১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৪৪ জেলেকে কারাদণ্ড

মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সাড়ে চার লাখ মিটার কারেন্ট জাল ও ১৭টি নৌকা জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 08:21 PM

Updated : 14 Oct 2026, 08:21 PM

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম সাত দিনে অভিযান চালিয়ে ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার দুপুরে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মুহতাছিন ইসলাম।

কোস্ট গার্ড জানায়, ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে ৪ লাখ ৬৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল, ৯০ কেজি মা ইলিশ এবং ১৭টি নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আটক ৫২ জেলের মধ্যে ৪৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ছাড়া অসচেতন জেলেদের কাছ থেকে ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মুহতাছিন ইসলাম বলেন, ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

যে কোনো অনিয়মের তথ্য দিতে তিনি জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের আহ্বান জানান।