২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ‘গণপিটুনিতে’ জেল পলাতক আসামি নিহত

তিনি ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 10:41 PM

Updated : 26 Nov 2026, 10:41 PM

নরসিংদীর পলাশ উপজেলায় ‘গণপিটুনিতে’ জেল পলাতক এক আসামি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশ থানার ওসি শাহেদ আল মামুন।

নিহত জালাল (৪৫) নোয়াকান্দা গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান।

ওসি শাহেদ বলেন, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল এলাকায় থাকতেন না। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন।

এদিন রাতে তাকে গ্রামের নুরুদ্দিনের কলাবাগানে দেখতে পেয়ে একদল লোক পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।