১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মা ইলিশ ধরার অভিযোগে ২৫ জেলে আটক, জাল-নৌকা জব্দ

১৪ জনের বিরুদ্ধে নৌ-পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

চাঁদপুরে মা ইলিশ ধরার অভিযোগে ২৫ জেলে আটক, জাল-নৌকা জব্দ

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 03:55 PM

Updated : 25 Oct 2026, 04:53 PM

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে চাঁদপুরে ২৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

এ সময় মাছ ধরার পাঁচটি নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি মাছ জব্দ করা হয়।

শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান চাঁদপুর নৌ-থানার নৌ থানার ওসি মো. আজমগীর হোসেন জানান।

তিনি বলেন, “আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক। তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌ-পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে।

“অভিযানে মাছ ধরার পাঁচটি নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।”

মা ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বাড়াতে প্রতিবছর নির্দিষ্ট সময়ে নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নজরদারি ও অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ওসি মো. আজমগীর হোসেন জানিয়েছেন।