খালিদীর কাছে সাংবাদিকতা মানে ক্ষমতার সামনে দাঁড়িয়ে প্রশ্ন তোলা: বাবার মূল্যায়নে রাদ
“এ বিশ্বাসের জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। চাপ এসেছে, হুমকি এসেছে, মামলা হয়েছে, ওয়েবসাইট বন্ধ হয়েছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ক্ষমতার সামনে দাঁড়িয়ে প্রশ্ন তোলাটাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব হিসেবে দেখতেন বলে মনে করেন তার একমাত্র সন্তান রাদ শারার খালিদী।
বাবাকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, “সাংবাদিকতা তার কাছে কখনোই কেবল একটা পেশা ছিল না। এটা ছিল একটা দায়িত্ববোধ।
“তিনি বিশ্বাস করতেন, ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন তোলা সাংবাদিকতার দায়িত্ব। তথ্য যাচাই করা, যা ঘটছে তা যথাসম্ভব সত্য ও নিরপেক্ষভাবে মানুষের সামনে তুলে ধরা এবং সবচেয়ে বড় কথা, সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা করা। এ বিশ্বাসের জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। চাপ এসেছে, হুমকি এসেছে, খবর সরিয়ে নেওয়ার দাবি এসেছে, মামলা হয়েছে, ওয়েবসাইট বন্ধ হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও একটি বিষয়ে তিনি আপস করেননি। সেটি হল, একটি স্বাধীন সংবাদকক্ষের ধারণা।”
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় এভাবেই বাবাকে স্মরণ করেন রাদ।
বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের এই পরিচালক বলেন, “আমার কাছে তিনি প্রথমে কোনো সম্পাদক ছিলেন না, কোনো প্রতিষ্ঠানের প্রধান ছিলেন না, এমনকি সুপরিচিত একজন সাংবাদিকও ছিলেন না। আমার কাছে তিনি ছিলেন শুধুই বাবা। আমাদের সম্পর্কের একটি বড় জায়গা জুড়ে ছিল তার কৌতূহল। কোনো বিষয়ই তার কাছে খুব ছোট ছিল না। নতুন কিছু দেখলে জানতে চাইতেন, বুঝতে চাইতেন। সেটা রাজনীতি হতে পারে, প্রযুক্তি হতে পারে। নতুন কোনো সিনেমা কিংবা এমন কোনো বিষয়, যার সঙ্গে তার কাজের কোনো সম্পর্ক নেই।
“মাঝেমধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠত আমাদের প্রিয় ফুটবল দল আর্সেনাল। তার সঙ্গে কথা বলতে গেলে অনেক সময় মনে হতো, উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন করতেই বেশি ভালোবাসতেন। আর আমার মনে হয়, কৌতূহলই তাকে এতদিন সাংবাদিকতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রেখেছিল। তিনি জানতে চাইতেন মানুষের কথা, দেশের কথা, পৃথিবীর পরিবর্তনের কথা, প্রযুক্তি কোথায় যাচ্ছে, সাংবাদিকতা কোথায় যাচ্ছে— এসব নিয়ে তার আগ্রহের শেষ ছিল না।”
তৌফিক ইমরোজ খালিদী ২ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান। ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেইন্ট বার্থোলমিউ'স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
১০ অক্টোবর সকালে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছায়। দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত হন।
বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার এই পুরোধাকে নিয়ে এ স্মরণসভা আয়োজন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার। এ আয়োজনে হাজির হন সরকারি অনেক কর্মকর্তা, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন অঙ্গনের মানুষ। তৌফিক ইমরোজ খালিদীর বন্ধু, সহপাঠী ও স্বজনরাও এসেছিলেন স্মরণ অনুষ্ঠানে।
