১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩ জেলে

ট্রলারে দুপুরের রান্না করার সময় হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 06:58 PM

Updated : 17 Nov 2026, 06:58 PM

বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘাটে নোঙর করা একটি মাছ ধরা ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জেলে দগ্ধ হয়েছেন; যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার মাছের খাল বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রলার মালিক দুলাল খান।

দগ্ধরা হলেন- উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের কালু খানের ছেলে আলম খান (৪৫), নজরুল ঘরামীর ছেলে বাঁকা বিল্লাহ (৪৫) এবং মকফের খানের ছেলে দুলাল খান (৫৫)।

গুরুতর দুইজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অপর আহত দুলাল পাথরঘাটা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইস্মিতা বলেন, দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে। অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্রলার মালিক দুলাল খান বলেন, “বাজার সদাই করে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরার জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। দুপুরের খাবার খেয়ে সাগরের উদ্দেশ্যে রওনা হব। ট্রলারে দুপুরের রান্না করছিলেন বাবুর্চি। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।”

বাকি ১১ জেলে ট্রলারে না থাকায় তারা বেঁচে যান বলে জানিয়েছেন তিনি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বাঁকা বিল্লাহর পুরো শরীর পুড়ে গেছে। আলমের মাথা কেটে এবং পুড়ে যাওয়ায় ছয়টি সেলাই দেওয়া হয়। ট্রলারের মালিক দুলাল খানের দুপা পুড়ে গেছে।