১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের সেরা মিম, আর কে পেলেন কোন পুরস্কার

২৮তম জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে ৩০ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছে খুলনা বিভাগ।

জাতীয় লিগের সেরা মিম, আর কে পেলেন কোন পুরস্কার

ধারাবাহিক ব্যাটিংয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার মিম মোসাদ্দেক। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 06:55 PM

Updated : 17 Nov 2026, 06:55 PM

মিডল-অর্ডার ছেড়ে ওপেনিংয়ে এসে রানের ফোয়ারা ছোটালেন মিম মোসাদ্দেক। প্রতি ম্যাচে খেললেন অন্তত একটি পঞ্চাশছোঁয়া ইনিংস। সব মিলিয়ে তিন সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৮০০ পেরিয়ে তিনিই পেলেন জাতীয় ক্রিকেট লিগে এবারের সেরা ক্রিকেটারের পুরস্কার।

ব্যাট হাতে আলো ছড়ানোর পাশাপাশি কিপিংয়েও অবদান রাখেন রংপুরের উইকেটকিপার-ব্যাটার মিম। সব মিলিয়ে ১৪ ইনিংসে ৫৭.৪২ গড়ে ৮০৪ রান ও ১৪টি ডিসমিসাল করেন তিনি।

আসরের শেষ দিন তার হাতে ওঠে সেরা ক্রিকেটারের দুই লাখ টাকার অর্থ পুরস্কার।

জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসরের পর্দা নেমেছে মঙ্গলবার। রংপুরকে হারিয়ে রেকর্ড অষ্টমবার ট্রফি ঘরে তুলেছে খুলনা। এবারের আসরের জন্য তৈরি বিশেষ ডিজাইনের শিল্ড ট্রফির পাশাপাশি তারা পেয়েছে ৩০ লাখ টাকা।

সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে প্রায় ৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে খুলনার। সমান ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ সিলেট। তারা পেয়েছে ১৫ লাখ টাকার অর্থ পুরস্কার।

টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারও জিতেছেন মিম। তাতে তার খাতায় যোগ হয়েছে আরও এক লাখ টাকা।

রান সংগ্রাহকদের তালিকায় আর কেউ সাতশও করতে পারেননি। চট্টগ্রামের বাঁহাতি ওপেনার সাদিকুর রহমান ১০ ইনিংসে ৬৯.৭০ গড়ে করেন ৬৯৭ রান। জাতীয় দলে যোগ দেওয়ার আগে ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ৬৭২ রান করেন মাহফিজুল ইসলাম।

উইকেট শিকারির দৌড়ে জমেছিল লড়াই। সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের চেয়ে ৩ উইকেট পিছিয়ে শেষ রাউন্ড শুরু করেন চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। শেষ ম্যাচে দুই ইনিংসে নাসুম পেয়েছেন ৪ উইকেট। আর শেষ দিনে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট নিয়ে নাসুমকে টপকে গেছেন মুরাদ।

Image

জাতীয় লিগের নতুন ডিজাইনের শিল্ড ট্রফি নিয়ে খুলনার উদযাপন। ছবি: বিসিবি

সব মিলিয়ে ১৪ ইনিংসে ৪১ উইকেট নিয়ে এবারের লিগের সর্বোচ্চ উইকেটশিকারি মুরাদ। একবার ৫ উইকেটের পাশাপাশি চারবার তিনি পেয়েছেন ইনিংসে ৪ উইকেট। টুর্নামেন্টের শেষ দিন তার হাতে উঠেছে এক লাখ টাকা পুরস্কার।

বোলারদের তালিকায় পরের নামটি নাসুমের। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ১১ ইনিংসে নেন ৪০ উইকেট। ইনিংসের চারবার ৫ উইকেটের সঙ্গে দুইবার তিনি পান ৪ উইকেট। আর কেউ ৩০ উইকেটও নিতে পারেননি। সেরা পাঁচে একমাত্র পেসার খুলনার সফর আলি, ১২ ইনিংসে ২৪ উইকেট।

এছাড়া সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পান রাজশাহীর নাঈম আহমেদ। এবারের আসরে প্রথম ডাবল সেঞ্চুরিটি করেন ২১ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটসম্যান। সব মিলিয়ে ১৪ ইনিংসে ৪২.৬৯ গড়ে ৫৫৫ রান করে তিনি পান এক লাখ টাকার অর্থ পুরস্কার।