এসএকিউএস স্বীকৃতি পেল এনএসইউর ব্যবসায় শিক্ষা অনুষদ
অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া এ স্বীকৃতি দিয়েছে।
দক্ষিণ এশিয়ার ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান যাচাইয়ের জন্য স্বীকৃত সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেমের (এসএকিউএস) স্বীকৃতি পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস।
বুধবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (এএমডিআইএসএ) এনএসইউকে এ স্বীকৃতি দিয়েছে।
শিক্ষার মান, গবেষণা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড পূরণকারী ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ স্বীকৃতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ হিসেবে অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) স্বীকৃতি পেয়েছিল এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস।
এ অর্জনকে বিশ্ববিদ্যালয় ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের জন্য গর্বের বিষয় উল্লেখ করে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলছেন, তারা এমন উদ্যোক্তা ও নেতৃত্ব তৈরি করতে চান, যারা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন।
তিনি বলেন, “এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রমের আন্তর্জাতিক মান এবং আঞ্চলিক অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্যের প্রতিফলন।”
এ অর্জনে সংশ্লিষ্ট প্রকল্প দল, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অংশীজনদের অবদানের কথা উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
