০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

টেকনাফে নৌকায় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ৫

সাগরে জাল ফেলে মাছ ধরার জন্য অপেক্ষা করার সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়।

টেকনাফে নৌকায় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ৫

সোমবার দুপুরে ছয় জেলে উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 11:41 AM

Updated : 03 Nov 2026, 11:56 AM

টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের প্রাণ গেছে। আহত হয়েছে আরও পাঁচ জেলে।

সোমবার রাত ১টার দিকে সদর ইউনিয়নের উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে। এতে নিহত জেলের নাম মো. হোসেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন বলেন, “সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”

৪৫ বছর বয়সী মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করে আসছিলেন।

এ ঘটনায় আহত জেলেরা হলেন- আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫) শফি আলম ও হামিদুল হক। তারা সবাই টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।

নৌকার মাঝি হামিদুল হক বলেন, সোমবার দুপুরে তিনিসহ ছয়জন জেলে উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। মঙ্গলবার রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়।

“এক পর্যায়ে বজ্রপাত আমাদের নৌকায় আঘাত করলে মো. হোসেন গুরুতর আহত হন। এ সময় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।”

আহত পাঁচ জেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে নৌকার মালিক আবদুল আমিন জানান।