উত্তরখানে ঘরে গলায় ওড়না প্যাঁচানো নারীর লাশ, স্বামী গ্রেপ্তার
পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে।
রাজধানী উত্তরখান থানা হেলাল মার্কেট মেরাদিয়া রোড সংলগ্ন একটি বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই নারীর স্বামীকে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে।
উত্তরখান হেলাল মার্কেট মেরাদিয়া রোড সংলগ্ন সোনালী পাবনা এলাকার একটি দশতলা ভবনে একটি ফ্ল্যাট থেকে রোববার রাত পৌনে ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সানজিদা আক্তার ইমা (২২) পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের এবিএম শফিকুল ইসলামের মেয়ে।
উত্তরখান থানার এসআই নিসার আলী তিতুমীর বলেন, “দশতলা ভবনের ৯/এফ ফ্লোরের একটি রুমের ভিতর থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে লাশ পড়ে ছিল। আমাদের ধারণা স্বামী আমিনুর রহমান শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে।
“তবুও ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ওই নারীর স্বামী আমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।”
নিহতের চাচা সাইফুল ইসলাম বলেন, “আমার ভাতিজির সঙ্গে আমিনুরের ১১ মাস আগে বিয়ে হয়। ওরা দুজনই পড়াশোনা করত। বিদেশে যাওয়ারও কথা ছিল ইমা ও আমিনুরের। বিয়ের আগে স্বামী স্ত্রী দুজনেই পাবনা এডওয়ার্ড কলেজে পড়াশোনা করত এবং সেখান থেকেই তাদের সম্পর্ক এবং বিয়ে হয়। বিয়েতে আমার বাবা মা রাজি ছিল না। ৭/৮ মাস আগে তারা ভালো কিছুর আশায় ঢাকা আসে।
“আমার ভাতিজিরা ৩ বোন। দুজন দেশের বাইরে থাকে। তার মধ্যেও সানজিদা ছিল ছোট। এই ঘটনার পর আমরা ইমার স্বামীর বিরুদ্ধে মামলা করেছি।”
নিহতের বাবা এবিএম শফিকুল ইসলাম কাঁদতে কাঁদতে বলেন, “পরিবারের অমতে আমার মেয়ে বিয়ে করে। আমরা রাজি ছিলাম না। শুধুমাত্র মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়ে দিছিলাম। আমার মেয়ে সুখে থাকবে বলে তার সংসারে টাকা পাঠাতাম। আর আমার মাইয়াডারে মাইরা ফালাইল।”
