সাগরে অবৈধ ট্রলিং জাল দিয়ে মাছ শিকার, হাঙর-শাপলাপাতা মাছ জব্দ
এ ঘটনায় আটক ২০ জেলের মধ্যে একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কক্সবাজারের সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে অবৈধভাবে ট্রলিং জাল দিয়ে মাছ ধরার অভিযোগে একটি ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় আহরণ নিষিদ্ধ একটি হাঙর, শাপলাপাতা মাছসহ পাঁচটি ট্রলিং জাল জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ২০ জেলের মধ্যে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ১৯ জেলেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সোমবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।
তিনি বলেন, রোববার বিকাল ৫টার দিকে সেন্ট মার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে বঙ্গোপসাগরে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। আটক করা হয় ২০ জেলেকে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। সেইসঙ্গে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যাহত হচ্ছে।
জব্দ করা মাছ টেকনাফ উপজেলার কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সামুদ্রিক পরিবেশ, বিপন্নপ্রায় প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