বাবার অনুপস্থিতি নিয়ে রাদ বলেন, “পরিবারের কথা বলতে গেলে তার অনুপস্থিতি আমাদের জন্য এক বিশাল শূন্যতা। কিছু মানুষ চলে যাওয়ার পর বোঝা যায়, দৈনন্দিন জীবনের কত ছোট ছোট মুহূর্তে তিনি জড়িয়ে ছিলেন। একটা ফোন, একটা প্রশ্ন, কোনো খবর নিয়ে হঠাৎ মন্তব্য, কোনো কিছু দেখে ডেকে বলা, ‘এটা দেখছো’— এসব সাধারণ মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে।”
সাংবাদিক হিসেবে বাবার দায়িত্ববোধ নিয়ে রাদ বলেন, “তাকে শুধু একজন বাবা হিসেবে মনে করলে তার জীবনের একটি বড় অংশ অনুচ্চারিত থেকে যাবে। কারণ তার আরেকটি পরিবার ছিল। সে পরিবারের নাম সাংবাদিকতা। আর সেই পরিবারের সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।”
বাবার স্বপ্নের কথা শোনাতে গিয়ে রাদ বলেন, “তিনি এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবেন, যেখানে সংবাদই হবে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু।
“কথাটা বলা সহজ। কিন্তু দুই দশক ধরে এই বিশ্বাস ও অবস্থান ধরে রাখা মোটেও সহজ নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তার কাছে শুধু একটা প্রতিষ্ঠান বা উদ্যোগ ছিল, এমনটা আমি কখনোই বিশ্বাস করি না। তিনি এটিকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। এর সাফল্যে আনন্দ পেতেন। এর সমস্যা তাকে অস্থির করত। এর ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। এবং সবচেয়ে বেশি বিশ্বাস করতেন এখানকার সহকর্মীদের ওপর, যারা বছরের পর বছর এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছিলেন, এখনও আছেন।”
তিনি বলেন, “আব্বার জীবনের একটি বড় অংশ কেটেছে তার প্রিয় শহর লন্ডনে। শেষ পর্যন্ত সেই শহরেই তিনি চলে গেলেন। সেখানে তার অনেক স্মৃতি, পরিচিত রাস্তা এবং জীবনের গুরুত্বপূর্ণ সময় জড়িয়ে ছিল। হয়তো সেই কারণেই তার জীবনের শেষ অধ্যায়টিও লেখা হলো এমন এক শহরে, যার সঙ্গে তার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল।”
বাবার চলে যাওয়ার পর নিজের দায়িত্বের বিষয়ে রাদ বলেন, “আব্বা চলে যাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই আমি এমন একটি দায়িত্বের সামনে এসে দাঁড়িয়েছি, যার জন্য নিজেকে প্রস্তুত করার কথা কখনো ভাবিনি।
“বাংলাদেশে এসে যখন প্রথম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিসে ঢুকি, জানতাম না ঠিক কীভাবে সবাই আমাকে গ্রহণ করবেন। কারণ আপনারা হারিয়েছেন এমন একজন মানুষকে, যার সঙ্গে অনেকের সম্পর্ক ২০ বছরের, কারও কারও সঙ্গে আরও বেশি সময়ের। আর আমি হারিয়েছি আমার বাবাকে। কিন্তু সেই কঠিন ও অনিশ্চিত সময়ে আমি এমন কিছু পেয়েছি, যা কোনোদিন ভুলব না।”
রাদ বলেন, “আমি জানি, আমার বাবা তৌফিক খালিদীর জায়গা কেউ নিতে পারবেন না, আমিও সেই চেষ্টা করছি না। কোনো মানুষই আরেকজন মানুষের বিকল্প হতে পারেন না। কিন্তু একজন মানুষের বিশ্বাস, তার তৈরি করা সংস্কৃতি, তার কাজের মানদণ্ড ও আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে নেওয়া যায়। আর সেটাই এখন আমাদের সবার দায়িত্ব।
“আমরা চাই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সামনে এগিয়ে যাক তৌফিক ইমরোজ খালিদীর বিশ্বাস, সংস্কৃতি আর মানদণ্ডকে বহন করে।”
