মুক্ত সাংবাদিকতার লড়াইয়ে তৌফিক আরও বহুদিন বেঁচে থাকবেন: মুশতাক হোসেন
মুক্ত সাংবাদিকতায় বাধা আসবেই, ‘ক্ষমতার চরিত্রই’ হচ্ছে মুক্ত সাংবাদিকতা, মুক্তমনাকে বাধা সৃষ্টি করা, বলেন তিনি।
মুক্ত সাংবাদিকতার লড়াইয়ে তৌফিক ইমরোজ খালিদী আরও বহুদিন বেঁচে থাকবেন বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন।
তিনি বলেছেন, মুক্ত সাংবাদিকতায় বাধা আসবেই, ‘ক্ষমতার চরিত্রই’ হচ্ছে মুক্ত সাংবাদিকতা, মুক্তমনাকে বাধা সৃষ্টি করা।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় ডা. মুশতাক হোসেন এসব কথা বলেন।
‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের এ আয়োজনে উপস্থিত ছিলেন রাজনীতিক, মন্ত্রী, সাবেক রাষ্ট্রদূত, শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন অঙ্গনের মানুষ। তৌফিক ইমরোজ খালিদীর বন্ধু, সহপাঠী ও স্বজনরাও এসেছিলেন স্মরণ অনুষ্ঠানে।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় স্মৃতিচারণ করেন এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ-ডাকসুর জিএস মুশতাক হোসেন।
সাংবাদিকতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদকের আপসহীন ও বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “মুক্ত সাংবাদিকতায় বাধা আসবেই। পাওয়ারের চরিত্রই হচ্ছে মুক্ত সাংবাদিকতা, মুক্তমনাকে বাধা সৃষ্টি করা।”
তার সৎ ও সাহসী সাংবাদিকতার এই লড়াইকে অব্যাহত রাখার তাগিদ দিয়ে মুশতাক হোসেন বলেন, “তৌফিক যা আমাদেরকে শিখিয়ে গেছে, যে কর্মীবাহিনী তৈরি করে গেছে, ভক্ত-অনুরাগী তৈরি করে গেছে, সেটা যদি আমরা বজায় রাখতে পারি, নিশ্চয়ই তৌফিক আমাদের মাঝে আরও বহুদিন বেঁচে থাকবে। তৌফিকের জন্য ভালোবাসা আমাদের সবারই হৃদয়ে থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের জীবনের স্মৃতিচারণ করে ডাকসুর এই সাবেক জিএস বলেন, “তৌফিকের সাথে প্রথম পরিচয় যখন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে আমরা তুমুল সক্রিয়। তৌফিক সক্রিয় রাজনীতি করতো, তবে তাকে পদ দেওয়া যায়নি।
তিনি বলেন, “তৌফিক একেবারেই নিভৃতচারী ছিল, কিন্তু খুবই সিরিয়াসলি সে ফলো করতো। রাজনৈতিক আন্দোলন কী হচ্ছে না হচ্ছে, এটা করে আমরা পারবো কিনা। এবং একটা অনুসন্ধিৎসু মন, একেবারে কাটায় কাটায় বুঝে নেওয়া যে, ঠিক পথে আমরা আছি কিনা। হয়তো এটা তার ছাত্রজীবন থেকে, স্কুল থেকে এভাবে তার গড়ে ওঠা।”
তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে তার সম্পর্কের কথা উঠে আসে মুশতাক হোসেনে স্মৃতিচারণায়।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সাবেক এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এরশাদ পতনের পর লন্ডনে তার পিএইচডি করতে সেখানে তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে দেখা হওয়ার স্মৃতি তুলে ধরেন।
তিনি বলেন, “হঠাৎ আমাদের আত্মীয়ের বাসায় দেখি তৌফিক এসছে। বিবিসির আরও সাংবাদিক, তাদের সাথে। আমার আগেই, কামাল ভাই এখন আছেন। তৌফিক, তুমি এখানে? বলে, ‘হ্যাঁ, আমি তো বিবিসিতে কাজ করছি’। খুবই, খুব খুশি হলাম।”
