ওপেনিংয়ে ডানহাতির খোঁজেই মাহফিজুলের সুখবর
ডানহাতি ওপেনার তৈরি করা খুব দরকার, মাজফিজুল ইসলামকে দলে নেওয়ার ব্যাখ্যায় বললেন প্রধান নির্বাচক।
চার ম্যাচের মধ্যে তিন সেঞ্চুরি, দুই ফিফটি। এর একটি আবার ডাবল সেঞ্চুরি। জাতীয় ক্রিকেট লিগে এই পারফরম্যান্সে জাতীয় দলের দুয়ার খুলেছে মাহফিজুল ইসলামের সামনে। তবে শুধু রানের নহরই নয়, তার সুখবর পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে জাতীয় দলের সমন্বয়।
দীর্ঘ দিন ধরেই বাংলাদেশের টপ-অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য। বিশেষ করে ওপেনিংয়ে প্রায়ই দেখা যায় দুজন বাঁহাতি ব্যাটসম্যান। এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত থাকায় টপ-অর্ডার পুরোটাই হয়ে যায় বাঁহাতি।
তাই ডানহাতি-বাঁহাতি সমন্বয় তৈরির জন্য এবার সুযোগ দেওয়া হয়েছে তরুণ ওপেনার মাহফিজুলকে।
টেস্ট ক্রিকেটে গত এক যুগে ওপেনিংয়ে নিয়মিত ডানহাতি ওপেনার বলতে খেলেছেন শুধু মাহমুদুল হাসান জয়। অফ ফর্মের কারণে সাম্প্রতিক সময়ে তিনিও দলের বাইরে। তবু দক্ষিণ আফ্রিকা সফরের বিবেচনায় ছিলেন জয়।
জরুরি চিকিৎসাজনিত কারণে দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া যাবে না জয়কে। তাই বিকল্প ডানহাতি ওপেনার হিসেবে মাহফিজুলকেই বেছে নেওয়ার কথা বললেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
“(মাহফিজুল ইসলাম) রবিনকে নিয়ে এসেছি কারণ আমাদের মনে হয়েছে একজন ডানহাতি ওপেনার তৈরি করা খুব দরকার। সেটা আমরা আগেও দেখছিলাম। তো আমাদের হাতে প্রস্তুত তেমন কেউ ছিল না। রবিনকেও আমরা আসলে আরেকটু সময় দিতে চেয়েছিলাম তৈরি হওয়ার জন্য। আমার মতে, সে নিজেকে প্রমাণ করেছে।
“আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে দেখেছি, এ দলের (ইমার্জিং) খেলা দেখেছি, সেখানে তাকে সম্ভাবনাময় মনে হয়েছে। আমাদের টপ-অর্ডারে যেহেতু অনেক বাঁহাতি ব্যাটসম্যান, তাই আমাদের একজন ডানহাতি প্রয়োজন। সেজন্য আমরা রবিনকেই বেছে নিয়েছি।”
শুধু দলীয় সমন্বয় নয়, নিজের পারফরম্যান্সেই সুযোগটি তৈরি করেছেন মাহফিজুল। এবারের জাতীয় লিগের প্রথম পাঁচ ম্যাচে ৭৪.৬৬ গড়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৭২ রান করেছেন ২২ বছর বয়সী ওপেনার।
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে তাকে নেওয়ার ভাবনায় সিলেট টেস্টের শুরু থেকেই মাহফিজুলকে জাতীয় দলের সঙ্গে রেখেছে টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের কোচদের সঙ্গে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগও পেয়েছেন তরুণ ব্যাটসম্যান।
এবারের জাতীয় লিগের ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন মাহফিজুল। চার দিনের ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ৯ ও ৪১ রান করেন তিনি। পরে দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬২ রানের ইনিংস।
পচেফস্ট্রুম ও বেনোনিতে খেলার সেই অভিজ্ঞতা মাহফিজুলকে দলে নেওয়ার পেছনে কাজ করেছে প্রভাবক হিসেবে। তবু শঙ্কা থেকেই যায়, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিকূল কন্ডিশনে তরুণ একজন ব্যাটসম্যানের মানিয়ে নেওয়া আদৌ সহজ হবে কিনা।
এবারের জাতীয় লিগের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে মাহফিজুলের পরিসংখ্যান ছিল নাজুক। ১৪ ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি ছিল স্রেফ একটি করে, গড় ১৮.৯২। প্রধান নির্বাচক বললেন, সব কিছু মাথায় রেখেই চ্যালেঞ্জ নিয়েছেন তারা।
“চ্যালেঞ্জটা নিতে হবে। আসলে যেটা বললাম, আমাদের ব্যাটিং লাইনআপে পরপর চারজন বাঁহাতি হয়ে যায়। যা একটু আনইউজুয়াল। আমরা কিন্তু প্রথম থেকেই একজন ডানহাতি ওপেনার খুঁজছিলাম। তো ডেসপারেটলি বলতে পারেন... জয়ও শেষ সময় অফ ফর্মে চলে গেল, তাই কোনো বিকল্প ছিল না।
“ওই সময় (গত জাতীয় লিগে) সৌম্য সরকার ভালো মৌসুম পার করছিল, তাই ওকে নিয়েছিলাম। তবে এরপর যখন দেখলাম যে রবিনকেই প্রস্তুত মনে হচ্ছে কারণ দক্ষিণ আফ্রিকা সফরে (ইমার্জিং দলে) তিনি ভালো খেলেছেন। যে দলটাতে গিয়েছিলেন, মোটামুটি ভালোই পারফর্ম করেছেন।”
মাহফিজুলের ব্যাটিং শৈলিতে আস্থা রাখার কথাও বলেন হাবিবুল বাশার।
“আমাদের কাছে এখন ওর ব্যাটিংটা দেখে মনে হচ্ছে, সে অনেক গোছানো। আর আমরা এখন যেহেতু ডানহাতি একজন ওপেনার খুঁজছি, তাই তাকে তৈরি করতে হলে এখনই মনে হয় সেরা সময়। এসব চিন্তাভাবনা থেকেই তাকে নেওয়া হয়েছে।”
