চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুই জেলের কারাদণ্ড
জেলেদের প্রত্যেককে ১৩ দিন করে কারাদণ্ড এবং ৪০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার ক্ষতিকর কারেন্ট জাল এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রোববার রাতে বলেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ দল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, হরিণা ও বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের সময় হাতেনাতে ওই দুই জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ আটক জেলেদের প্রত্যেককে ১৩ দিন করে কারাদণ্ড এবং ৪০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সহকারী মৎস্য কর্মকর্তা বলেন, জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় দুস্থ ও এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
