দুই সন্তানকে হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’, স্বামীকে লাশ না ছোঁয়ার অনুরোধ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুই শিশুসন্তানকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে এক নারী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলার বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিরিরবন্দর থানার ওসি মাহমুদ-উন-নবী।
নিহতরা হলেন- ওই গ্রামের শাকিলের স্ত্রী স্বর্ণা আখতার (২৩), তার চার বছরের ছেলে সাফায়াত এবং এক বছরের মেয়ে রাইসা।
পুলিশ ও স্বজনরা জানান, শাকিল মাদকাসক্ত। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত। সন্ধ্যার পর শাকিলসহ বাড়ির অন্যরা বাজারে গেলে স্বর্ণা তার দুই ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন বাসায় ফিরে তাদের মৃত অবস্থায় দেখতে পান। মৃত্যুর আগে স্বর্ণা ঘরের দেয়ালে লেখেন, ‘আমাদের লাশ যেন শাকিল না ছোঁয়’। তবে কি কারণে স্বর্না আত্মহত্যা করেছেন এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি পুলিশ।
খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মাহমুদুল-উন-নবী।
