চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা শামসুল গ্রেপ্তার
চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির কার্যনির্বাহী সদস্য এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার নগরীর গোলপাহাড় এলাকার নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা।
“দুইটি মামলার সাজা পরোয়ানা ইপিজেড থানায় আসার পর গোল পাহাড় এলাকায় নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
তবে শামসুল আলমের সাজার মেয়াদ জানাতে পারেননি ওসি।
মীর নুরুল হুদা বলেন, ইপিজেড থানা এলাকায় শামসুল আলমের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলোর ঠিকানায় ইপিজেড তার সাজা পরোয়ানা আসে।
এদিকে বিকালে শামসুল আলমকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান।
চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ২০০৮ সালে বিএনপির রাজনীতিতে জড়ান। ব্যবসায়ী শামসুল ওই বছর নবম জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন।
ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ নেতা সানোয়ারা গ্রুপের কর্ণধার নুরুল ইসলাম বিএসসির কাছে পরাজিত হন।
এরপর শামসুল চট্টগ্রাম নগর বিএনপির জ্যৈষ্ঠ সহ-সভাপতি, কোতোয়ালী থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য।
