১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

খাতুনগঞ্জে বিএনপি নেতার ব্যবসায়িক কার্যালয়ে হামলার অভিযোগ

এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেছেন শামসুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 06:45 PM

Updated : 17 Nov 2026, 06:45 PM

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিজের ব্যবসায়িক কার্যালয়ে হামলা হওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি নেতা শামসুল আলম।

মঙ্গলবার দুপুরে খাতুনগঞ্জে এমইবি গ্রুপ অব কোম্পানিজের (ইলিয়াস ব্রাদার্স) কার্যালয়ে লাঠিসোঁটা নিয়ে একদল যুবক এ হামলা চালায় বলে শামসুল আলমের দাবি।

এ ঘটনায় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছেন। পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়েছে।

ঘটনার পর নিজ প্রতিষ্ঠানে এসে শামসুল আলম সাংবাদিকদের বলেন, “খাতুনগঞ্জ বাংলাদেশের ব্যবসার প্রাণকেন্দ্র। আমাদের প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এমন হবে তা কখনও কল্পনাও করতে পারিনি।

এ ঘটনার জন্য শামসুল আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের দায়ী করে এর বিচার দাবি করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা নিয়ে ইলিয়াস ব্রাদার্সের কার্যালয়ের দরজার আয়না ভাঙচুর করে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের ধাওয়া করেন।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিষ্ঠানটিতে একদল যুবক হামলা করেছে। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে। তবে কেন এ ঘটনা ঘটেছে, তা আমরা খতিয়ে দেখছি।”

চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ২০০৮ সালে বিএনপির রাজনীতিতে জড়ান। ওই বছর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৯ আসনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

নির্বাচনে তিনি আওয়ামী লীগ নেতা ও সানোয়ারা গ্রুপের কর্ণধার নুরুল ইসলামের কাছে পরাজিত হন।

এরপর শামসুল চট্টগ্রাম নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কোতোয়ালী থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য।

বেশ কয়েক বছর তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। এর মধ্যে ২০১৯ সালে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারেও যেতে হয়েছিল তাকে।

আরও পড়ুন

চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা শামসুল গ্রেপ্তার