৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

এইচএসসি: কুমিল্লার ৩ প্রতিষ্ঠানে একজন করে পরীক্ষার্থী, তাও পাস করেনি

এ তিনটিসহ এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের শতভাগ ফেলের তালিকায় আছে মোট ১৫ প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 02:43 PM

Updated : 31 Oct 2026, 02:43 PM

পুরো প্রতিষ্ঠান থেকে একজন মাত্র এইচএসসি পরীক্ষার্থী, কিন্তু সেও পাস করতে পারেনি- কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এমন তিন প্রতিষ্ঠানের হদিস মিলেছে।

এগুলো হলো- কুমিল্লা লালমাইয়ের সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর পৌর শহীদ জাবেদ হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর জেলার ক্যামব্রিজ সিটি কলেজ।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না কিংবা কী ধরনের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম।

এ তিনটিসহ এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের শতভাগ ফেলের তালিকায় আছে মোট ১৫ প্রতিষ্ঠান।

অন্যগুলো হল- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের বগইর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর জেলার মতলব দক্ষিণের ডা. এম শামসুল হক মডেল কলেজ, ফেনী সদর উপজেলার বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর জেলার বীর মুক্তিযোদ্ধা ডা. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সিকান্দর আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, নোয়াখালী জেলার বেগমগঞ্জের উপপের মডেল কলেজ, লক্ষ্মীপুর সদরে লক্ষীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ, ফেনীর সদর উপজেলার বিকন মডেল কলেজ।

অন্যদিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া মোট ৪৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান।

সেগুলো হলো- কুমিল্লা ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লার সদর উপজেলার ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজ, কুমিল্লার মেঘনা উপজেলার মোজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ৷

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএস পরীক্ষায় বিগত বছরের চেয়ে পাশের হার কিছুটা কমলেও জিপিএ-৫ কমে এসেছে অর্ধেকে। সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন। এবারও এইচএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে মেয়েদের ফলাফল ভাল হয়েছে।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবার এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারছে।