গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক
বিধি অনুযায়ী কিছু অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখা হয়েছে, বলেছে বিকাশ।
গোপালগঞ্জে বিকাশ, নগদসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক।
বুধবার রাত থেকে এ সমস্যা দেখা দেওয়ার বিষয়ে তারা অভিযোগ করছিলেন।
ওই গ্রাহকরা বলেছেন, কারও হিসাবে টাকা আটকে আছে, কেউ টাকা পাঠাতে পারছেন না, আবার কেউ এজেন্টের কাছ থেকে টাকা তুলতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দিনভর অনেক গ্রাহক অ্যাকাউন্ট সাময়িক বন্ধের বার্তা পেয়েছেন।
তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, গোপালগঞ্জের মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ব্যাংক নতুন করে কোনো নির্দেশনা দেয়নি।
তিনি বলেন, “বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আইন ও এমএফএস গাইডলাইন মেনে লেনদেন করতে হয়। কোনো এমএফএস প্রতিষ্ঠান সন্দেহজনক লেনদেন দেখতে পেলে নিয়ম অনুযায়ী সেই অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করতে পারে।
“কারণ, এমএফএস প্রতিষ্ঠানগুলোকে সব সময় সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন (এসটিআর) জমা দিতে হয়।”
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্টে টাকা থাকলেও তা ব্যবহার করতে পারছেন না। শহরের বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়েও অনেকে টাকা তুলতে না পেরে ফিরে গেছেন।
গ্রাহকদের কাছে পাঠানো বার্তায় বলা হয়েছে, “স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে দুঃখিত।”
ডিস্ট্রিবিউটর ও এজেন্টদের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিকাশের প্রায় এক হাজার ৪০০ এবং নগদের এক হাজার ৭৫০ জন এজেন্ট রয়েছেন। বৃহস্পতিবার বিকাশের ডিস্ট্রিবিউটর থেকে এজেন্টদের টাকা দেওয়া হয়নি। নগদের এজেন্টরা টাকা পেয়েছেন।
বিকাশের ডিস্ট্রিবিউটর হাউসের প্রধান শেখ মুজাহিদুল ইসলাম বলেন, গোপালগঞ্জে বিকাশ, নগদ, উপায় ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবায় সমস্যা হচ্ছে। এতে গ্রাহক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে খোলা অনেক অ্যাকাউন্টে লেনদেনের সমস্যা দেখা দিয়েছে। ঘন ঘন বড় অঙ্কের টাকা লেনদেন হয়, এমন অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে,
এ কারণে সমস্যা হতে পারে বলে তিনি ধারণা করছেন।
বৃহস্পতিবার এজেন্টদের টাকা সরবরাহ করা হয়নি বলেও জানান সজিব।
গোপালগঞ্জে এমএফএস হিসাব পরিচালনায় গ্রাহক ভোগান্তির বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, “এমএফএস বিধিমালা অনুযায়ী, কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী তদন্ত শেষে এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।”
অন্যদিকে রকেটের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান বলেন, অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে তারা সরকারি বা দাপ্তরিক কোনো নির্দেশনা পাননি। তবে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। তাদের গ্রাহকসেবায় যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে লেনদেন করতে না পেরে দৈনন্দিন খরচ মেটাতে সমস্যায় পড়েছেন অনেকে। পরিবারের খরচ, চিকিৎসা ও কৃষিকাজের জন্য টাকা পাঠাতে পারছেন না তারা।
শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস বলেন, তার বিকাশে সাড়ে ৫ হাজার টাকা ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, অ্যাকাউন্টটি বন্ধ। হাতে টাকা না থাকায় ধার করে সংসারের জিনিস কিনতে হয়েছে তাকে।
শহরের মাদ্রাসা রোডের ক্ষুদ্র ব্যবসায়ী মো. সালাহউদ্দিন মোল্লা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে বার্তা দিয়ে তার বিকাশ বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে তিনি লেনদেন করতে পারছেন না।
পাওয়ার হাউস মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ বলেন, ধানের বীজ কেনার জন্য বাবার কাছে ৭ হাজার টাকা পাঠাতে গিয়ে দেখেন, তার বিকাশে লেনদেন বন্ধ। এতে বীজ কিনতে দেরি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তামান্না পারভীন নামে এক নারী বলেন, তার ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। বিকাশে সমস্যা হওয়ায় ছেলের কাছে টাকা পাঠাতে পারছেন না তিনি।
শাকিল আহমেদ নামে এক গ্রাহক বলেন, তার বিকাশ অ্যাকাউন্টে ৬৫ হাজার টাকা আটকে আছে। এতে ব্যবসার কাজও আটকে গেছে।
তার দাবি, বৃহস্পতিবার টাকা তুলতে এসে ৫০ থেকে ৫৫ জন গ্রাহক এজেন্ট পয়েন্ট থেকে ফিরে গেছেন।
বিকাশের একাধিক এজেন্টও তাদের অ্যাকাউন্টে টাকা আটকে থাকার কথা জানিয়েছেন। তারা সাধারণ গ্রাহকদের লেনদেন চালুর দাবি জানান।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, সন্দেহজনক অ্যাকাউন্ট বন্ধ করায় আপত্তি নেই। তবে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে নজর দিতে হবে।
