১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ বছর, ৬২৯ উইকেট, নাবিল সামাদের ‘আনন্দময়’ পথচলার সমাপ্তি

ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমারদের একজন এই বাঁহাতি স্পিনার ইতি টানলেন তার সুদীর্ঘ ক্যারিয়ারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 05:44 PM

Updated : 18 Nov 2026, 05:43 PM

দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ঘরোয়া ক্যারিয়ারের ইতি টানলেন নাবিল সামাদ চৌধুরী। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ৪০ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

জাতীয় ক্রিকেট লিগের ২০০৩-০৪ মৌসুমে ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয় নাবিলের। তিন সংস্করণ মিলিয়ে ৬২৯ উইকেট নিয়ে শেষ হলো তার খেলোয়াড়ি জীবন।

ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় সিলেটের হয়েই খেলেন ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত এই পারফরমার। প্রায় ২৩ বছরের পথচলার শেষটাও সিলেটের হয়ে করলেন অভিজ্ঞ স্পিনার। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউল রহমান ক্রিকেট স্টেডিয়ামে গত মাসে রংপুরের বিপক্ষে ম্যাচটি হয়ে রইল তার দীর্ঘ ক্যারিয়ারের শেষ ম্যাচ।

সামাজিক মাধ্যমে বুধবার দুপুরে দেওয়া বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান নাবিল।

“এখানেই আমার সমাপ্তি। পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর মধ্য দিয়ে এখানেই আমার পথচলার শেষ। এটি ছিল আমার জীবনের সবচেয়ে মূল্যবান, আনন্দময়, রোমাঞ্চকর এবং আবেগময় এক অধ্যায়, যার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।

“এই যাত্রায় আমার যেমন দারুণ আনন্দের মুহূর্ত ছিল, তেমনি ছিল বিষাদের সময়ও। যা কিছু অর্জন করেছি কিংবা পারিনি, আমি হৃদয়ের গভীর থেকে এই পুরো যাত্রাটি উপভোগ করেছি।”

দীর্ঘ ক্যারিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে সিলেটের হয়েই বেশিরভাগ ম্যাচ খেলেছেন নাবিল। গত কয়েক বছরে শুধু এই দলের হয়েই সীমাবদ্ধ ছিল তার ক্রিকেট অধ্যায়। ২০২৪ সালে সিলেটের প্রথম জাতীয় লিগ শিরোপার অভিযানেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ অংশ।

বিদায়বেলায় সিলেট দলকে ‘পরিবার’ হিসেবে উল্লেখ করে দলটির প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ৪০ বছর বয়সী সদ্য সাবেক এই স্পিনার।

“এই বিশেষ মুহূর্তে আমি আমার প্রথম শ্রেণির দল সিলেট বিভাগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই, যাদের সঙ্গে ২০০৩-০৪ মৌসুম থেকে শুরু করে প্রায় দুই দশকের এক আত্মিক বন্ধন রয়েছে।

“এটি আমার কাছে কেবল একটি দল নয়, বরং একটি পরিবার এবং চারপাশে এমন দারুণ সব ভাইকে পেয়ে আমি সত্যিই সম্মানিত ও সৌভাগ্যবান। যেকোনো উপায়ে সিলেটের ক্রিকেটের এই ঋণ শোধ করতে পারলে বা কোনো কাজে আসতে পারলে আমি কৃতজ্ঞ থাকব।”

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো না হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার ছিলেন নাবিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৫ ম্যাচে তার শিকার ৩৮১ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৮ বার এবং ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ২ বার। সেরা বোলিং ফিগার ৬১ রানে ৮ উইকেট।

এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫৬ ম্যাচে ১৮১ উইকেট এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮৯ ম্যাচে ৬৬ উইকেট রয়েছে তার ঝুলিতে। ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), কোচ, সতীর্থ এবং ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিল।

“বিসিবি এবং সেই সব শ্রদ্ধেয় কোচ ও সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই, যাদের সঙ্গে আমি খেলেছি। বিগত বছরগুলোতে তাদের সম্মানজনক দলে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ডিপিএলের অসংখ্য ক্লাব এবং বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিও আমি কৃতজ্ঞ।”