড়াল করে রাখতেন। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের গল্প বাংলাদেশের মাটিতেই আছে। আর সেই গল্প বিশ্বকে বলতে হবে মাথা উঁচু করে।"
তৌফিক খালিদীর ৩৩ বছরের সহকর্মী বিশ্বদীপ দাশ বলেন, "একজন সম্পাদকের সবচেয়ে বড় উত্তরাধিকার আমার মনে হয় তার গড়া মানুষেরা। আজ দেশের অনেক নিউজরুমে তার হাতে গড়া সাংবাদিকেরা কাজ করছেন; তার মানদণ্ড শিরোধার্য করে।
“কিছুদিন আগে একবার বলেছিলেন, আমরা মাথা উঁচু করে টিকে থাকব। সেই কথা আমরা রাখব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায় আর সাংবাদিকতায় আরও ভালো কিছু করার অদম্য ইচ্ছায় আপনি সঙ্গী হয়ে থাকবেন, তৌফিক ভাই।"
অনুষ্ঠানে বাবার স্বপ্নের কথা শোনাতে গিয়ে তৌফিক খালিদীর সন্তান রাদ বলেন, “তিনি এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবেন, যেখানে সংবাদই হবে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু।
“কথাটা বলা সহজ। কিন্তু দুই দশক ধরে এই বিশ্বাস ও অবস্থান ধরে রাখা মোটেও সহজ নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তার কাছে শুধু একটা প্রতিষ্ঠান বা উদ্যোগ ছিল, এমনটা আমি কখনোই বিশ্বাস করি না। তিনি এটিকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। এর সাফল্যে আনন্দ পেতেন। এর সমস্যা তাকে অস্থির করত। এর ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। এবং সবচেয়ে বেশি বিশ্বাস করতেন এখানকার সহকর্মীদের ওপর, যারা বছরের পর বছর এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছিলেন, এখনও আছেন।”
তিনি বলেন, “আব্বার জীবনের একটি বড় অংশ কেটেছে তার প্রিয় শহর লন্ডনে। শেষ পর্যন্ত সেই শহরেই তিনি চলে গেলেন। সেখানে তার অনেক স্মৃতি, পরিচিত রাস্তা এবং জীবনের গুরুত্বপূর্ণ সময় জড়িয়ে ছিল। হয়তো সেই কারণেই তার জীবনের শেষ অধ্যায়টিও লেখা হলো এমন এক শহরে, যার সঙ্গে তার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল।”
বাবার চলে যাওয়ার পর নিজের দায়িত্বের বিষয়ে রাদ বলেন, “আব্বা চলে যাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই আমি এমন একটি দায়িত্বের সামনে এসে দাঁড়িয়েছি, যার জন্য নিজেকে প্রস্তুত করার কথা কখনো ভাবিনি।
“বাংলাদেশে এসে যখন প্রথম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিসে ঢুকি, জানতাম না ঠিক কীভাবে সবাই আমাকে গ্রহণ করবেন। কারণ আপনারা হারিয়েছেন এমন একজন মানুষকে, যার সঙ্গে অনেকের সম্পর্ক ২০ বছরের, কারও কারও সঙ্গে আরও বেশি সময়ের। আর আমি হারিয়েছি আমার বাবাকে। কিন্তু সেই কঠিন ও অনিশ্চিত সময়ে আমি এমন কিছু পেয়েছি, যা কোনোদিন ভুলব না।”
রাদ বলেন, “আমি জানি, আমার বাবা তৌফিক খালিদীর জায়গা কেউ নিতে পারবেন না, আমিও সেই চেষ্টা করছি না। কোনো মানুষই আরেকজন মানুষের বিকল্প হতে পারেন না। কিন্তু একজন মানুষের বিশ্বাস, তার তৈরি করা সংস্কৃতি, তার কাজের মানদণ্ড ও আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে নেওয়া যায়। আর সেটাই এখন আমাদের সবার দায়িত্ব।
“আমরা চাই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সামনে এগিয়ে যাক তৌফিক ইমরোজ খালিদীর বিশ্বাস, সংস্কৃতি আর মানদণ্ডকে বহন করে।”
