ডেমরায় নিখোঁজের ৪ দিন পর প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার
পুলিশের সুরতহাল প্রতিবেদনে ছেলে শিশুটিকে ‘ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার’ বর্ণনা দেওয়া হয়েছে।
ঢাকার ডেমরায় নিখোঁজের চার দিন পর মানসিক প্রতিবন্ধী ১১ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে ডেমরার মালা মার্কেট বোতল ফ্যাক্টরির পেছনে বালুর মাঠে কাশফুলের ঝোপ থেকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন ডেমরা থানার এসআই শায়ক খসরু।
বুধবার দুপুরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরিফ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি স্থানীয় একটি দোকানের কর্মচারী।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে ছেলে শিশুটিকে ‘ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার’ বর্ণনা দেওয়া হয়েছে।
শিশুটির মামাতো ভাই বলেন, শিশুটি মানসিক প্রতিবন্ধী। পরিবারের সঙ্গে ডেমরা মালা মার্কেট এলাকায় বসবাস করছিল। গত ৭ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। অনেক খুঁজে না পেয়ে পরদিন ডেমরা থানায় জিডি করা হয়।
তিনি বলেন, “পরে সিসিটিভি ভিডিওতে মালা মার্কেট বোতল ফ্যাক্টরির পেছনে শিশুটিকে যেতে দেখা যায়। ওই ভিডিওর সূত্র ধরে আরিফকে জিজ্ঞাসাবাদ করলে সে ‘উল্টাপাল্টা কথা বলে’। এরপর ১০ নভেম্বর বিকালে ফ্যাক্টরির পেছনে বালুর মাঠে খেলার সময় শিশুরা কাশবনের ঝোপ থেকে বল আনতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে।”
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আরিফ হোসেনকে আটক করে।
