এইচএসসিতে ১৫ শতাংশের নিচে পাস করা কলেজকে একীভূত করার প্রস্তাব
কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার শূন্য থেকে ১৫ শতাংশের নিচে থাকা কলেজগুলোকে ভালো ফল করা প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার মতামত দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার বিকালে কুমিল্লা শিক্ষা বোর্ডে শূন্য পাসের হার থাকা ১৫টি কলেজের প্রধানের সঙ্গে জরুরি সভা শেষে এ কথা জানান বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।
তিনি বলেন, সর্বনিম্ন পাসের হারের কলেজগুলোর ক্ষেত্রে একীভূত করার প্রস্তাব দেওয়া হবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, কুমিল্লা বোর্ডের অধীন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
কোনো কোনো প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর বিপরীতে চারজন শিক্ষক থাকলেও পাসের হার ছিল শূন্য। এমনকি দু-একটি প্রতিষ্ঠানে মাত্র একজন শিক্ষার্থী নিয়েই চলছিল উচ্চমাধ্যমিক শাখার শিক্ষা কার্যক্রম।
বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পাসের হার শূন্য থাকা ১৫টি প্রতিষ্ঠানের প্রধানকে তলব করে শিক্ষা বোর্ড। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও কলেজ পরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে খারাপ ফলাফলের কারণ জানতে চাওয়া হয়।
সভা শেষে বোর্ড চেয়ারম্যান আহসান পারভেজ বলেন, “যেসব প্রতিষ্ঠানে শূন্য থেকে ১৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, সেগুলো মূলত আবেগ কিংবা দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে সঠিকভাবে পরিচর্যা করা হয়নি। কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই। প্রতিষ্ঠান প্রধানরাও স্বীকার করেছেন, এগুলো চালানো এখন তাদের জন্য বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, “একজন বা দুজন শিক্ষার্থীকে জোর করে ধরে এনে পড়ানো সম্ভব নয়। এসব প্রতিষ্ঠানের কারণে পুরো বোর্ডের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই আমরা এগুলোকে একীভূত করার চিন্তা করছি। শিক্ষা মন্ত্রণালয়ে আমরা এ বিষয়ে মতামত পাঠাব, সিদ্ধান্ত তারাই নেবে।”
কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন যে ১৫টি কলেজে কেউ পাস করতে পারেনি সেগুলোর মধ্যে রয়েছে- চাঁদপুর সদরের চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, মতলব দক্ষিণের ড. এম শামসুল হক মডেল কলেজ, কুমিল্লার লালমাইয়ের সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজ, চৌদ্দগ্রামের বগৈর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণপাড়ার প্রফেসর সিকান্দার আলী ভূঁইয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ।
এ ছাড়া লক্ষ্মীপুরের ক্যামব্রিজ সিটি কলেজ, কমলনগরের তুরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, ফজু মিয়ার হাট হাই স্কুল অ্যান্ড কলেজ, সদরের বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দীন আলোকিত কলেজ ও লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ; ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিকন মডেল কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ রয়েছে এই তালিকায়।
এ বছর কুমিল্লা বোর্ডের অধীন শতভাগ পাস করা চারটি প্রতিষ্ঠান হলো- কুমিল্লা সদরের ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, মেঘনার মুজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজ।
