বিবিরবাজার সীমান্তে বিএনপির অবস্থান, ওপারে আওয়ামী লীগ নেতাকর্মীদের আনাগোনার দাবি
অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিএনপির নেতাকর্মীরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্তের ভারত অংশে আনাগোনা করছেন দাবি করে কুমিল্লার বিবিরবাজার সীমান্ত এলাকায় অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুর থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিজিবিসহ এসআরবি ও পুলিশের সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।
বিএনপি নেতা আশিকুর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে। ইতোমধ্যে আমরা শুনেছি তাদের কেউ কেউ সীমান্তের ওপারে ঘুর ঘুর করছেন। তাই আমরা প্রতিবাদ সরূপ এখানে এসেছি।
“আমরা কুমিল্লার সকল সীমান্ত এলাকায় এলাকাবাসীদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি, যাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে। ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।”
এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অংশ নেওয়ার অনুরোধ জানান এই বিএনপি নেতা।
এ সময় সীমান্ত নিরাপত্তা নিয়ে বিবিরবাজারে অবস্থান করা বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। পরে সীমান্ত এলাকায় মোটরসাইকেলের মহড়া দেন তারা।
এদিন বিকালে বিবিরবাজার স্থলবন্দরে বিজিবি সদস্যদের পাশাপাশি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ারসহ বাড়তি পুলিশ এবং এসআরবি সদস্যদেরও দেখা যায়।
