গোপালগঞ্জে মোবাইলে লেনদেন করতে না পারায় ভোগান্তিতে গ্রাহক, ‘ব্যবসায় ক্ষতি’
বুধবার রাত থেকে এ সমস্যা দেখা দিয়েছে বলে তারা অভিযোগ করেন। শুক্রবারও সেটি অব্যাহত রয়েছে।
গোপালগঞ্জে দুদিন ধরে বিকাশ, নগদসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যক্তিগত হিসাব থেকে লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক।
বুধবার রাত থেকে এ সমস্যা দেখা দিয়েছে বলে তারা অভিযোগ করেন। শুক্রবারও সেটি অব্যাহত রয়েছে।
প্রথমে গ্রাহকরা বিষয়টি বুঝতে পারেননি। কেউ টাকা তুলতে গিয়ে, কেউ টাকা পাঠাতে বা অন্য লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হেল্পলাইনে যোগাযোগ করে কিংবা পরিচিতদের কাছ থেকে খোঁজ নিয়ে অ্যাকাউন্ট বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন।
শুক্রবারও অ্যাকাউন্ট বন্ধ থাকায় বিকাশ, নগদ, রকেটসহ বেশ কিছু মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকেরা টাকা তুলতে, পাঠাতে ও জরুরি লেনদেন করতে পারেননি। অ্যাকাউন্ট বন্ধের কারণ ও কত দিন এ অবস্থা থাকবে, তা জানতে না পেরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে গ্রাহকরা লেনদেন করতে না পারলেও এমএফএস প্রতিষ্ঠানগুলোর এজেন্ট অ্যাকাউন্ট চালু রয়েছে। তারা লেনদেন করতে পারছেন। এজেন্ট অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিলসহ অন্যান্য সরকারি সেবার সব ধরনের পেমেন্ট করা যাচ্ছে।
বিকাশ, নগদ, রকেট ও উপায় ডিস্ট্রিবিউটর হাউস থেকে জানা গেছে, গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিংয়ের দুই লাখের অধিক গ্রাহক রয়েছে। এদের মধ্যে সিংহভাগ গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি আবেদনকারী শিক্ষার্থীরা। তারা ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং হিসাব থেকে আবেদনের ফি দিতে পারছেন না। তবে শহরের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ভর্তির আবেদন করে এজেন্ট অ্যাকাউন্ট থেকে তারা টাকা দিচ্ছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের পুরাতন লঞ্চঘাট রোডের হাফিজ টেলিকমের সত্ত্বাধিকারী হাফিজ খানের দোকানে গিয়ে দেখা গেছে, তিনি এক বিকাশ গ্রাহকের টাকা পেমেন্ট দিচ্ছেন। কিন্তু আশাপাশের বিকাশ, নগদ, রকেট ও উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে এজেন্টদের পাওয়া যায়নি।
হাফিজ টেলিকমের সত্ত্বাধিকারী হাফিজ খান বলেন, “আমার পয়েন্টে প্রতিদিন ৫০০ মানুষের সঙ্গে লেনদেন হয়। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ৪৫ থেকে ৫০ জনের সঙ্গে। অনেকে বাজার করে পেমেন্ট দেওয়ার জন্য আমার কাছে টাকা তুলতে এসেছেন। কিন্তু অ্যাকাউন্ট সাময়িক বন্ধ থাকায় টাকা তুলতে পারেননি। পরে দোকানে বাজার রেখে ফিরে গেছেন।
“এ ছাড়া অনেকে ওষুধ কিনতে এসে মোবাইল ব্যাংকিং থেকে টাকা তুলতে ব্যর্থ হয়েছেন। ফলে অনেকে ওষুধ কিনতে পারেননি। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেক গ্রাহক তাদের অ্যাকাউন্টে থাকা টাকা তুলে নিচ্ছেন। তবে এজেন্ট অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল ও সরকারি সব সেবার পেমেন্ট করা যাচ্ছে।”
মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনকারী তৃষা বসু বলেন, “মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করি। আমার পার্সোনাল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে গিয়ে দেখি, সেটি সাময়িক বন্ধ করা হয়েছে। তাই পেমেন্ট করতে পারিনি।
“আমার মতো অনেক শিক্ষার্থী মেডিকেল, বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার আবেদনের ফি প্রদান নিয়ে বুধবার থেকে ভোগান্তিতে পড়েন। পরে শুক্রবার সন্ধ্যায় শহরের বটতলা রোডের মা টেলিকম থেকে আবেদন করেছি। পেমেন্টও মা টেলিকমের এজেন্ট নম্বর থেকে করেছি। এভাবেই এখন শিক্ষার্থীরা ভর্তির আবেদন করছেন। তাই কম্পিউটারের দোকানগুলোতে ভিড় লেগে রয়েছে।”
মা টেলিকমের সত্ত্বাধিকারী সুব্রত সিকদার বলেন, “অধিকাংশ পার্সোনাল মোবাইল ব্যাংকিং বন্ধ । আমারও পার্সোনাল অ্যাকাউন্ট বন্ধ। সেখানে নয় হাজার টাকা আটকে আছে। শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে ভর্তির আবেদন করলেও পেমেন্ট দিতে পারছেন না। তাই আমাদের এখানে মেডিকেল, বিশ্ববিদ্যালয়, নার্সিং ও বুয়েট ভর্তি পরীক্ষায় আবেদনের চাপ বেড়েছে। আমাদের এজেন্ট অ্যাকাউন্টের টাকা শেষ হলে আমরা আর সেবা দিতে পারব না।”
গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড়ের বাসিন্দা আরাফাত হোসেন বলেন, “কী কারণে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, কিংবা কত দিন অ্যাকাউন্ট বন্ধ থাকবে, এসব বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। তাই অ্যাকাউন্ট নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছি। অ্যাকাউন্টে ১ লাখ টাকা আটকা পড়ে আছে।”
শহরের গো-হাটা এলাকার এজেন্ট মাসুম টেলিকমের সত্ত্বাধিকারী মাসুম চৌধূরী বলেন, “আমি বিকাশ, নগদ, রকেট থেকে ডিস্ট্রিবিউটরের সার্ভিস পাচ্ছি না। আমার যে ব্যালেন্স ছিল, তা শেষ হয়ে গেছে। এ কারণে লেনদেন করতে পারছি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ গ্রাহক ফেরত গেছেন। ব্যবসাও বন্ধ হয়ে গেছে। আজ আয় করতে পারিনি। তাই দ্রুত সার্ভিস চালুর দাবি জানাচ্ছি।”
শহরের পাঁচুড়িয়া এলাকার বাসিন্দা দিনমজুর আল আমিন সিকদার বলেন, “মেয়ে হাসপাতালে ভর্তি। ওষুধ কিনতে গিয়ে দেখি বিকাশ বন্ধ। তাই পেমেন্ট দিতে পারিনি। পরে ধারদেনা করে টাকা দিয়েছি।”
শহরের বড় বাজারের মুদি ব্যবসায়ী কদর আলী বলেন, “অনেকেই বাজার করে, পেমেন্ট দিতে না পেরে ফিরে গেছেন। তাদের মোবাইল অ্যাকাউন্টে টাকা আটকে গেছে বলে জানিয়েছেন।”
শহরের বড় বাজারে বাজার করতে আসা রহিমা বেগম বলেন, “সামনে দুই দিনের লকডাউন রয়েছে। তাই শুক্রবার বাজারে এসেছিলাম বাজার করতে। কিন্তু মেবাইলে আটকাপড়া টাকা তুলতে পারিনি। পরে ধারদেনা করে বাজার করেছি।”
একই ধরনের কথা বলেন হালিমা রহমান ও নাজনীন আক্তারও।
গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী রোডের নগদ ডিস্ট্রিবিউটর হাউসের প্রধান শেখ মুজাহিদুল ইসলাম বলেন, “এরই মধ্যে স্থানীয় প্রশাসন কয়েকটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট ও পরিবেশকদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জেলায় আর্থিক লেনদেন সীমিত রাখার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করছি।”
এ ব্যাপারে জানতে জেলা প্রশাসক জি এস সরফরাজের মোবাইলে ফোন দিলেও তিনি ধরেননি।
